গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে বুধবার রাতের কোনো এক সময় কবরস্থানের মাটি খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

