• ই-পেপার

সমাজে শান্তি বজায় রাখতে যেসব স্বভাব ত্যাগ করতে বলে ইসলাম

দাম্পত্য জীবনে মহানবী (সা.)-এর তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা

ইসলামী জীবন ডেস্ক
দাম্পত্য জীবনে মহানবী (সা.)-এর তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা
সংগৃহীত ছবি

একটি সুখী পরিবার শুধু চার দেয়ালের একটি ঘর নয়; এটি ভালোবাসা, মমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ার এক প্রশান্তির আশ্রয়স্থল। বর্তমান সময়ে দাম্পত্য কলহ, ভুল বোঝাবুঝি ও সম্পর্কের দূরত্ব যখন বেড়েই চলেছে, তখন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ মহানবী (সা.)-এর দাম্পত্য জীবন আমাদের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। তিনি শুধু একজন নবীই ছিলেন না, ছিলেন একজন আদর্শ স্বামীও। তার জীবনে খাদিজা (রা.) ও আয়েশা (রা.)-এর সঙ্গে আচরণের অসংখ্য ঘটনা প্রমাণ করে যে, ভালোবাসা প্রকাশ, অনুভূতির মূল্যায়ন এবং পারস্পরিক সহযোগিতাই একটি সফল বৈবাহিক জীবনের মূল ভিত্তি। মহানবী (সা.)-এর জীবনের এসব শিক্ষা আজও প্রতিটি দম্পতির জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও অনুসরণীয়।

আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ কর এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রূম: আয়াত ২১)

১. স্ত্রীর পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেওয়া আবশ্যক
ইসলাম এমন কোনো পারিবারিক ব্যবস্থা শিক্ষা দেয় না, যেখানে স্বামী একাই সব সিদ্ধান্ত নেবে আর স্ত্রী শুধু অনুসরণ করবে। বরং ইসলাম পারস্পরিক সম্মান, পরামর্শ এবং সহযোগিতার ভিত্তিতে সংসার গড়ে তোলার শিক্ষা দেয়। তৎকালীন আরব সমাজে নারীদের প্রতি নানা বৈষম্য বিদ্যমান থাকলেও খাদিজা (রা.)-এর সঙ্গে মহানবী (সা.)-এর সম্পর্ক ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও স্বাধীনচেতা নারী। বিয়ের পরও তার ব্যক্তিত্ব ও কর্মজীবন অব্যাহত ছিল। তিনি সংসারে শুধু একজন স্ত্রী ছিলেন না; ছিলেন স্বামীর বিশ্বস্ত সহচর, উপদেষ্টা ও সহযোগী।

হেরা গুহায় প্রথম ওহি লাভের পর মহানবী (সা.) যখন ভীত ও উদ্বিগ্ন অবস্থায় ঘরে ফিরলেন, তখন খাদিজা (রা.)-ই তাকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, ‘আল্লাহর কসম! আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন এবং মেহমানদের আপ্যায়ন করেন।’

এই ঘটনাটি শুধু একজন স্ত্রীর ভালোবাসার নয়; বরং একজন জীবনসঙ্গীর বিচক্ষণতা, প্রজ্ঞা ও মানসিক সমর্থনের উজ্জ্বল উদাহরণ। মহানবী (সা.) তার স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়েছেন এবং জীবনের কঠিন মুহূর্তগুলোতে তার সহযোগিতা গ্রহণ করেছেন।

২. স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত
একটি সুখী সংসারের অন্যতম ভিত্তি হলো যোগাযোগ ও পারস্পরিক সহানুভূতিশীল হওয়া। মহানবী (সা.) দেখিয়েছেন, দাম্পত্য জীবনে শুধু নিজের কথা বলাই যথেষ্ট নয়; বরং জীবনসঙ্গীর অনুভূতি বুঝতে শেখাও সমান গুরুত্বপূর্ণ। আয়েশা (রা.)-এর সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। 

