• ই-পেপার

সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে যাত্রীবাহী জাহাজ চলাচল ফের শুরু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে খলিলুর রহমান (৩৯) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।

খলিলুর রহমান উপজেলা বহড়াতৈল গ্রামের মৃত আলম মিয়ার ছেলে এবং বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

খলিলুর রহমানের ফুফাতো ভাই মফিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে রেফ্রিজারেটরে (ফ্রিজে) বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় খলিলুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খলিলুর রহমানের সহকর্মী বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘শিক্ষক হিসেবে খলিলুর রহমান যেমন ভালো ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন অমায়িক। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন।

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দিদের ফিফা বিশ্বকাপ-২০২৬ এর খেলা দেখার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

তিনি জানান, কারাবন্দিদের ফুটবল বিশ্বকাপ দেখাতে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।

শরীফা হক জানান, কারাবন্দিদের অনুরোধে এই ব্যবস্থা করা হয়। ১৮টি ওয়ার্ডে নতুন পাঁচটি টেলিভিশন দেওয়া হয়েছে।

কারাবন্দিরা ফুটবল বিশ্বকাপের আনন্দে থাকলে কারাগারে শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করেন জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, ডিসি স্যারের দেওয়া ৫টি টিভিসহ আমাদের ১৮টি টিভি সংযোগ রয়েছে। এতে সব বন্দি খেলা দেখার সুযোগ পাবে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য স্বীকার করে উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে। এ খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দলসহ এপিবিএন সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাসানী হল ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ, দ্রুত সংস্কার হবে : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
ভাসানী হল ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ, দ্রুত সংস্কার হবে : প্রতিমন্ত্রী টুকু
সংগৃহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ভাসানী হলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে দ্রুত ব্যবহার উপযোগী করা হবে। ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণে যারা বিচরণ করেন, তাদের অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে এক মহান নেতা। কাজেই তার স্মৃতি বিজড়িত এই ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবার।টাঙ্গাইলের সাংস্কৃতিক কেন্দ্র ভাসানী হল দীর্ঘদিনের অবহেলায় জৌলুস হারিয়েছে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, তাই এর গুরুত্ব অনেক। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক ‘ভাসানী হল’ ভবনটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।’

বিএনপির প্রচার সম্পাদক টুকু আরো বলেন, ‘টাঙ্গাইলকে এক সময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন বছরের পর বছর পরিত্যক্ত পড়ে থাকবে—তা হতে পারে না। টাঙ্গাইলের সাংস্কৃতিক চর্চা ফিরিয়ে আনতে এবং স্থানীয় শিল্পীদের জন্য উপযুক্ত স্থান নিশ্চিত করতে এই হলের সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করা হবে। আমরা ইতিমধ্যেই এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। যত দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব—আমরা সেই পদক্ষেপই নেব। একটি ‘মডেল টাঙ্গাইল’ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া প্রমুখ।

ঐতিহাসিক ভাসানী হল পরিদর্শন শেষ করে প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যান। সেখানে তিনি দিনব্যাপী অনুষ্ঠিত একটি বিজ্ঞান উদ্ভাবনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।