• ই-পেপার

ছাতকে পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

পাবনায় অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনায় অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

 

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে গত ১২ ঘন্টায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পাবনার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে গত ১২ ঘন্টায় অভিযান চালিয়ে পাবনা সদরে ৫ জন, ঈশ্বরদীতে ৪ জন, ভাঙ্গুড়ায় ১ জন, ফরিদপুরে ৪ জন, সাঁথিয়ায় ১ জন, বেড়ায় ৩ জন এবং আতাউকুলা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। বাকীদের বিভিন্ন অপরাদের দায়ে নিয়মিত মামলা দায়ের পর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও রয়েছে।

পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, মাদক, ভেজাল পণ্য ও সকল ধরনের অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। পাবনায় যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে খলিলুর রহমান (৩৯) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।

খলিলুর রহমান উপজেলা বহড়াতৈল গ্রামের মৃত আলম মিয়ার ছেলে এবং বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

খলিলুর রহমানের ফুফাতো ভাই মফিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে রেফ্রিজারেটরে (ফ্রিজে) বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় খলিলুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খলিলুর রহমানের সহকর্মী বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘শিক্ষক হিসেবে খলিলুর রহমান যেমন ভালো ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন অমায়িক। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন।

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দিদের ফিফা বিশ্বকাপ-২০২৬ এর খেলা দেখার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

তিনি জানান, কারাবন্দিদের ফুটবল বিশ্বকাপ দেখাতে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।

শরীফা হক জানান, কারাবন্দিদের অনুরোধে এই ব্যবস্থা করা হয়। ১৮টি ওয়ার্ডে নতুন পাঁচটি টেলিভিশন দেওয়া হয়েছে।

কারাবন্দিরা ফুটবল বিশ্বকাপের আনন্দে থাকলে কারাগারে শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করেন জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, ডিসি স্যারের দেওয়া ৫টি টিভিসহ আমাদের ১৮টি টিভি সংযোগ রয়েছে। এতে সব বন্দি খেলা দেখার সুযোগ পাবে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য স্বীকার করে উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে। এ খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দলসহ এপিবিএন সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।