আয়েশা (রা.) স্বাধীনভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারতেন এবং মহানবী (সা.) সেগুলো মনোযোগ দিয়ে উপলব্ধি করতেন। আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে বললেন, ‘আমি জানি তুমি কখন আমার ওপর সন্তুষ্ট থাকো এবং কখন অসন্তুষ্ট থাকো।’ আমি বললাম, আপনি তা কীভাবে বুঝতে পারেন? তিনি বললেন, ‘তুমি যখন সন্তুষ্ট থাকো, তখন বলো—‘মুহাম্মদের রবের কসম।’ আর যখন রাগ করো, তখন বলো—‘ইবরাহিমের রবের কসম।’ আয়েশা (রা.) বলেন, ‘হে আল্লাহর রাসূল! রাগ হলে আমি শুধু আপনার নামটিই উচ্চারণ করি না।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৫২২৮)

এই ঘটনা প্রমাণ করে, একজন আদর্শ স্বামী তার স্ত্রীর অনুভূতি, অভিমান ও আনন্দকে কতটা গুরুত্ব দেন। বর্তমান সমাজে অনেক সময় স্ত্রীর ভিন্নমতকে অবাধ্যতা হিসেবে দেখা হয়; অথচ মহানবী (সা.)-এর শিক্ষা সম্পূর্ণ বিপরীত।

৩. স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা জরুরি
ভালোবাসা শুধু হৃদয়ে লুকিয়ে রাখার বিষয় নয়; বরং তা কথায়, আচরণে ও ছোট ছোট কাজে প্রকাশ করাও সুন্নত। মহানবী (সা.) তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশে কখনো সংকোচবোধ করতেন না। হজরত আয়েশা (রা.)-কে তিনি স্নেহভরে ‘হুমাইরা’ বলে ডাকতেন, যা আয়েশা (রা.) অত্যন্ত পছন্দ করতেন। আয়েশা (রা.) বর্ণনা করেন, ‘আমি ঋতুবর্তী অবস্থায় পানি পান করতাম। এরপর পাত্রটি নবী (সা.)-কে দিলে তিনি ঠিক সেই স্থানে মুখ রেখে পানি পান করতেন, যেখানে আমি মুখ রেখেছিলাম।’ (নাসায়ি, হাদিস নং : ২৮৯)

এটি ছিল তার ভালোবাসার সূক্ষ্ম অথচ গভীর প্রকাশ। শুধু তাই নয়, তিনি সংসারের কাজেও স্ত্রীদের সহযোগিতা করতেন। আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, নবী (সা.) ঘরে কী করতেন? তিনি বলেন, ‘তিনি পরিবারের কাজে সাহায্য করতেন।’ আর নামাজের সময় হলে নামাজে চলে যেতেন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৬৭৬)
এখান থেকে আমরা শিখি, সংসারের দায়িত্ব শুধু স্ত্রীর নয়; বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবারকে সুখী ও সুন্দর করে তুলতে হয়।

সর্বোত্তম মানুষের পরিচয়
মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম।’ (তিরমিজি, হাদিস নং : ৩৮৯৫)

দাম্পত্য জীবনকে সুন্দর, স্থায়ী ও প্রশান্তিময় করতে শুধু ভালোবাসার দাবি করলেই হয় না; সেই ভালোবাসাকে সম্মান, সহযোগিতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধের মাধ্যমে প্রকাশ করতে হয়। মহানবী (সা.)-এর জীবন আমাদের শেখায়— স্ত্রীর মতামতকে মূল্য দেওয়া, তার অনুভূতি বোঝার চেষ্টা করা এবং ভালোবাসা প্রকাশে উদার হওয়াই একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য।

আজ যদি প্রতিটি পরিবার নববী শিক্ষার এই তিনটি কৌশল— পরামর্শ গ্রহণ, অনুভূতির মূল্যায়ন এবং ভালোবাসার প্রকাশ— নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, তবে অসংখ্য ভাঙনের মুখে থাকা পরিবার আবারও ফিরে পাবে শান্তি, সৌহার্দ্য ও জান্নাতের সুবাসময় সুখের আবহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে পরিবারকে ভালোবাসা, দয়া ও প্রশান্তির নিবাসে পরিণত করার তৌফিক দান করুন। আমিন।

নামের শুরুতে ‘হাজি’ বা ‘আলহাজ’ ব্যবহার কি বৈধ?

