ইসলামী অর্থনীতির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি জীবিকাকে শুধু ব্যক্তিগত প্রয়োজনের বিষয় হিসেবে বিবেচনা করে না; বরং সামাজিক দায়িত্বের অংশ হিসেবেও দেখে। এ কারণেই কোরআন বৈধ উপার্জনের নির্দেশ দেওয়ার পাশাপাশি মানুষের সম্পদের মধ্যে অন্যের অধিকারও নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ একজন মানুষ তাঁর শ্রম, মেধা ও উদ্যোগের মাধ্যমে সম্পদ অর্জন করবেন—এটি যেমন তাঁর অধিকার, তেমনি সেই সম্পদের ব্যবহারে ন্যায়, ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করাও তাঁর দায়িত্ব।
অর্থনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, শ্রমকে সম্পদ সৃষ্টির প্রধান ভিত্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন বহু চিন্তাবিদ। স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাঁর কালজয়ী গ্রন্থ ‘The Wealth of Nations’-এর সূচনাতেই লিখেছেন, ‘The annual labour of every nation is the fund which originally supplies it with all the necessaries and conveniences of life which it annually consumes.’
অর্থাৎ একটি জাতির মানুষের বার্ষিক শ্রমই তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সম্পদের মূল উৎস। আধুনিক অর্থনীতির বিকাশে এই পর্যবেক্ষণ গভীর প্রভাব ফেলেছে। তবে ইসলামী দৃষ্টিভঙ্গি এখানে আরো একটি মৌলিক মাত্রা যোগ করে। ইসলাম শ্রমকে শুধু উৎপাদনের উপায় হিসেবে মূল্যায়ন করে না; শ্রমের নৈতিকতাকেও সমান গুরুত্ব দেয়। কারণ অন্যায় উপায়ে অর্জিত বিপুল সম্পদের চেয়ে সৎ পরিশ্রমে অর্জিত সামান্য উপার্জনও ইসলামের দৃষ্টিতে অধিক মর্যাদাপূর্ণ। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) ব্যবসায়ীদের শুধু লাভের পথ দেখাননি; শিখিয়েছেন সততার পথও। তিনি ঘোষণা করেছেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গী হবে।’ (জামে তিরমিজি)
ব্যবসা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এই হাদিসটির গুরুত্ব অপরিসীম। এখানে ব্যবসাকে শুধু বৈধ জীবিকার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি; বরং সততার সঙ্গে পরিচালিত ব্যবসাকে এমন এক নৈতিক মর্যাদায় উন্নীত করা হয়েছে, যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ইবাদতের চেতনার সঙ্গে যুক্ত করে। অর্থ উপার্জনের লক্ষ্য তখন শুধু মুনাফা থাকে না; এর সঙ্গে যুক্ত হয় আমানতদারি, জবাবদিহি এবং আল্লাহভীতি।
ইসলামের ইতিহাসে বাজার ছিল শুধু কেনাবেচার স্থান নয়; ছিল সামাজিক আস্থারও প্রতীক। ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক সম্পর্ক টিকে থাকত বিশ্বাসের ওপর। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) বাজারে প্রতারণা, মজুদদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের ত্রুটি গোপন করা কিংবা ওজনে কম দেওয়ার মতো আচরণের কঠোর নিন্দা করেছেন। কারণ বাজারে একবার বিশ্বাসের সংকট তৈরি হলে ক্ষতি শুধু একজন ক্রেতা বা একজন বিক্রেতার হয় না; তার অভিঘাত পুরো অর্থনৈতিক পরিবেশে ছড়িয়ে পড়ে। আজকের বিশ্বের বহু আর্থিক সংকটও শেষ পর্যন্ত এই আস্থাহীনতার দিকেই আমাদের দৃষ্টি ফেরায়।
