অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি সৈকতে রহস্যময় কিছু ধাতব গোলক ভেসে এসেছে। কর্মকর্তারা বলছেন, এসব বস্তু আসলে মহাকাশ থেকে ছিটকে আসা ধাতব বল। অবশ্য জনপ্রিয় কমেডি চলচ্চিত্র নির্মাতা মেল ব্রুকসের ক্ল্যাসিক কমেডি চলচ্চিত্র স্পেসবলসের সঙ্গে এসব গোলকের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের শান্ত উপকূলীয় শহর ফরেস্ট বিচে এ ধরনের কয়েকটি ধাতব গোলক খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। পরে সংস্থাটি বলেছে, অজ্ঞাত বস্তুগুলো আসলে মহাকাশযানের ধ্বংসাবশেষ। ধারণা করা হচ্ছে, সম্প্রতি পৃথিবীর কক্ষপথ থেকে বায়ুমণ্ডলে ফিরে আসা একটি রকেটের অংশ এগুলো। সংস্থাটি আরো বলেছে, ‘উদ্ধার করা বস্তুগুলো দেখে মনে হচ্ছে, এগুলো একটি মহাকাশ উেক্ষপণ যানের প্রেশার ভেসেল।’ কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যেন বস্তুগুলো পরীক্ষা করে উদ্ধার করতে পারে, সে জন্য তাঁদের কর্মীরা সৈকতের একটি অংশ ঘিরে রেখেছিলেন। সূত্র : এনবিসি নিউজ