মুফতি ওমর বিন নাছির
নামের শুরুতে ‘হাজি’ বা ‘আলহাজ’ ব্যবহার কি বৈধ?
সংগৃহীত ছবি

ইসলাম মানুষকে আমলের চেয়ে আমলের অন্তর্নিহিত উদ্দেশ্য ও আন্তরিকতার প্রতি অধিক গুরুত্ব দিতে শিক্ষা দিয়েছে। একজন মুসলমান যখন নামাজ আদায় করেন, রোজা রাখেন, জাকাত দেন বা হজ পালন করেন, তখন তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে অনেক সময় ইবাদতের প্রকৃত উদ্দেশ্যের পরিবর্তে তার বাহ্যিক পরিচিতি ও সামাজিক মর্যাদা বেশি গুরুত্ব পায়। বিশেষত হজ পালন করার পর নামের শুরুতে ‘হাজি’ বা ‘আলহাজ’ উপাধি ব্যবহার করা এবং এ পরিচয়ে পরিচিত হওয়ার প্রবণতা সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এ ধরনের উপাধি ব্যবহার কতটুকু সমীচিন? 

হজ ইসলামের অন্যতম মহান ইবাদত
ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। হজ তার অন্যতম। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত...।’ (সহিহ বুখারি, হাদিস : ৮)

আর হজ শুধু একটি ইবাদত নয়; বরং মুসলিম উম্মাহর ঐক্য, আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মধ্যে হজের ঘোষণা দিন; তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় উটের পিঠে আরোহণ করে, দূর-দূরান্তের পথ অতিক্রম করে।’ (সুরা : হজ, আয়াত : ২৭)

‘হাজি’ ও ‘আলহাজ’ শব্দের অর্থ
‘হাজি’ অর্থ হজ পালনকারী ব্যক্তি। ‘আলহাজ’ শব্দটিও মূলত একই অর্থ বহন করে। সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা হলো, একবার হজ করলে ‘হাজি’ এবং একাধিকবার হজ করলে ‘আলহাজ’ বলা হয়। অথচ আরবি ভাষা ও ইসলামী পরিভাষায় এ ধরনের কোনো পার্থক্যের ভিত্তি নেই।

ইসলামে নিয়তের গুরুত্ব
হজসহ সব ইবাদতের প্রাণ হলো নিয়ত। আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদিত আমলই কেবল গ্রহণযোগ্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস : ১; সহিহ মুসলিম, হাদিস : ১৯০৭)

তাই যদি কেউ ‘হাজি’ বা ‘আলহাজ’ উপাধি পাওয়ার আকাঙ্ক্ষায় হজ করেন অথবা হজের পর এ পরিচয়ে মানুষের কাছে সম্মান প্রত্যাশা করেন, তাহলে তার ইবাদতের পবিত্রতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আত্মপ্রশংসা নয়, আত্মশুদ্ধি
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের পবিত্র বলে দাবি কর না। কে বেশি মুত্তাকি, তা আল্লাহই ভালো জানেন।’ (সুরা : নাজম, আয়াত : ৩২)

এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় যে, নিজের নেক আমলকে পরিচয়ের অংশ বানিয়ে আত্মপ্রশংসার পরিবেশ সৃষ্টি করা একজন মুমিনের জন্য কাম্য নয়।

সাহাবায়ে কেরামের আমল
রাসুলুল্লাহ (সা.)-এর প্রায় সকল সাহাবিই হজ করেছেন। চার খলিফা, আশারায়ে মুবাশশারা এবং অসংখ্য সাহাবি হজ পালন করেছেন। কিন্তু ইতিহাসে কোথাও পাওয়া যায় না যে তাঁদের নামের আগে ‘হাজি’ বা ‘আলহাজ’ উপাধি যুক্ত করা হতো। তাঁরা নিজেদের পরিচয় দিতেন ঈমান, তাকওয়া, জ্ঞান ও চরিত্রের মাধ্যমে; বিশেষ কোনো ইবাদতকে উপাধি বানিয়ে নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯১)

আবার কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত ব্যক্তিদের মধ্যে এমন লোকও থাকবে, যে মানুষের প্রশংসা লাভের জন্য ইবাদত করেছিল। (সহিহ মুসলিম)

তাই একজন মুসলমানের উচিত নিজের আমলকে প্রচারের মাধ্যম না বানিয়ে বিনয় ও গোপনীয়তার সঙ্গে তা সম্পাদন করা।

