সরকার সম্প্রতি সমুদ্রে গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে। গভীর সমুদ্রের ১৫টি ও অগভীর সমুদ্রের ১১টি মিলিয়ে মোট ২৬টি ব্লকের জন্য এ দরপত্র আহবান করা হয়েছে, যার দলিলাদি ক্রয়ের সুযোগ উন্মুক্ত করা হয়েছে গত ১ জুন থেকে। বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের জন্য ২০২৫ সালেও একবার দরপত্র আহবান করা হয়েছিল। কিন্তু সাতটি বহুজাতিক কম্পানি তখন দরপত্র কিনলেও শেষ পর্যন্ত কেউই তা জমা দেয়নি। কেন দেয়নি, তা সহজেই বোধগম্য। মব-শাসনের সেকালে সরকারপ্রধানের ব্যক্তিগত আগ্রহে বিশেষ সুবিধা ভোগকারী স্টারলিংক ছাড়া অন্য কোনো খাতের কোনো কম্পানিই তখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখায়নি এবং সেটি সম্ভবও ছিল না। আর সে কারণেই বহুজাতিক তেল-গ্যাস কম্পানিগুলোও তখন দরপত্র জমাদানে বিরত থাকে। বিষয়টি মোটেও অস্বাভাবিক ছিল না। কারণ পৃথিবীর অন্য যেকোনো দেশে হলেও এ ধরনের পরিস্থিতিতে একইরূপ ঘটনাই ঘটত। কেননা চরম অস্থিরতা ও বিশৃঙ্খলাপূর্ণ একটি দেশে কোনো বিদেশি কম্পানিরই বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখানোর কথা নয়।
তো গ্যাস অনুসন্ধানের কাজে বিদেশি কম্পানিগুলোর এরূপ স্বাভাবিক অনাগ্রহকেই অস্বাভাবিক ধরে নিয়ে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) দেশের স্বার্থ ক্ষুণ্ন হবে নাকি রক্ষা পাবে, সে বিষয়গুলো ভালোভাবে যাচাই-
বাছাই না করেই বিদেশি কম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এরই মধ্যে ঘোষিত দরপত্রের শর্তে বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করে দিয়েছে। পেট্রোবাংলার যুক্তি অনুযায়ী এতে দরপত্রে বিদেশি কম্পানির অংশগ্রহণ বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন সরকারের মেয়াদ তিন মাস পেরোনোর আগেই বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই না করে এবং এ ধরনের একটি উচ্চ কারিগরি বিষয়ে ব্যাপকভিত্তিক বিশেষজ্ঞ মতামত গ্রহণ ছাড়াই তাড়াহুড়া করে এভাবে দরপত্র আহবান করাটা কি আদৌ সমীচীন হয়েছে? অভিজ্ঞ মহলের মতে, এর জবাব হচ্ছে ‘না’। সমুদ্রসীমা নিয়ে ভারত ও মায়ানমারের সঙ্গে সৃষ্ট বিরোধে এতদসংক্রান্ত আন্তর্জাতিক আদালত যথাক্রমে ২০১২ ও ২০১৪ সালে বাংলাদেশের পক্ষে রায় দেওয়ার পর এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু এই এক যুগেও যখন এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি, তখন বিশেষজ্ঞ অভিমত হচ্ছে, বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করে দেখা ও এ বিষয়ে অধিকতর মতামত গ্রহণের জন্য আরো চার-ছয় মাস বিলম্ব হলে তাতে মোটেও এমন বড় কোনো ক্ষতি হয়ে যেত না। কিন্তু সেটি না করে তাড়াহুড়া করে সম্ভাব্য দরদাতা কম্পানির দেওয়া অগ্রিম শর্তে দরপত্র আহবান করার প্রেক্ষিতেই বরং দেশের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এখন দেখা যাক, দরপত্রে অংশগ্রহণকারী সম্ভাব্য বহুজাতিক তেল-গ্যাস কম্পানিগুলোর পরামর্শ মেনে পেট্রোবাংলা তাদের দরপত্রে এমন কী কী শর্ত অন্তর্ভুক্ত করেছে, যা দেশের স্বার্থকে ব্যাপকভাবে ক্ষুণ্ন করতে পারে। এক. ২০১৯ সালের উৎপাদন-বণ্টন চুক্তিতে (পিএসসি) গভীর সমুদ্র থেকে আহরিত প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম যেখানে নির্ধারণ করা হয়েছিল সোয়া সাত মার্কিন ডলার, সেখানে বর্তমান পিএসসিতে তা করা হয়েছে ১১ মার্কিন ডলার—বৃদ্ধির হার ৫৪ শতাংশ। অন্যদিকে অগভীর সমুদ্র থেকে আহরিত প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য পূর্বের ৫ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে বর্তমানে করা হয়েছে ১০ শতাংশ। দুটি শর্তই প্রচণ্ডভাবে দেশের স্বার্থবিরোধী।
দুই. ২০২৩ সালের শ্রম আইনে কম্পানির মুনাফার ৫ শতাংশ শ্রমিক তহবিলে প্রদানের যে বাধ্যবাধকতা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটি সংশোধন করে মাত্র দেড় শতাংশে নির্ধারণ করে। এবং দুর্ভাগ্য ও হতাশার বিষয় এই যে বর্তমান নির্বাচিত সরকারও চরম শ্রমিক স্বার্থবিরোধী ওই অধ্যাদেশটির ওপর জাতীয় সংসদে কোনো প্রকার আলাপ-আলোচনার সুযোগ না দিয়েই উত্থাপনের মাত্র ৬০ সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে গত ৯ এপ্রিল সংসদে সেটি পাস করে নেয়। আর নতুন শ্রমিক আইনে অন্তর্ভুক্ত এই বিধানটির কারণে এ অন্যায্য সুবিধাটি এখন গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যুক্ত হতে যাওয়া বহুজাতিক তেল-গ্যাস কম্পানিগুলোকেও প্রদান করতে হচ্ছে।
তিন. ২০১৯ সালের পিএসসিতে গ্যাস পাইপলাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট তেল-গ্যাস কম্পানির এবং উক্ত নির্মাণ, গ্যাসের মজুদ সংরক্ষণ, গ্যাস সরবরাহকরণ ইত্যাদি বাবদ ব্যয়িত অর্থের বিপরীতে কম্পানি কর্তৃক তখন ট্যারিফ দাবি করার কোনো সুযোগ ছিল না। কিন্তু বর্তমান পিএসসিতে সংশ্লিষ্ট কম্পানিকে এ বাবদ ট্যারিফ সুবিধা প্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।
উল্লিখিত বিষয়াদির বাইরেও উক্ত দরপত্রে এমন আরো কিছু শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে দেশের স্বার্থ—যে ক্ষুণ্ন হবে সেটি সহজেই বোধগম্য। তবে সে ক্ষেত্রে প্রকৃত ক্ষতি নিরূপণের জন্য বিশেষজ্ঞ অভিমতের দ্বারস্থ হওয়া প্রয়োজন। তদুপরি ২০১৯ সালের পিএসসির যেসব ধারা নতুন পিএসসিতে হুবহু রেখে দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যেও এমন কিছু ধারা আছে, যেগুলোতে দেশের স্বার্থরক্ষায় ব্যাপকভিত্তিক পরিবর্তন আনা প্রয়োজন। উদাহরণস্বরূপ ২০১৯ সালের পিএসসিতে শুধু অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে রাষ্ট্র খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানিকে (বাপেক্স) ১০ শতাংশ অংশীদারি দেওয়ার কথা বলা হয়েছিল, যা বর্তমান পিএসসিতেও বহাল রয়েছে। এ ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে অনুরূপ ১০ শতাংশ হিস্যা বাপেক্সকে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমের ক্ষেত্রেও প্রদান করা জরুরি। এ বিধান এখনই সংযুক্ত করা না হলে সেটি হবে সবকিছু জেনেবুঝেও বাংলাদেশের জ্বালানি খাতকে স্থায়ীভাবে পরনির্ভরশীল ও বহুজাতিক তেল-গ্যাস কম্পানিগুলোর কাছে জিম্মি করে রাখার মতো একটি আত্মঘাতী সিদ্ধান্ত। বিষয়টি কি দেশের রাজনীতিক ও সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণের দৃষ্টিতে পড়েছে?
