গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই গ্রামের মারামারির ঘটনায় দায়ের করা মামলায় এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্বশত্রুতার জেরে গ্রামবাসীর মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