তাহলে ‘হাজি সাহেব’ বলে ডাকা কি সম্পূর্ণ নিষিদ্ধ?
কোনো ব্যক্তি যদি শ্রদ্ধা বা সম্মানের কারণে একজন হজ পালনকারীকে ‘হাজি সাহেব’ বলে সম্বোধন করেন, তাহলে তা সরাসরি হারাম বলা যাবে না। কারণ এতে মূলত পরিচয়ের উদ্দেশ্য থাকতে পারে। তবে এটিকে সামাজিক মর্যাদা বা বাধ্যতামূলক উপাধি হিসেবে গ্রহণ করা, কিংবা এভাবে না ডাকলে অসন্তুষ্ট হওয়া অবশ্যই অনুচিত। অনেক সমসাময়িক আলেম ও ফকিহের মতে, নামের আগে ‘হাজি’ বা ‘আলহাজ’ উপাধি স্থায়ীভাবে ব্যবহার করা ইসলামের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ এটি আমলের চেয়ে পরিচিতিকে বড় করে তোলে এবং কখনো কখনো রিয়া (লোক দেখানো) ও আত্মতুষ্টির কারণ হতে পারে।

অতএব, হজ মুসলমানের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। এর প্রকৃত সৌন্দর্য উপাধিতে নয়, বরং হৃদয়ের তাকওয়া, বিনয় ও আল্লাহভীতিতে নিহিত। একজন মানুষ হজ থেকে ফিরে এসে যদি চরিত্রে, আচরণে এবং আল্লাহর আনুগত্যে পরিবর্তন আনতে পারেন, সেটিই তার প্রকৃত পরিচয়। ‘হাজি’ বা ‘আলহাজ’ উপাধি অর্জন নয়; বরং আল্লাহর দরবারে ‘মকবুল হাজি’ হিসেবে কবুল হওয়াই একজন হজযাত্রীর সবচেয়ে বড় সফলতা। তাই আমাদের উচিত উপাধির প্রতি নয়, ইখলাস ও আমলের গ্রহণযোগ্যতার প্রতি অধিক গুরুত্ব দেওয়া। আল্লাহ আমাদের তাওফিক দান করুক। আমিন। 

ডিজিটাল ব্যস্ততা ও সিলাতুর রাহিম

সাইয়্যিদ মুনিব মুর্শিদ
ডিজিটাল ব্যস্ততা ও সিলাতুর রাহিম
সংগৃহীত ছবি

একটি সময় ছিল যখন আত্মীয়তার খবর জানতে প্রযুক্তির প্রয়োজন হতো না। ঈদের চাঁদ উঠলে খোঁজ নেওয়া হতো নানাবাড়ির, নতুন ফসল আসলে ভাগ চলে যেত চাচার বাড়িতে। কারো অসুস্থতার খবরে দূর গ্রামের পথও সংক্ষিপ্ত হয়ে যেত। মোবাইল ফোন ছিল না, সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না, মুহূর্তে বার্তা পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তবু যোগাযোগ থেমে থাকেনি; বরং অনেক ক্ষেত্রেই সম্পর্ক ছিল আজকের চেয়ে দৃঢ়, আন্তরিক এবং বিশুদ্ধ।

আমরা এখন ‘সংযোগের যুগে’ বাস করছি। আজকের প্রযুক্তি অন্য যেকোনো সময়ের তুলনায় মানুষের যোগাযোগকে সহজ করেছে। হাতের মুঠোয় এনে দিয়েছে পৃথিবীকে। কয়েক সেকেন্ডের মধ্যে মহাদেশ পেরিয়ে কথা বলা যায়, দূরদেশে থাকা স্বজনের মুখ দেখা যায়, মুহূর্তেই খবর পৌঁছে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু এই অভূতপূর্ব যোগাযোগ-বিপ্লবের মাঝেই একটি প্রশ্ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—যোগাযোগ কি সত্যিই সম্পর্ককে শক্তিশালী করছে, নাকি আমরা যোগাযোগের প্রাচুর্যের মধ্যেই সম্পর্কের অনুভব হারিয়ে ফেলছি?

