• ই-পেপার

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছাতকে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়ে যাওয়া এক নবজাতককে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) নবজাতকটি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলেও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই থানার যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ জুন উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে আনুমানিক ৪-৫ দিন বয়সী এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেন সিএনজিচালিত অটোরিকশাচালক কাওসার আহমদ। পরে তিনি শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে হস্তান্তর করে। এসময় নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য ১৩ জন আবেদন করেন।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কাওসার আহমদ নবজাতকটিকে হাসপাতাল থেকে নিয়ে চলে যান। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা বিভাগ ও পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কাওসার আহমদ ও তার স্ত্রী কল্পনা বেগম নবজাতকটিকে নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান করছেন। পরে ছাতক থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম এবং শান্তিগঞ্জ থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাদউল্লাহপুর (মানিকপুর) গ্রামের একটি বাড়ি থেকে কাওসারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার জামে মসজিদ সংলগ্ন সৈয়দ আলীর বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, উদ্ধারের পর নবজাতকটিকে পুনরায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে দত্তক গ্রহণে আবেদনকারী ফয়সল আহমদের স্ত্রী রোকসানা বেগমের তত্ত্বাবধানে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন বলেন, ‘নবজাতকটিকে সমাজসেবা বিভাগের আওতায় হস্তান্তর করা হয়েছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান জানান, নবজাতকটিকে দত্তক দেওয়ার জন্য আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে উপযুক্ত ব্যক্তির কাছে হস্তান্তর করা হবে।

ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘দুই থানার সমন্বিত ও চ্যালেঞ্জিং অভিযানের মাধ্যমে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন বলেন, ‘একটি কমিটি গঠন করে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এরপর নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যক্তির কাছে নবজাতকটিকে হস্তান্তর করা হবে।’

ছাতকে পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৫
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে মাদক কারবারি, হত্যা মামলার আসামি, বিভিন্ন মামলার আসামি ও সড়ক দুর্ঘটনা মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাতে ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান সজল, এসআই মো. সাদেক, এসআই তুষার কান্তি আচার্য, এএসআই মো. আরিফুজ্জামান ও এএসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী (কালিদাসপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি কালা মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের পরিমাণ ১৫ হাজার ৯৯০ মিলিলিটার এবং আনুমানিক মূল্য ৪৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ছাতক থানার হত্যা মামলার আসামি নূর আহমদ (২৮), অন্য একটি মামলার আসামি মো. আনিছুর রহমান আনিছ (২২) ও আবিদুর রহমান আবিদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর মামলার আসামি মো. রেজাউল হককেও (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সব আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে যাত্রীবাহী জাহাজ চলাচল ফের শুরু

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে যাত্রীবাহী জাহাজ চলাচল ফের শুরু
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মালঞ্চ পুনরায় চলাচল শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার (১১ জুন) সন্দ্বীপ চ্যানেল রুটে জাহাজটি বন্ধ থাকলেও শুক্রবার (১২ জুন) থেকে এটি সার্ভিসে যোগ দেয়।

এমভি মালঞ্চ জাহাজের মাস্টার আমির হোসেন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর শুক্রবার সকাল থেকে জাহাজ পুনরায় রুটে যাত্রী পরিবহন শুরু করেছে।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটায় সন্দ্বীপ চ্যানেলে বাঁশবাড়িয়া সীতাকুণ্ড-গুপ্তছড়া রুটে সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট থেকে জাহাজ এম.ভি মালঞ্চ যাত্রী নিয়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে ছাড়ে  এবং সকাল সাড়ে ১০টায় এটি পুনরায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬ বছর বয়সী রাখা মনি নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দম্পতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় অভিযুক্ত আমজাদের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা ও অটোভ্যান গ্যারেজের কর্মচারী আবু রায়হানের মেয়ে।

আটকরা হলেন সাহেবপাড়ার আবুলের ছেলে আমজাদ হোসেন (৪২), তার স্ত্রী বন্যা বেগম (৩০) ও প্রতিবেশী আব্দুল কাদেরের ছেলে বাবু (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নূরানী মাদরাসার ছাত্রী ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার আছরের আজানের পর প্রতিবেশী আমজাদের বাড়ির সামনে দিয়ে সরকারি কলেজ এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় শিশুটিকে একা পেয়ে আমজাদের বাড়িতে নিয়ে হত্যা করা হয়। এরপর বস্তাবন্দি করে লাশটি মেঝেতে ফেলে রাখা হয়। ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত তার স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশী আমজাদের বাড়িতে শিশুটির বস্তাবন্দি মরদেহ দেখতে পান তারা। পরে বিক্ষুব্ধ জনতা আমজাদ ও তার স্ত্রীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেক প্রতিবেশী বাবুকেও আটক করে পুলিশ। এরপরই এলাকাবাসী আটককৃতদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক ও কয়েকজন সদস্য আহত হন।

নিহত শিশুটির বাবা রায়হান জানান, আমার মেয়ের কানে একজোড়া সোনার দুল ছিল। এই লোভে আমার এইটুকু মেয়েকে তারা হত্যা করেছে। এখন একটাই চাওয়া, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনার দুলের লোভেই শিশুটিকে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আরো এক নারীকে থানায় নিয়ে আসা হয়েছে।

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা | কালের কণ্ঠ