সিলেট শিক্ষা বোর্ডের আজ শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যার কারণে স্থগিত হচ্ছে না। গতকাল শুক্রবার রাতে সিলেট বিভাগের চার জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবদের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর। তিনি কালের কণ্ঠকে বলেন, শনিবারের পরীক্ষা নিয়ে জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জেলা প্রশাসক ও কেন্দ্র সচিবরা আশ্বস্ত করেছেন, সিলেট অঞ্চলে এখনো পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সে জন্য আপাতত পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত হচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশ্য সিলেট শিক্ষা বোর্ডের অধীন দুই জেলায় বন্যার কারণে বিষয়টি নিয়ে বৈঠকে বসে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