সম্ভবত আধুনিক মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি এটিই। আমরা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংযুক্ত, অথচ অনেক ক্ষেত্রে বেশি বিচ্ছিন্ন। আমাদের বন্ধু তালিকা দীর্ঘ হচ্ছে, অনুসারীর সংখ্যা বাড়ছে, কিন্তু আত্মীয়তার পরিধি ক্রমেই ছোট হয়ে আসছে। এমন অনেক মানুষ আছেন, যারা প্রতিদিন শত মানুষের পোস্ট দেখেন, অসংখ্য বার্তা আদান-প্রদান করেন, অথচ মাসের পর মাস কোনো খালা, ফুফু, মামা কিংবা চাচার খোঁজ নেন না।

ইসলাম এই সংকট বহু আগেই খেয়াল করেছে। তাই এই বিষয়টিকে নিছক সামাজিক শিষ্টাচারের পর্যায়ে রাখেনি। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে ইসলাম ইবাদতের মর্যাদা দিয়েছে। ইসলামী পরিভাষায় যাকে বলা হয় ‘সিলাতুর রাহিম’। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা আল্লাহকে ভয় কর, যার উছিলায় তোমরা একে অপরের নিকট (নিজেদের হক) চেয়ে থাক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকেও বিরত থাক। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন।’ (সুরা : নিসা, আয়াত : ১)

আয়াতটি গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, আত্মীয়তার সম্পর্ককে এখানে আল্লাহভীতির আলোচনার সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি কেবল পারিবারিক সৌজন্যের বিষয় নয়; বরং মানুষের আধ্যাত্মিক জীবনেরও একটি অংশ। বস্তুত আত্মীয়তার সম্পর্ক মানবজীবনের সবচেয়ে প্রাচীন সামাজিক কাঠামো। রাষ্ট্রের জন্মের আগে পরিবার ছিল, আধুনিক কল্যাণব্যবস্থার আগে আত্মীয়তা ছিল। বিপদে-আপদে, অসুস্থতায়, দুঃসময়ে মানুষ প্রথমে যাদের দিকে তাকিয়েছে, তারা ছিল তার স্বজনরা। তাই আত্মীয়তার বন্ধন দুর্বল হওয়া মানে কেবল কয়েকটি সম্পর্কের অবনতি নয়; বরং সমাজের ভেতরের মানবিক কাঠামো দুর্বল হয়ে পড়া।

আজকের পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হচ্ছে, তার একটি হলো একাকীত্ব। প্রযুক্তি মানুষের চারপাশে শব্দ তৈরি করেছে, কিন্তু সবসময় সঙ্গ তৈরি করতে পারেনি। অনলাইন উপস্থিতি বেড়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব সম্পর্ক কমেছে। বৃদ্ধ বাবা-মা, একাকী আত্মীয়, অবহেলিত স্বজন—এই বাস্তবতা কেবল অর্থনৈতিক পরিবর্তনের কারণে নয়, এটি সম্পর্কের অগ্রাধিকার এবং তার অনুভব কমে যাওয়ার ফল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ুতে বরকত আসুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৮৬)

এখানে ‘বরকত’ শব্দটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আধুনিক সভ্যতা মানুষকে সাফল্যের বহু সূত্র দিয়েছে, কিন্তু জীবনে বরকত এনে দেওয়ার কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর সেই বরকতের অন্যতম মাধ্যম হিসেবে নবী করিম (সা.) আত্মীয়তার সম্পর্ক রক্ষার কথা উল্লেখ করেছেন। তবে সিলাতুর রাহিমের অর্থ শুধু ঈদে কুশল বিনিময় নয়। এর অর্থ হলো খোঁজ নেওয়া, পাশে দাঁড়ানো, অভিমান ভাঙা, প্রয়োজনে সবার আগে এগিয়ে আসা। এমনকি সম্পর্কের অপর প্রান্ত থেকে সাড়া না এলেও নিজের দায়িত্ব পালন করে যাওয়া। কারণ ইসলাম সম্পর্ককে প্রতিদানের ভিত্তিতে নয়, দায়িত্বের ভিত্তিতে মূল্যায়ন করে।

