কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় গত বুধবার রাতে কুলাউড়া থানায় মামলা করা হয়। এ ঘটনায় মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার বাসিন্দা হেমন্ত ঘোষ (৩১), নড়াইলের বাসিন্দা সীমা বিশ্বাস (২৯) ও রুমেন খানম (৩৬), মানিকগঞ্জের শ্রাবণী আক্তার (২৪) ও চাঁদপুরের সাজেদা বেগম (৩০)। জানা গেছে, দালালদের সহায়তায় বুধবার সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্ত খুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহলদল তাঁদের আটক করে। তবে দালালরা পালিয়ে যায়।


