বিভিন্নভাবে বসুন্ধরা শুভসংঘ সামাজিক সচেতনতা, পরিবেশ, শিক্ষা, খেলাধুলায় উদ্বুদ্ধ, শীতার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসচ্ছল মেধাবীদের নিয়ে কাজ করছে। তাদের তেমনই একটি উদ্যোগ অসচ্ছল নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান। বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে যাঁরা মেশিন পেলেন, তাঁরা যদি বাসায় বসে আয় করার মাধ্যমে পরিবারকে সহায়তা করতে পারেন, তাহলে এটি হবে বড় একটি বিষয়। উপকারভোগীরা শুরুতে নিজের পরিবারের পরিধেয় কাপড় নিজেরাই সেলাই করার মাধ্যমে আরো দক্ষ হয়ে উঠবেন। আর এর মাধ্যমে আশপাশের মানুষ বাড়িতে এসে কাজের অর্ডার দিয়ে যাবে। বাসায় বসে কাজ করতে করতে এসব নারী হয়তো একদিন দোকানের মালিক হয়ে পরিবারে সচ্ছলতা নিয়ে আসতে পারবেন। দেশব্যাপী বসুন্ধরা গ্রুপের এই মানবিক কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক সাধুবাদ জানাই। ২০ জন অসচ্ছল নারীকে তিন মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাঁদের সবাইকে একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন পাওয়া দরিদ্র পরিবারের এসব নারীর হাস্যোজ্জ্বল মুখ এবং আনন্দ দেখে আমি সত্যি খুব আনন্দিত। নারীরা দক্ষ হলে গ্রামীণ অর্থনীতি ও সমাজের চিত্রও ইতিবাচকভাবে বদলে যাবে।