আজ আমাদের প্রযুক্তি আছে, আপন আপন শিডিউল আছে, স্মার্টফোন আছে; কিন্তু জীবনের সম্পর্কগুলোর জন্য নির্ধারিত সময় নেই। হয়তো সমস্যাটি প্রযুক্তিতে নয়, সমস্যাটি অগ্রাধিকারে। যে মানুষটি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা স্মার্টফোনের স্ক্রিনে কাটাতে পারে, সে যদি সপ্তাহে এক দিন কোনো আত্মীয়ের খোঁজ নেওয়ার জন্য সময় বের করতে না পারে, তবে সেটি ব্যস্ততার সমস্যা নয়; সেটি মূল্যবোধের সমস্যা।

ডিজিটাল যুগে তাই সিলাতুর রাহিমের শিক্ষা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইসলাম মানুষকে শুধু সংযুক্ত থাকতে শেখায় না; সংযুক্ত থাকার অর্থও শেখায়। মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার বন্ধন জীবিত রাখা এবং স্বজনের পাশে দাঁড়ানো—এসবই এমন আমল, যার প্রভাব পৃথিবীতেও পড়ে, আখিরাতেও। যোগাযোগের এই বিপ্লবী যুগে আমাদের নতুন করে মনে রাখা দরকার—একটি ফোনকল প্রযুক্তির কাজ, কিন্তু খোঁজ নেওয়া হৃদয়ের কাজ। আর হৃদয়ের এই সম্পর্কগুলোকেই ইসলাম ‘সিলাতুর রাহিম’ নামে ইবাদতের মর্যাদা দিয়েছে।
 

পবিত্র কোরআন নিয়ে বিশ্ববিখ্যাত পাঁচ জাদুঘর

আবরার আবদুল্লাহ
পবিত্র কোরআন নিয়ে বিশ্ববিখ্যাত পাঁচ জাদুঘর
বাইত আল কোরআন, বাহরাইন।

কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ এবং সর্বশেষ নাজিল হওয়া আসমানি কিতাব। কোরআন ও তার মর্যাদা রক্ষা করা মুসলমানের ঈমানি দায়িত্ব। মহানবী (সা.)-এর সময় থেকে যথাযথ মর্যাদার সঙ্গে কোরআন সংরক্ষিত হয়ে আসছে। আধুনিক যুগে কোরআন সংরক্ষণের একটি মাধ্যম জাদুঘর। পবিত্র কোরআন সংরক্ষণের জন্য বিশ্বের নানা প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য বিশেষায়িত জাদুঘর, যার মধ্যে পাঁচটি বিখ্যাত জাদুঘরের বিবরণ তুলে ধরা হলো।

১. বাইত আল কোরআন : বাহরাইনের মানামায় অবস্থিত বিশেষায়িত এই জাদুঘর ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সংগ্রহে ১০ হাজারের বেশি কোরআনের অনুলিপি রয়েছে, যার মধ্যে আছে খলিফা উসমান ইবনে আফফান (রা.)-এর যুগে তৈরি কোরআনের অনুলিপি।

ধারণা করা হয়, এটাই কোরআনের সবচেয়ে প্রাচীন কপি। আরো আছে, হিজরি প্রথম শতকের (৭০০ খ্রি.) একাধিক অনুলিপি, জার্মানি থেকে মুদ্রিত প্রথম কোরআন (১৬৯৪ খ্রি.), সুইজারল্যান্ড থেকে প্রকাশিত কোরআনের প্রথম লাতিন অনুবাদ (৯৫৫ খ্রি.), কোরআনের ক্ষুদ্রতম অনুলিপি ইত্যাদি। জাদুঘর হলেও এখানে আছে ৫০ হাজার বইয়ে সমৃদ্ধ একটি বড় পাঠাগার, সুপরিসর মসজিদ ও সভাকক্ষ।

২. হলি কোরআন এক্সিবিশন : সৌদি আরবের মদিনায় অবস্থিত এই জাদুঘরটি বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক কোরআন প্রদর্শনীকেন্দ্র, যা মসজিদে নববী কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোনায় অবস্থিত। এই জাদুঘরে হিজরি প্রথম শতক থেকে বর্তমান সময় পর্যন্ত একাধিক কোরআনের অনুলিপি প্রদর্শন করা হয়েছে। বিশেষত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কোরআন মুদ্রণের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হাফেজ উসমান কর্তৃক প্রস্তুতকৃত কোরআনের অনুলিপি আছে, যা হরিণের চামড়ায় লেখা হয়েছে।

