ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির বার্তায় গতকাল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ—
সিলেট : সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে গতকাল রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি।’
মানিকগঞ্জ : মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা। গতকাল দুপুরে মানিকগঞ্জ শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে রাধা গোবিন্দের বিগ্রহসহ রথ টানায় অংশ নেয় শত শত ভক্ত।
কুমিল্লা : গতকাল দুপুরে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।
ব্রাহ্মণবাড়িয়া : রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই : গতকাল বিকেল সাড়ে ৫টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৯ দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। পরে প্রধান অতিথি সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ : শ্রীশ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে গতকাল নারায়ণগঞ্জ শহরে ইসকনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।
এ ছাড়া অনুষ্ঠান হয়েছে শেরপুর, রাজবাড়ী, নওগাঁ, গোপালগঞ্জ, ময়মনসিংহের ভালুকা, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে।