• ই-পেপার

প্রবাসীর অর্থায়নে ব্রিজ নির্মাণ

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে বুধবার রাতের কোনো এক সময় কবরস্থানের মাটি খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

 

ভারতে অনুপ্রবেশের সময় ছয়জন আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
ভারতে অনুপ্রবেশের সময় ছয়জন আটক

কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় গত বুধবার রাতে কুলাউড়া থানায় মামলা করা হয়। এ ঘটনায় মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার বাসিন্দা হেমন্ত ঘোষ (৩১), নড়াইলের বাসিন্দা সীমা বিশ্বাস (২৯) ও রুমেন খানম (৩৬), মানিকগঞ্জের শ্রাবণী আক্তার (২৪) ও চাঁদপুরের সাজেদা বেগম (৩০)। জানা গেছে, দালালদের সহায়তায় বুধবার সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্ত খুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহলদল তাঁদের আটক করে। তবে দালালরা পালিয়ে যায়।

 

রথযাত্রায় সম্প্রীতির বার্তা

প্রিয় দেশ ডেস্ক
রথযাত্রায় সম্প্রীতির বার্তা
শ্রীশ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে গতকাল নারায়ণগঞ্জ শহরে ইসকনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। ছবি : পাপ্পু ভট্টাচার্য্য

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির বার্তায় গতকাল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ

সিলেট : সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে গতকাল রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা। গতকাল দুপুরে মানিকগঞ্জ শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রাধা গোবিন্দের বিগ্রহসহ রথ টানায় অংশ নেয় শত শত ভক্ত।

কুমিল্লা : গতকাল দুপুরে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।

ব্রাহ্মণবাড়িয়া : রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই : গতকাল বিকেল সাড়ে ৫টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৯ দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। পরে প্রধান অতিথি সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ : শ্রীশ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে গতকাল নারায়ণগঞ্জ শহরে ইসকনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।

এ ছাড়া অনুষ্ঠান হয়েছে শেরপুর, রাজবাড়ী, নওগাঁ, গোপালগঞ্জ, ময়মনসিংহের ভালুকা, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে।

 

 

আর্জেন্টিনার সমর্থকদের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা ও রাজবাড়ী প্রতিনিধি
আর্জেন্টিনার সমর্থকদের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকদের বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দীপ্ত চৌধুরী পৌর শহরের মালনী এলাকার বাদল রায় চৌধুরীর ছেলে। তাঁর মামা সুব্রত রায় টিটু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর তাত্ক্ষণিকভাবে এলাকাবাসী বিজয় মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত
ঘোষণা করেন।

এদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর গ্রামে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মোশারফ খান (৪০) দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার রাতে মোশারফ তাঁর মাছের ঘেরে যান। পরদিন বুধবার সকালে তাঁর মরদেহ পাওয়া যায়।