মুসলিম মনীষীদের অর্থনৈতিক চিন্তায়ও এই নৈতিকতার প্রশ্নটি বিশেষ গুরুত্ব লাভ করেছে। হানাফি ফকিহ ইমাম আবু ইউসুফ তাঁর প্রসিদ্ধ গ্রন্থ ‘কিতাবুল খারাজ’-এ রাষ্ট্রের অর্থনৈতিক দায়িত্ব আলোচনা করতে গিয়ে ন্যায়ভিত্তিক রাজস্বনীতি, কর আদায়ে সংযম এবং জনগণের সম্পদের সুরক্ষাকে সুশাসনের অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দৃষ্টিতে রাষ্ট্রের শক্তি কর বৃদ্ধিতে নয়; বরং এমন পরিবেশ নিশ্চিত করার মধ্যে, যেখানে মানুষ নিরাপদে শ্রম দেবে, ব্যবসা করবে এবং উৎপাদনে উৎসাহিত হবে। এ কারণেই ‘কিতাবুল খারাজ’ ইসলামী রাজস্বনীতি ও জন-অর্থব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণ্য গ্রন্থ হিসেবে আজও সমাদৃত।
একই ধারার চিন্তাকে আরো বিস্তৃত রূপ দিয়েছেন ইতিহাসবিদ ইবন খালদুন। তাঁর অমর গ্রন্থ ‘মুকাদ্দিমা’য় শ্রম, উৎপাদন, রাষ্ট্র এবং সভ্যতার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছেন, মানুষের শ্রমই সম্পদের প্রকৃত ভিত্তি। কিন্তু সেই শ্রম তখনই ফলপ্রসূ হয়, যখন মানুষ তার শ্রমফল ভোগের নিরাপত্তা অনুভব করে। অন্যায় করনীতি, জুলুম কিংবা সম্পদের অনিরাপত্তা মানুষের কর্মস্পৃহা নষ্ট করে, উৎপাদন কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রকেও দুর্বল করে ফেলে। কয়েক শতাব্দী আগে উপস্থাপিত এই বিশ্লেষণ আজও অর্থনৈতিক গবেষণায় বিস্ময়করভাবে প্রাসঙ্গিক বলে বিবেচিত হয়।
এখানেই ইসলামী অর্থনীতির স্বাতন্ত্র্য স্পষ্ট হয়ে ওঠে। ইসলাম মানুষকে সম্পদ অর্জনের আহবান জানায়, কিন্তু সম্পদের জন্য বিবেক বিসর্জনের অনুমতি দেয় না। ব্যবসাকে সম্মানজনক পেশা হিসেবে মর্যাদা দেয়, কিন্তু প্রতারণাকে কখনো ব্যাবসায়িক কৌশল হিসেবে মেনে নেয় না। শ্রমকে সম্মানিত করে, তবে শ্রমিকের অধিকার উপেক্ষা করে অর্জিত মুনাফাকে বৈধ বলে না। অর্থনৈতিক সাফল্য ইসলামের কাছে কাম্য, কিন্তু সেই সাফল্যের ভিত্তি হতে হবে ন্যায়, সততা ও মানুষের অধিকার রক্ষার ওপর প্রতিষ্ঠিত।
আজকের বিশ্বে দক্ষতা, প্রতিযোগিতা এবং উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই বাস্তবতার পাশাপাশি আরেকটি সত্যও সমানভাবে গুরুত্বপূর্ণ—অর্থনীতির প্রকৃত শক্তি শুধু পুঁজি বা প্রযুক্তিতে নয়; মানুষের পারস্পরিক বিশ্বাসে। যখন বাজারে আস্থা দুর্বল হয়ে পড়ে, তখন শক্তিশালী আইনও অনেক সময় অর্থনৈতিক সম্পর্ককে স্বাভাবিক রাখতে পারে না। অথচ যেখানে সততা সামাজিক মূল্যবোধে পরিণত হয়, সেখানে বাজারও স্বাভাবিকভাবে স্থিতিশীলতা লাভ করে। ইসলামী অর্থনীতি তাই মানুষের হাতে সম্পদ তুলে দেওয়ার পাশাপাশি সেই হাতকে বিশ্বস্ত, ন্যায়পরায়ণ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে চায়। এখানেই হালাল উপার্জনের প্রকৃত তাৎপর্য নিহিত।