প্রসঙ্গত বলি, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজে বাংলাদেশকে যদি বিশ্বমানের দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের পথে এগোতে হয়, তাহলে এ ধরনের কাজে বাপেক্সকে আরো অধিক হারে যুক্ত করার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞ অভিমত যে বাপেক্সের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মধ্যে সে যোগ্যতা ও দক্ষতা দুই-ই যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু অভিযোগ হচ্ছে, সব সরকারের আমলেই রাষ্ট্রের নীতিনির্ধারকদের ভেতরকার একটি মহল তাদের ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থে বাপেক্সকে সে সুযোগটি দিতে চায়নি এবং এখনো দিতে চান না, যেমনটি নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চান না চিটাগং ড্রাইডক লিমিটেডকে (সিডিডিএল)। সিডিডিএলকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সে ক্ষেত্রে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড যেমন বঞ্চিত হয়, তেমনি বাপেক্সকে গভীর সমুদ্রের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কাজের শরিকানা দিলে সেখানেও সংশ্লিষ্ট বহুজাতিক কম্পানি ও তাদের স্থানীয় প্রতিনিধিদের স্বার্থ ক্ষুণ্ন হয়। বিষয়টির প্রতি দেশের সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি।
২০১৯ সালের পিএসসিতে তেল-গ্যাস কম্পানিসমূহের সব আমদানিকেই কর ও শুল্কমুক্ত রাখা হয়েছিল এবং নতুন পিএসসিতেও তা বদল করা হয়নি। দেশে কর-জিডিপির অনুপাত যেভাবে বছরের পর বছর ধরে প্রায় একই নিম্নচক্রে খাবি খাচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পেতে হলে এ ধরনের কর ও শুল্কমুক্তির ধারা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রবণতা থামাতে হবে। এ ক্ষেত্রে প্রস্তাব হচ্ছে, তেল-গ্যাস কম্পানিগুলোর জন্য কর ও শুল্কমুক্ত সুবিধা বহাল থাকুক; তবে সেটি হতে হবে শুধু মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে।
সব মিলিয়ে তাই বলব, গ্যাস বাংলাদেশের একটি অপার সম্ভাবনাময় খাত। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার স্বার্থে অন্যান্য বিকল্প অনুসন্ধানের পাশাপাশি গ্যাস অনুসন্ধান ও আহরণের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, নিজেদের কারিগরি ও প্রযুক্তিগত পশ্চাৎপদতা, বিনিয়োগ সামর্থ্যের অভাব ও দক্ষতাজনিত ঘাটতির কারণে বাংলাদেশের গ্যাসসম্পদের বেশির ভাগই চলে যাচ্ছে বহুজাতিকদের কবজাধীনে। দেশে গ্যাসের যারা পাইপলাইন ভোক্তা, তাদের অধিকাংশই কি জানেন, তাদের চুলায় বা কারখানায় সরবরাহকৃত এ গ্যাস বহুজাতিক কম্পানিগুলোর কাছ থেকে দুষ্প্রাপ্য বৈদেশিক মুদ্রায় কেনা? যদি জানতেন, তাহলে এ দাবি আরো অনেক আগেই হয়তো জোরদার হতো যে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজে বাপেক্সকে আরো অধিক হারে যুক্ত করার মাধ্যমে স্থানীয় দক্ষতার উন্নয়ন ঘটানো হোক, যাতে উক্ত কাজে বাংলাদেশ ক্রমান্বয়ে আরো স্বনির্ভর হয়ে উঠতে পারে।
গ্যাস অনুসন্ধানসংক্রান্ত দরপত্র আহবান প্রসঙ্গে ওপরে যা যা বলা হলো, তার পুরোটাই এ দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার অংশ হিসেবে বলা। অতএব রাষ্ট্রের সিদ্ধান্ত প্রণেতাদের কাছে অনুরোধ, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এ প্রস্তাবগুলোর আলোকে গ্যাস অনুসন্ধানসংক্রান্ত উল্লিখিত দরপত্র-দলিলসমূহ অবিলম্বে পর্যালোচনা ও সংশোধন করা হোক, যে সুযোগ ওই দরপত্র-দলিলের ভেতরেই রয়েছে, যেমনটি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি পর্যালোচনা বা বাতিলের সুযোগও।
লেখক : আর্থ-সামাজিক বিশ্লেষক



