চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কায় শনিবার (১১ জুলাই) দেশটির পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনঝো থেকে ১৭ লাখ এবং ফুজিয়ান প্রদেশ থেকে এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী এই টাইফুন এরই মধ্যে জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারি বৃষ্টি ও তীব্র ঝড় সৃষ্টি করেছে। এরপর তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চীনের দিকে যাচ্ছে। যদিও ঠাণ্ডা সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ‘বাভি’র গতি ও শক্তি কিছুটা কমছে, তবু এটি এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ এর বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। পুরো বৃষ্টির বলয়টি আয়তনে প্রায় ফ্রান্সের সমান। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরো এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়েনঝৌর ৫০ বছর বয়সী বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেন, ‘কিছুটা চিন্তা তো আছেই। তবে আমার মনে হয় সব ঠিক থাকবে। আমরা আগেও অনেক টাইফুন মোকাবেলা করেছি, এবারও পারব।’ সূত্র : সিএবিসি