এ ছাড়া আছে প্রায় ২০০ বছর আগে গোলাম মহিউদ্দিন প্রস্তুতকৃত কোরআনের বৃহৎ অনুলিপি। এটা এত ভারী যে চারটি উটের পিঠে করে তা আফগানিস্তান থেকে মদিনায় আনা হয়েছিল। পাণ্ডুলিপিটি দেড় মিটার লম্বা এবং এক মিটার চওড়া। এর ওজন ১৫৪ কেজি। এর প্রতিটি পৃষ্ঠার নিচে ফারসি ভাষায় কোরআনের অনুবাদ আছে।

৩. হলি কোরআন মিউজিয়াম : সংযুক্ত আরব আমিরাতের সারজায় অবস্থিত এই জাদুঘরকে আধুনিক বিশ্বের অন্যতম আইকনিক কোরআন জাদুঘর মনে করা হয়। এখানে কোরআনের সাড়ে চৌদ্দ শ বছরের ইতিহাস জীবন্ত করে তোলা হয়েছে; যেমন—এখানে প্রথম কোরআন নাজিলের স্থান হিসেবে হেরা গুহার মডেল তৈরি করা হয়েছে। প্রথম যুগে পশুর হাড়, গাছের বাকল ও চামড়ায় কিভাবে আয়াত লেখা হতো তা দৃশ্যমান করা হয়েছে।

পাশাপাশি কোরআন সংরক্ষণের ইতিহাস লিখিতভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া এখানে কোরআনের ৬০টি প্রাচীন অনুলিপি আছে, যা হিজরি শতক অনুসারে ১৫ ভাগে ভাগ করা হয়েছে। এখানে আছে খেজুরপাতায় লেখা কোরআনের বিরল অনুলিপি।

৪. ন্যাশনাল মিউজিয়াম অব হলি কোরআন : ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত জাদুঘরটি কোরআন বিষয়ক সর্ববৃহৎ জাদুঘর এবং এর অবস্থান ভূস্তর থেকে ১৪ মিটার গভীরে। জাদুঘরটির আয়তন ১০ হাজার বর্গমিটার। এখানে শুধু কোরআনের প্রাচীন অনুলিপি ও ইতিহাসই তুলে ধরা হয়নি, কোরআনিক শিল্পকলার বিমূর্ত চিত্রও প্রদর্শন করা হয়েছে।

এই জাদুঘরে চতুর্থ হিজরি শতক থেকে কাজার আমলের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত সময়কালের কোরআনের একাধিক অনুলিপি আছে। পাশাপাশি কোরআনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য শিল্পকলা, যেমন—সোনালি প্রলেপ, বাঁধাই, ক্যালিগ্রাফি ইত্যাদির বিকাশপ্রক্রিয়াও ফুটিয়ে তোলা হয়েছে।

৫. মালাক্কা আল কোরআন মিউজিয়াম : এটি মালয়েশিয়ার মালাক্কা শহরে অবস্থিত কোরআন বিষয়ক বিশেষায়িত জাদুঘর, যা রেস্তু ফাউন্ডেশন ও মালাক্কা রাজ্য সরকারের সহযোগিতায় নির্মিত হয়েছে। ১০ জানুয়ারি ২০০৮ জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি মালাক্কার কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত। এই জাদুঘরে ১২টি প্রধান হল আছে, যাতে কোরআনের বিভিন্ন সংগ্রহ প্রদর্শন করা হয়।

জাদুঘরের সংগ্রহশালায় আছে কোরআনের একাধিক প্রাচীন অনুলিপি ও কোরআন সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পকর্ম ও নিদর্শন।  এ ছাড়া জাদুঘরে নবী মুহাম্মদ (সা.)-এর সময়ে ওহি নাজিলের প্রেক্ষাপট এবং ইন্দোচীন ও মালয়বিশ্বে ইসলাম প্রচারের ইতিহাসও তুলে ধরা হয়েছে।

তথ্যঋণ : আরব নিউজ, মাদায়েন প্রজেক্ট, ভিজিট সারজা, ভিজিট ইরান ও উইকিপিডিয়া

সমাজে শান্তি বজায় রাখতে যেসব স্বভাব ত্যাগ করতে বলে ইসলাম | কালের কণ্ঠ