বাংলাদেশের ইতিহাসেও কিন্তু সেটাই ঘটেছে। মতাদর্শিকভাবে জামায়াতে ইসলামীই যে দেশের জন্য তো বটেই, নিজেদের দলের জন্যও প্রধান শত্রু, আওয়ামী লীগের নব্য ফ্যাসিবাদী নেতৃত্ব সেই স্থূল সত্যটাকে উপেক্ষা করে; শুধু তাই নয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখার ব্যাপারে তাদের বুর্জোয়া প্রতিদ্বন্দ্বী বিএনপিকেই প্রধান শত্রু বলে ধরে নিয়ে তদনুযায়ী আচরণ করে। এটা অবশ্য অপ্রত্যাশিত ছিল না, তবে দেশবাসীর দিক থেকে যেটা প্রত্যাশিত ছিল সেটা হলো স্বাধীন বাংলাদেশে সমাজতন্ত্রীরাই প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রত্যাশার কারণও ছিল। সেটা এই যে পাকিস্তানের প্রতিষ্ঠার পর প্রথমে স্বাধীনতার ও পরে মুক্তির সংগ্রামে জাতীয়তাবাদীদের পাশাপাশি সমাজতন্ত্রীরা সর্বক্ষণই উপস্থিত ছিলেন; বস্তুত তাঁরাই ছিলেন মূল চালিকাশক্তি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে এবং তার আগে সত্তরের নির্বাচনেও; আওয়ামী লীগ যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে সেটা দেশের সংগ্রামী মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা অসম্ভব—এই বিবেচনা থেকেই। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল সমাজতন্ত্রীরা পিছিয়ে যাচ্ছেন, রাষ্ট্রক্ষমতা দখল করে নিয়েছে বুর্জোয়ারা। সমাজতন্ত্রীদের মধ্যে রুশপন্থী-চীনপন্থী আত্মঘাতী বিভাজন, রুশপন্থীদের আওয়ামী লীগের সঙ্গে থাকার প্রবণতা, চীনপন্থীদের বিভ্রান্তি ও বিভক্তি, এসবের মধ্য দিয়ে আরো একটি ঘটনা ঘটল, সেটা হলো আওয়ামী লীগের সম্ভাব্য বিকল্প হিসেবে এবং সমাজতন্ত্রীদের কার্যকর অনুপস্থিতির দরুন সৃষ্ট শূন্যতা পূরণের সুযোগকে ব্যবহার করে আওয়ামীপন্থী তরুণদের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবির্ভাব। দলটি সমাজতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার যতটা উচ্চৈঃস্বরে ঘোষণা করা সম্ভব সেভাবেই করেছে, তাদের দলের নামকরণেও সমাজতন্ত্র জ্বলজ্বল করেছে, কিন্তু তাদের মূল নেতৃত্ব যে সমাজতন্ত্রবিরোধী ছিল সেটা শুধু যে তাদের পূর্বপরিচয়ের মধ্যেই সুপ্ত ছিল তা নয়, নিজেদের ‘জাতীয় সমাজতান্ত্রিক’ পরিচয়দানের ভেতর দিয়েও প্রকাশ পেয়েছে বৈকি। চক্ষুষ্মানরা দেখতে ভুল করেননি, এবং স্মরণ না-করে পারেননি যে নািস হিটলার এবং ফ্যাসিস্ট মুসোলিনিও ‘জাতীয়তাবাদী সমাজতন্ত্র’ প্রতিষ্ঠার জন্যই লড়ছিলেন। একদিকে সমাজতন্ত্রীদের ব্যর্থতা, অপরদিকে মুখে সমাজতন্ত্রী অন্তরে সমাজতন্ত্রবিরোধী জাসদের উগ্র অভ্যুদয়—এই দুই ঘটনা বাংলাদেশে বুর্জোয়াদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে যে প্রভূত পরিমাণে সহায়তা প্রদান করেছে সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। জাসদের ক্ষতিকর ভূমিকা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখানে কৌতূহলোদ্দীপক একটি ঘটনার উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না। জামায়াতে ইসলামীর বর্তমান আমির সম্পর্কে জানা যাচ্ছে যে ছাত্রাবস্থাতেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটা ঘটেছিল জাসদের ছাত্রসংগঠনের মধ্য দিয়ে। তারপর তিনি ইসলামী ছাত্রশিবির হয়ে জামায়াতে প্রবেশ করেছেন এবং অবশেষে সর্বোচ্চ নেতৃত্বে সংস্থাপিত হয়েছেন। 


বিশ্বকাপ ফুটবল তো শুধু আমাদের দেশে নয়, বিশ্বজনীন এক মহোৎসব। খেলাটি পুরো দুনিয়াকে একত্র করছে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে। মানুষ জীবনের রং খুঁজে পায় এই খেলার মধ্যে। এই খেলার ভাষা ও জয়-পরাজয়ের অনুভূতি আর আবেগের মধ্যে পার্থক্য নেই। বিশ্বকাপে যারা সরাসরি জড়িত তাদের চেয়ে আমাদের আবেগ-উৎকণ্ঠা, এমনকি উন্মাদনা কোনো অংশে কম নয়। এখানেই এই খেলার সবচেয়ে বড় জয়। সবচেয়ে বড় বিষয় হলো, খেলার প্রতি নিরলস ভালোবাসা আর আবেগের বহিঃপ্রকাশ। ফুটবল সব সময় মানুষকে কাছে টানে
এবারই প্রথম তিন দেশ মিলিয়ে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) বিশ্বকাপের আয়োজক। অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হয়েছে। ম্যাচ এখন ১০৪টি। ম্যাচ বাড়াতে খেলার দিনও বেড়েছে। বিশ্বায়নের দোহাইয়ের পেছনে ফিফার আয়ও এবার বেড়েছে। আবার এই আয় দুনিয়াজুড়ে ফুটবলের উন্নয়নের কাজে ব্যয় করা হবে বলে অনেক আগেই ফিফা জানিয়েছে। ফিফার কাছ থেকে আমাদের বরাদ্দ বাড়বে বলে ফুটবল ফেডারেশনের গভর্নিং বডির একজন সদস্য জানিয়েছেন। তবে কোন কোন খাতে ফিফা বরাদ্দ বাড়াবে