• ই-পেপার

পবিত্র হজ আজ

লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান

সামনে দিয়ে বিড়াল হেঁটে যাওয়া কি আসলেই অশুভ? জেনে নিন ইসলাম কী বলে

অনলাইন ডেস্ক
সামনে দিয়ে বিড়াল হেঁটে যাওয়া কি আসলেই অশুভ? জেনে নিন ইসলাম কী বলে
সংগৃহীত ছবি

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার হলো—কোনো ভালো কাজে বের হওয়ার সময় সামনে দিয়ে বিড়াল হেঁটে গেলে বা রাস্তা পার হলে যাত্রা অশুভ হয়। অনেকেই একে অমঙ্গলের লক্ষণ মনে করে কাজ থেকে বিরত থাকেন কিংবা ভিন্ন পথ ধরেন। কিন্তু ঘরের আশেপাশে ঘুরে বেড়ানো নিরীহ এই প্রাণীটিকে ঘিরে এমন ধারণা পোষণ করার কি আদৌ কোনো ভিত্তি আছে ইসলামে? পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিড়াল পোষা, এর প্রতি মানবিক আচরণ এবং আমাদের সমাজে প্রচলিত এই ‘অশুভ’ ধারণার আসল সত্যটি জানা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি।

ইসলামে বিড়াল পালনের অনুমতি রয়েছে। অনেক সাহাবীও বিড়াল পালতেন। তবে বিড়াল পোষার শর্ত হলো অবশ্যই বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে এবং তাকে ঠিকমতো খাবার দিতে হবে। কারণ, শুধুমাত্র একটি বিড়ালের প্রতি অন্যায়ের ফলে হাদিসে এক নারীকে কঠিন শাস্তি দেয়ার কথাও এসেছে।

আবদুল্লাহ ইবনু উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- একজন নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। পরে ওই অবস্থায় বিড়ালটি মারা যায়। এজন্য ওই নারীর পরিণতি হয় জাহান্নাম। কারণ, সে বিড়ালটিকে দানা-পানি কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজ খুশিমতো জমিনের পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকত। (সহিহ বুখারি, হাদিস : ৩২৩৬)

আবার পোষা বিড়ালে উচ্ছিষ্টও ইসলামের দৃষ্টিতে নাপাক নয়। আবু কাতাদর পুত্রবধূ কাবশা বিনত কা’ব ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার আবু কাতাদা (রা.) তার কাছে এলেন এবং তিনি তার অজুর পানি ঢেলে দিলেন। ওই সময় একটি বিড়াল এসে পানি পান করতে শুরু করল। তখন আবু কাতাদা (রা.) বিড়ালটির জন্য পানির পাত্রটি কাত করে ধরলেন। এতে বিড়ালটি পরিতৃপ্ত হয়ে পানি পান করল। ওই সময় আবু কাতাদা (রা.) তাকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে দেখে বললেন- হে ভ্রাতুষ্পুত্র, তুমি এতে বিস্ময় প্রকাশ করছ! পরে হ্যাঁ সূচক জবাব দিলে আবু কাতাদা (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয়। কারণ, বিড়াল তো তোমাদের আশপাশেই ঘোরাফেরা করে। (সুনান আত তিরমিজি, হাদিস : ৯২)

তবে বিড়াল পোষার ক্ষেত্রে অনুমতি থাকলেও ইসলামে প্রাণিটি কেনা-বেচায় নিষেধ রয়েছে। আবু যুবায়র (রহ.) হতে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার আমি জাবির (রা.) এর কাছে কুকুর ও বিড়ালের মূল্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সাবধান করে দিয়েছেন (অর্থাৎ, কেনা-বেচায় নিষেধ করেছেন)। (সহিহ মুসলিম, হাদিস : ৩৯০৭)

এ ক্ষেত্রে বাসা-বাড়ির আশপাশে প্রায়সময় বিড়াল ঘুরাফেরা করলেও পোষা এই প্রাণিটিকে ঘিরে একটি কথা প্রায়ই শোনা যায়। অনেকেই বলে থাকেন, কারও সামনে দিয়ে বিড়াল অতিক্রম করলে বা বিড়াল কারও রাস্তা কাটলে অমঙ্গল হয়। কেউ কেউ এমনও বলে থাকেন যে, বিড়াল সামনে দিয়ে যাওয়া একটি অশুভ লক্ষণ। আবার কেউ কেউ কোনো উদ্দেশ্যে বের হওয়ার পর যদি বিড়াল সামনে দিয়ে অতিক্রম করে তবে অমঙ্গলের আশঙ্কায় সেই কাজ থেকে বিরতও থাকেন। আসলেই কি ইসলামি শরিয়তে এমন কিছু আছে?

