‘বর্তমান সরকারের আমলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসম্মত অবকাঠামো ভিত্তি ও ডিজিটাল শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কারণ মানসম্মত শিক্ষা অর্জনের জন্য ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই।’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ কথা বলেন। তিনি বৃহস্পতিবার নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের পাঁচ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন। এতে প্রধান বক্তার বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। কোনো ষড়যন্ত্র দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।’ কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জালাল আহমেদ, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সাইফুদ্দিন খালেদ, শৈবাল দাস সুমন, আনজুমান আরা বেগম ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির উপানুষ্ঠানিক পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে পাঁচ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। এ ভবনে ২০টি কক্ষ থাকবে।