ইসলামী অর্থনীতির আলোচনা অনেক সময় সুদ কিংবা জাকাতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। অথচ একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃত প্রাণ নিহিত থাকে তার উপার্জন-সংস্কৃতিতে। মানুষ কিভাবে সম্পদ অর্জন করছে, লেনদেনে কতটা বিশ্বস্ত, প্রতিশ্রুতি রক্ষায় কতটা আন্তরিক—এসবের ওপরই শেষ পর্যন্ত একটি অর্থনীতির স্থায়িত্ব নির্ভর করে। যে সমাজে প্রতারণা বুদ্ধিমত্তার পরিচয় হিসেবে প্রশংসিত হয়, সেখানে আইন আরো কঠোর করা যায়; কিন্তু মানুষের পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনা সহজ নয়। বিপরীতে যে সমাজে সততা সামাজিক মর্যাদায় পরিণত হয়, সেখানে অর্থনৈতিক সম্পর্কও স্বাভাবিকভাবেই দৃঢ় ভিত্তির ওপর দাঁড়ায়। এই নৈতিক ভিত্তিকেই আরো সুস্পষ্ট করেছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেছেন, ‘যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম)
হাদিসটি সংক্ষিপ্ত, কিন্তু এর তাৎপর্য সুদূরপ্রসারী। এখানে প্রতারণাকে শুধু একটি ব্যাবসায়িক অনিয়ম হিসেবে দেখা হয়নি; বরং মুসলিম সমাজের নৈতিক পরিচয়ের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ একজন মুসলমানের ব্যাবসায়িক পরিচয় তাঁর ঈমানি পরিচয় থেকে বিচ্ছিন্ন নয়। তাই ইসলাম ব্যবসাকে ইবাদতের মর্যাদা দিয়েছে, কিন্তু অসততাকে কখনো ব্যাবসায়িক দক্ষতা বা কৌশল হিসেবে বৈধতা দেয়নি।
হালাল উপার্জনের ধারণা শুধু একটি ধর্মীয় বিধান নয়; এটি একটি সুস্থ অর্থনৈতিক সভ্যতার ভিত্তি। এই দর্শন মানুষকে সম্পদ অর্জনে নিরুৎসাহ করে না; বরং সম্পদকে নৈতিকতার আলোয় পরিচালিত করতে শেখায়। ইসলাম চায় মানুষ স্বাবলম্বী হোক, উদ্যোগী হোক, ব্যবসায় সফল হোক, সম্পদশালী হোক; কিন্তু সেই সফলতার ভিত গড়ে উঠুক সৎ শ্রম, বৈধ ব্যবসা, আমানতদারিতা এবং মানুষের অধিকারের প্রতি অবিচল শ্রদ্ধার ওপর।
অর্থনৈতিক উন্নয়নের সূচক সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, নীতিমালা বদলে যায়, বাজারের কাঠামোও রূপান্তরিত হয়। কিন্তু একটি সত্য কখনো পুরনো হয় না, অন্যায়ের ওপর প্রতিষ্ঠিত সমৃদ্ধি দীর্ঘস্থায়ী হয় না। ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্র—সবার ক্ষেত্রেই টেকসই অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি নির্মিত হয় বৈধ উপার্জন, ন্যায়ভিত্তিক লেনদেন এবং পারস্পরিক আস্থার ওপর।
এ কারণেই ইসলামী অর্থনীতি সম্পদের হিসাব শেখানোর আগে সম্পদ অর্জনের নৈতিকতা শেখায়। কারণ উপার্জনের পথ নির্মল হলে সম্পদ কল্যাণ বয়ে আনে, সমাজে আস্থা সৃষ্টি করে এবং রাষ্ট্রের ভিতকে শক্তিশালী করে। আর সেই পথ কলুষিত হলে প্রাচুর্যও অনেক সময় আশীর্বাদের পরিবর্তে অস্থিরতা, বৈষম্য ও অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তি ও সমাজ—উভয়ের কল্যাণের জন্য তাই হালাল উপার্জন শুধু একটি ধর্মীয় নির্দেশনা নয়; এটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক জীবনের অপরিহার্য ভিত্তি।