প্রথমত, অশুভ বা কুলক্ষণে বিশ্বাস করা ইসলামে সবচেয়ে বড় কবিরা গুনাহ (পাপ) শিরকের অন্তর্ভুক্ত। আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কুলক্ষণে বিশ্বাস করা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। এমন কেউই আমাদের মধ্যে নেই যার মনে এর ধারণা আসে না। তবে আল্লাহ তা’আলা তার ওপর (মুমিন লোকের) ভরসার কারণে তা দূর করে দেন। (সুনান আত তিরমিজি, হাদিস : ১৬১৪)

আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়য়া (রা.) বলেছেন- আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে, শুভ-অশুভ নির্ণয়ে কোনো লাভ নেই, বরং শুভ লক্ষণ গ্রহণ করা ভালো। ওই সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন- ইয়া রাসুলুল্লাহ (সা.), শুভ লক্ষণ কি? জবাবে নবীজি (সা.) বললেন, ভালো বাক্য যা তোমাদের কেউ শুনে থাকে। (সহিহ বুখারি, হাদিস : ৫৩৪৩)

অন্যদিকে পবিত্র কোরআন বা হাদিসের কোথাও বিড়াল সামনে দিয়ে রাস্তা পার হলে তাতে অমঙ্গল হবে বা এটি অশুভ কোনোকিছু এমন কোনো বিষয়ের উল্লেখ নেই। তবে জিন জাতি যে বিড়াল ও সাপসহ বিভিন্ন প্রাণির রূপ ধারণ করতে পারে সে বিষয়ে সহিহ হাদিসে বর্ণনা এসেছে। কিন্তু এই বিষয়টিকে ঘিরে সব বিড়ালকেই জিন ভাবা কিংবা বিড়াল সামনে দিয়ে গেলে কারও অমঙ্গল হবে এমন ধারণা করা মোটেও উচিত নয়।

তবে বিড়াল সামনে দিয়ে গেলে যদি কারও মধ্যে দ্বিধার সৃষ্টি হয় বা অসুবিধাজনক কিছু মনে হয় তবে চাইলে দোয়া পড়া যায়। আহমাদ আল-কুরাশী (রহ.) সূত্রে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বলেন- হ্যাঁ, শুভ লক্ষণ হচ্ছে ফা’ল (শুভ চিন্তা)। আর এমন অশুভ কিছু নেই যা মুসলিমকে কোনো কাজে বা কোথাও যাত্রা থেকে বিরত রাখতে পারে। তবে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অসুবিধাজনক কিছু দেখতে পায়, তাহলে সে যেন বলে-

للَّهُمَّ لَا يَأْتِي بِالْحَسَنَاتِ إِلَّا أَنْتَ، وَلَا يَدْفَعُ السَّيِّئَاتِ إِلَّا أَنْتَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِكَ

বাংলা: আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, ওয়ালা ইয়াদফাউস সাইয়িআতি ইল্লা আনতা, ওয়ালা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিকা (অথবা ইল্লা বিল্লাহ)।

অর্থ: হে আল্লাহ! আপনিই তো কল্যাণদাতা এবং আপনিই তো অকল্যাণ দূরকারী। আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই, শক্তিও নেই। (সুনান আবু দাউদ, হাদিস : ৩৯১৯)

পারিবারিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামের নির্দেশনা

মুফতি ওমর বিন নাছির
পারিবারিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামের নির্দেশনা
সংগৃহীত ছবি

পরিবার মানবসমাজের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি সুখী, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনের ভিত্তি হলো একটি সুসংগঠিত পরিবার। কিন্তু বর্তমান সময়ে পারিবারিক কলহ, বিচ্ছেদ, অবিশ্বাস, দায়িত্বহীনতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেক পরিবার ভাঙনের মুখে পড়ছে। ইসলাম পরিবারকে শুধু রক্তের বন্ধন হিসেবে দেখেনি; বরং এটিকে ভালোবাসা, দয়া, পারস্পরিক সহযোগিতা এবং আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত একটি পবিত্র বন্ধন হিসেবে বিবেচনা করেছে। তাই পারিবারিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে ইসলাম স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান এবং আত্মীয়-স্বজনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। এসব নির্দেশনা মেনে চললে পরিবারে সৌহার্দ্য, ভালোবাসা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং পরিবার পরিণত হয় জান্নাতের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবিতে। সেগুলো হলো-

১. পারিবারিক বন্ধন আল্লাহর পক্ষ থেকে মহা নেয়ামত : আল্লাহ তাআলা বলেন, ‘তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা : ‍রুম, আয়াত : ২১)
এই আয়াতে পরিবারকে তিনটি মূল ভিত্তির ওপর দাঁড় করানো হয়েছে : ১. মানসিক শান্তি, ২. ভালোবাসা, ৩. দয়া ও করুণা। তাই পরিবার শুধু সামাজিক চুক্তি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক মহা নেয়ামত।

২. দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী একে অপরের অবিচ্ছেধ্য অংশ : আল্লাহ বলেন : ‘তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৭)
আল্লাহ তাআলা স্বামী-স্ত্রী একে অপরের সুরক্ষা, মান-সম্মান ও সামাজিক উন্নয়নের প্রতীক বানিয়েছেন। তাই তারা একে অপরের দুর্বলতা ও ভুল-ত্রুটির আবরণস্বরূপ। 

৩. ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবার গঠন : আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নারীদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। (সুরা : নিসা, আয়াত : ১৯)
এই আয়াত পরিবারব্যবস্থাপনার অন্যতম মৌলিক ভিত্তির কথা তুলে ধরে, যেমন- সহনশীলতা, ন্যায়বিচার, উত্তম আচরণ ইত্যাদি। অন্যদিকে মহানবী (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে সর্বোত্তম।’ (তিরমিজি, হাদিস নম্বর : ৩৮৯৫)। অর্থাৎ সমাজে ভালো হওয়ার প্রথম শর্ত হলো পরিবারে ভালো হওয়া।

৪. সন্তান প্রতিপালনে আমানতদারিতা রক্ষা করা : সন্তান শুধু পরিবার নয়, বরং সমাজ ও উম্মাহর ভবিষ্যৎ। আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। (সুরা : তাহরিম, আয়াত : ৬)

৫. পারিবারিক বন্ধন দৃঢ় করার উপায় : ইসলাম পরিবারে তিনটি মৌলিক বিষয়কে গুরুত্ব দিয়েছে, ১. পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি,  কোমলতা। ২. পরস্পরের অধিকার রক্ষা, স্বামী-স্ত্রী উভয়ের অধিকার আল্লাহ নির্ধারণ করেছেন। ৩. ধৈর্য ও ক্ষমা, পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি স্বাভাবিক, তবে ক্ষমা ও ধৈর্য সম্পর্ককে টিকিয়ে রাখে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান অগণিতভাবে প্রদান করা হবে।’ (সুরা : জুমার, আয়াত : ১০)

৬. পরিবারে বৃদ্ধ মাতা-পিতার আনুগত্য : ইসলামে পিতা-মাতার মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তুমি তাকে (আল্লাহ) ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।’ (সুরা : ইসরা, আয়াত : ২৩)। 

৭. পারিবারিক ভাঙন ও তার প্রতিকার : আধুনিক সমাজে পরিবার ভাঙনের কারণ অজস্র, যেমন- পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার, ধৈর্যের অভাব ও ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা ইত্যাদি। তাই ইসলাম এসব সমস্যার সমাধান দিয়েছে, তা হলো- তাকওয়াভিত্তিক জীবনযাপন, পরস্পরের অধিকার জানা, নৈতিক শিক্ষা এবং দোয়া করা। আল্লাহ বলেন, ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ বের করে দেন।’ (সুরা : তালাক, আয়াত : ২)

৮. পরিবারের সদস্যদের জন্য বেশি বেশি দোয়া করা : পরিবারের জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরশাদ হয়েছে, ‘হে আমাদের রব! আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের জন্য চোখের শীতলতা হবে।’ (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)

সুতরাং পারিবারিক স্থিতিশীলতা কোনো কাকতালীয় বিষয় নয়; বরং এটি পারস্পরিক দায়িত্ববোধ, ত্যাগ, সহমর্মিতা এবং আল্লাহর বিধান মেনে চলার ফল। ইসলামের নির্দেশিত নীতিমালা পরিবারকে শুধু ভাঙনের হাত থেকেই রক্ষা করে না, বরং সদস্যদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার বন্ধনকে আরো দৃঢ় করে। আজকের অস্থির সময়ে ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণের জন্য ইসলামের এসব নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি। যখন পরিবারের প্রতিটি সদস্য নিজের কর্তব্য যথাযথভাবে পালন করবে এবং ইসলামী মূল্যবোধকে জীবনের অংশ বানাবে, তখন পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হবে, সমাজ হবে সুস্থ ও সুন্দর, আর আল্লাহ তাআলার রহমত ও বরকত নেমে আসবে সবার জীবনে। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ানির্ভর আদর্শ পরিবার গঠনের তাওফিক দান করুন। আমিন।
 

কোরআনের বাণী

যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না

ইসলামী জীবন ডেস্ক
যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না
সংগৃহীত ছবি

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

 وَ اقۡتَرَبَ الۡوَعۡدُ الۡحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَۃٌ اَبۡصَارُ الَّذِیۡنَ كَفَرُوۡا ؕ یٰوَیۡلَنَا قَدۡ كُنَّا فِیۡ غَفۡلَۃٍ مِّنۡ هٰذَا بَلۡ كُنَّا ظٰلِمِیۡنَ

