• ই-পেপার

ভক্তদের দাবি

হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে

যশোরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহিনী বিশ্বাস (৭৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়া এলাকায় নিজ ঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহিনী বিশ্বাস ওই গ্রামের মৃত মৃন্দা বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোহিনী বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাকে ঘরের বারান্দায় রাখতেন। রোববার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পরিবারের সদস্যরা বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশী ও পায়রা ইউনিয়ন পিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী বলেন, মোহিনী বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতা ও মানসিক যন্ত্রণার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান সোমবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘বৃদ্ধা নারীর মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তিন মাস পর চালু হলো ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
তিন মাস পর চালু হলো ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়।

হাসপাতাল পুনরায় চালুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণজিৎ চন্দ্র শীল।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ডানকানস গ্রুপ পরিচালিত ৫০ শয্যার এ দাতব্য হাসপাতালটি দীর্ঘদিন ধরে শমশেরনগরসহ আশপাশের চা বাগান এলাকার শ্রমিক ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। তবে গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চা-শ্রমিক পরিবারের সদস্য ঐশী রবিদাসের (১৪) মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস মাথাব্যথাজনিত সমস্যার কারণে ২৬ মার্চ রাতে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে স্বজন ও শ্রমিকদের একটি অংশ ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন, ফুলের টব ভাঙচুর এবং চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করলে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

kk

দীর্ঘদিন বন্ধ থাকায় শমশেরনগর, মাধবপুর, কালিঘাট, পাত্রখোলা, আলীনগরসহ আশপাশের বিভিন্ন চা বাগানের হাজারো শ্রমিক পরিবার প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মৌলভীবাজার সদর হাসপাতালে যেতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘চা-শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে চিকিৎসাসেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। হাসপাতাল পুনরায় চালুর মাধ্যমে সেই সংকট অনেকটাই দূর হবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘চা বাগান অধ্যুষিত এ অঞ্চলের মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি রণজিৎ চন্দ্র শীল জানান, প্রাথমিকভাবে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১২ টা ২০ মিনিটে উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুর গামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদ নগর এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থা হঠাৎ ট্রেনটির ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগ স্থল হুক ভেঙে যায়। ইঞ্জিন কিছু দূর যাওয়ার পর চালক খোঁজ পেলে পুশব্যাক করে নিয়ে আসে।

ওসি আকতার হোসেন আরো বলেন, এই ঘটনা ঢাকা -ময়মনসিংহ রুটে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভেঙে যাওয়া হুক মেরামতের কাজ চলছে আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শ্রীনগর

পদ্মায় কচুরিপানার দাপট, নৌযান চলাচল ব্যাহত

ভাগ্যকূলের নৌরুট প্রায় বন্ধ  স্থবির ব্যবসা-বাণিজ্য দ্রুত পদক্ষেপ দাবি

অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)
পদ্মায় কচুরিপানার দাপট, নৌযান চলাচল ব্যাহত
উজান থেকে দলে দলে কচুরিপানা ভেসে আসায় পদ্মার বিভিন্ন রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। রবিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল বাজারের ঘাটে। ছবি : কালের কণ্ঠ

উজান থেকে দলে দলে ভেসে আসছে কচুরিপানা। এতে মুন্সীগঞ্জের শ্রীনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। কচুরিপানার দাপটে উপজেলার ভাগ্যকুল বাজারের নৌরুট প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

দ্রুত কচুরিপানা অপসারণ করে নৌযান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদারসহ  এলাকাবাসী। 

স্থানীয় সূত্র জানায়, পদ্মার চরাঞ্চল থেকে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৭০০ মানুষ ভাগ্যকুল বাজারে আসেন। তবে ঘাট এলাকায় কচুরিপানা জমে থাকায় কোনো নৌকা বা ছোট-বড় ইঞ্জিনচালিত ট্রলার চলতে পারছে না। ফলে চরাঞ্চলের মানুষকে প্রায় দুই কিলোমিটার ঘুরে বাঘড়া হয়ে ভাগ্যকূল বাজারে আসতে হচ্ছে। এতে বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছে নদীপাড়ের  মানুষ। প্রায় দেড় মাস ধরে এ অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে সূত্র জানায়। 

ভাগ্যকুল হাটবাজার ও ঘাটের ইজারাদার মোতালেব হোসেন আরিফ বলেন, প্রায় দেড় মাস ধরে একটি নৌকা কিংবা ট্রলারও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে ঘাটের আয় একেবারেই কমে গেছে। ১০ লাখ টাকার ইজারা নিয়ে এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।

আরিফ আরো বলেন, সম্প্রতি নাটোরের গুরুদাসপুর থেকে চাল বোঝাই করে ট্রলারে ভাগ্যকূলে আসার সময় যেখানে ১০ মিনিট লাগার কথা, সেখানে কচুরিপানা ঠেলে আসতে প্রায় তিন ঘণ্টা সময় লাগছে। এ সময় ট্রলারের একটি ইঞ্জিনও বিকল হয়ে যায়।

ভাগ্যকূল বাজার কমিটির সাবেক সভাপতি আয়নাল হক বলেন, চরাঞ্চলের মানুষ মাছ, সবজি ও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে বাজারে আসতেন। কিন্তু এখন প্রায় দুই কিলোমিটার কচুরিপানা ঠেলে আসা সম্ভব নয়। তাই অনেকেই আর আসতে চান না। অনেকে বাধ্য হয়ে বাঘড়া ঘুরে বাজারে আসতে হচ্ছে তাদের।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে নৌ-যোগাযোগ ব্যাহত থাকায় বাজারে ক্রেতা ও পণ্যের সরবরাহ কমে গেছে। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। মুখরতা হারিয়েছে  একসময়ের প্রাণচঞ্চল ভাগ্যকূল বাজার। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী এ বাজারের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো  ক্ষতিগ্রস্ত হবে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, পানি উন্নয়ন বোর্ডের মূল দায়িত্ব নদী ও খাল খননসহ পানি ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করা। কচুরিপানা অপসারণ আমাদের দায়িত্বের আওতাভুক্ত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান বলেন, ‘কচুরিপানার এ সমস্যার বিষয়ে আমাকে আগে কেউ জানায়নি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও পিআইওকে সঙ্গে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’