দেশে গৃহস্থালি কাজে ও শিল্পপ্রতিষ্ঠানে পানি ব্যবহারের জন্য স্মার্ট মিটার ও সাবমিটার তৈরি, গর্ভবতী নারীদের ডিজিটাল উপায়ে গর্ভাবস্থার গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য পর্যবেক্ষণ এবং সরকারি অফিসের নথির জন্য কাস্টমাইজড পেপার তৈরির ক্ষেত্রে নানা উদ্ভাবনী আইডিয়া দিয়ে সেরা উদ্ভাবক নির্বাচিত হয়েছেন সাত উদ্ভাবক। বৃহস্পতিবার রাজধানীর বিএএফ শাহীন হলে এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন ২০২১, প্রেগন্যান্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২ ও লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২-এর বিজয়ী উদ্ভাবকদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উদ্ভাবক খালেদ আশরাফের উদ্যোগ ‘ডিজিটাল মাতৃত্ব’ সেরা নির্বাচিত হয়।