সরল অনুবাদ : 
‘চিরসত্য প্রতিশ্রুত সময় যখন ঘনিয়ে আসবে, তখন হঠাৎ কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, ‘হায়, আমাদের দুর্ভোগ! আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম ।’ (সুরা : আম্বিয়া : আয়াত : ৯৭)

সংক্ষিপ্ত ব্যাখ্যা :
ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশের পর যখন কিয়ামতের চিরসত্য প্রতিশ্রুত সময় এসে পড়বে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে তখন কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা নিজেদের ভুল-ত্রুটি বুঝতে পেরে এবং কেয়ামতের ভয়াবহ পরিণতি দেখে হতভম্ব হয়ে যাবে। এমনকি তারা তাদের ভুল-ত্রুটিগুলো স্বীকার করতে থাকবে। তারা বলবে, নবীরা এসে আমাদের এ দিনটি সম্পর্কে জানিয়েছিলেন, কিন্তু আমরা ছিলাম গাফেল ও উদাসীন। আমরা নবীদের কথা না শুনে বরং তাদের প্রতি মিথ্যারোপ করেছিলাম। এভাবে তারা নিজেদের অপরাধের স্বীকৃতি দিতে থাকবে, কিন্তু তা তাদের কোন কাজে আসবে না। (ইবন কাসির, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে জাকারিয়া)

শিক্ষা ও বিধান

১. কিয়ামত অবশ্যম্ভাবী ও চিরসত্য। আল্লাহ তাআলা কিয়ামতকে ‘চিরসত্য প্রতিশ্রুত বিষয়’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, কিয়ামতের আগমন, হিসাব-নিকাশ, জান্নাত ও জাহান্নাম—সবই সত্য এবং অবধারিত।

২. কিয়ামত হঠাৎ উপস্থিত হবে। কিয়ামতের ভয়াবহ মুহূর্ত মানুষ হঠাৎই প্রত্যক্ষ করবে। তখন কাফিরদের চোখ বিস্ময়, ভীতি ও আতঙ্কে স্থির হয়ে যাবে।

৩. উদাসীনতা মানুষের বড় ক্ষতির কারণ। কাফিররা স্বীকার করবে যে তারা সত্য সম্পর্কে উদাসীন ও অসচেতন ছিল। এটি শিক্ষা দেয় যে, দ্বীন ও আখিরাতের ব্যাপারে গাফেল থাকা মারাত্মক অপরাধ।

৪. অন্যায় ও পাপের পরিণতি ভয়াবহ। তারা শুধু গাফেলই ছিল না; বরং নিজেদের ওপর জুলুম করেছে। কুফর, শিরক ও পাপাচার মূলত মানুষের নিজের ওপরই জুলুম।

৫. মৃত্যুর পর অনুতাপ কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তারা আফসোস করবে—‘হায়, আমাদের দুর্ভোগ!’ কিন্তু তখন এই অনুতাপ তাদের কোনো উপকার করবে না। তাই তাওবা ও সংশোধনের সুযোগ দুনিয়ার জীবনেই গ্রহণ করতে হবে।

সুতরাং এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কিয়ামত এক অনিবার্য সত্য। তাই গাফেলতি ও পাপাচার ত্যাগ করে ঈমান, নেক আমল, তাওবা ও আল্লাহভীতির মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করাই একজন মুমিনের কর্তব্য। কিয়ামতের দিন যেন আফসোস করতে না হয়, সে জন্য আজই নিজেকে সংশোধন করা প্রয়োজন। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝার তাওফিক দান করুক। আমিন।

শয়তান থেকে সুরক্ষা লাভের দোয়া

মুফতি ওমর বিন নাছির
শয়তান থেকে সুরক্ষা লাভের দোয়া
সংগৃহীত ছবি

শয়তান মানুষের চিরশত্রু। সে যুগে যুগে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। কখনো কুমন্ত্রণা দিয়ে, কখনো পাপকে সুন্দর করে দেখিয়ে, আবার কখনো হতাশা ও সন্দেহ সৃষ্টি করে সে মানুষের ঈমান ও আমলকে ক্ষতিগ্রস্ত করছে। একজন মুমিনের জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা অত্যন্ত জরুরি। তাইতো মহানবী (সা.) তাঁর উম্মতকে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন। তেমনি একটি দোয়া হলো- 

لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ 

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। 

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। 

হাদিস : মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি দিনে একশ বার এই দোয়া পাঠ করবে,এই দোয়া দিনের শুরু থেকে রাত পর্যন্ত শয়তান থেকে তার জন্য সুরক্ষা হিসেবে কাজ করবে...। (সহিহ বুখারি, হাদিস নং : ৩২৯৩)

লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান | কালের কণ্ঠ