• ই-পেপার

দেশে মুক্তি পাচ্ছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা

প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

বিনোদন ডেস্ক
প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তিনি। এরই মধ্যে তার একটি ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ফেসবুকে বেলুন হাতে একটি ছবি পোস্ট করেন প্রভা। ছবির বেলুনে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। তা নিয়ে বিস্তর আলোচনা চলছে, অভিনেত্রী কি নতুন করে কারো প্রেমে পড়েছেন? তবে এ বিষয়ে প্রভা কোনো মন্তব্য করেননি।

নেপালের মেঘ-পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভ্রমণের ছবি আপলোড করছেন তিনি। 

একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।’

পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ওই ছবিটিতে কয়েক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য এসেছে। মাহমুদ নামে এক নেটিজেন মন্তব্য করেছেন, আপনাকে সুন্দর লাগছে।

‘৩৭০ টাকার বিরিয়ানি’ মন্তব্যে বিতর্ক, ক্ষোভ প্রকাশ করলেন কুশা কপিলা

বিনোদন ডেস্ক
‘৩৭০ টাকার বিরিয়ানি’ মন্তব্যে বিতর্ক, ক্ষোভ প্রকাশ করলেন কুশা কপিলা
সংগৃহীত ছবি

ভারতীয় ইউটিউবার হিমাংশু জাংরার একটি কনটেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নারীদের ডেটিং সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ প্রসঙ্গ টেনে করা তার মন্তব্যকে আপত্তিকর ও নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন অনেকেই।

বিতর্কিত ওই কনটেন্টে হিমাংশু জাংরা দাবি করেন, অনেক নারী নাকি শুধু ‘৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি’র বিনিময়ে পুরুষদের সঙ্গে ডেটে যান বা নিজেদের আত্মসম্মান বিকিয়ে দেন। তার এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেনের মতে, এ ধরনের বক্তব্য নারীদের প্রতি অসম্মানজনক এবং তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়ায়।

দদ

বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কুশা কপিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেন এবং নারীদের বিরুদ্ধে অপমানজনক কনটেন্টের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

কুশা বলেন, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নারীদের হেয় করে কনটেন্ট তৈরি করা উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। তিনি মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু আপত্তিকরই নয়, বরং সমাজে নারীদের প্রতি বিদ্যমান নেতিবাচক মানসিকতাকেও উসকে দেয়।

তার এই অবস্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী কুশার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, বিনোদন বা কমেডির নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা গ্রহণযোগ্য হতে পারে না।

এদিকে বিতর্কিত মন্তব্যের বিষয়ে হিমাংশু জাংরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ, হবে নতুন ময়নাতদন্ত

বিনোদন প্রতিবেদক
সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ, হবে নতুন ময়নাতদন্ত
সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে ২০ মে আদালতে এসংক্রান্ত আবেদন করা হয়েছিল।

বুধবার (১০ জুন) তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃতদেহ (লাশ) কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব।’

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর মা নিলুফা জামান চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং পরিবারের সদস্যরা তার নিউ ইস্কাটনের বাসায় যান। সেখানে তাদের জানানো হয়, তিনি ঘুমিয়ে আছেন। পরে বাসা থেকে ফোন পেয়ে তারা দ্রুত ফিরে এসে তাকে শয়নকক্ষে অচেতন অবস্থায় দেখতে পান।

এরপর সালমান শাহকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণের কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদীপক্ষ অভিযোগ করেছে, সালমান শাহর মৃত্যু স্বাভাবিক ছিল না এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এসব অভিযোগের বিচারিক প্রমাণ এখনো আদালতে প্রতিষ্ঠিত হয়নি এবং মামলাটির তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর পর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। পরে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা করা হয়।

এখন আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে নতুন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করবে তদন্ত সংস্থা সিআইডি।

কেন ভেঙেছিল করণ-জেনিফারের বিয়ে?

বিনোদন ডেস্ক
কেন ভেঙেছিল করণ-জেনিফারের বিয়ে?
সংগৃহীত ছবি

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেট। ২০১৪ সালে বলিউড অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী জীবন কাটিয়েছেন তিনি। অবশেষে দুবাইয়ের ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামকে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী।

বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ফের আলোচনায় এসেছে জেনিফারের পুরোনো দাম্পত্য জীবন ও করণ সিং গ্রোভারের সঙ্গে তার বিচ্ছেদের প্রসঙ্গ।

২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার উইংগেট। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায়, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদ তখন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে করণ ও জেনিফারের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অনস্ক্রিন জুটি হিসেবে জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনে সেই সম্পর্ক টেকেনি।

বিচ্ছেদের কয়েক বছর পর এক সাক্ষাৎকারে জেনিফার জানান, জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালেই তিনি করণকে বিয়ে করেন। তখন তার সিদ্ধান্ত নিয়ে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যেও আপত্তি ছিল।

তিনি বলেছিলেন, আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরত। অনেকেই আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, এমনকি আমার বাবা-মাও। কিন্তু আমি তখন কারও কথায় কান দিইনি।

তিনি আরও জানান, তখন তিনি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিয়ে সম্পর্কে পূর্ণ ধারণা ছাড়াই সংসার শুরু করেছিলেন।

সবচেয়ে আলোচিত মন্তব্যে তিনি বলেছিলেন, ‘আমি আসলে তখন শুধু গৃহবধূই হতে চাইতাম। কাজ না পেলেও আমার কোনো সমস্যা হতো না।’

তবে সেই সংসার বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, আমি খুবই ভেঙে পড়েছিলাম। নিজেকে হারিয়ে ফেলেছিলাম।

পরে ধীরে ধীরে অভিনয়ে ফিরে আসেন জেনিফার উইংগেট। অন্যদিকে করণ সিং গ্রোভার পরবর্তীতে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৬ সালে তারা বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

বর্তমানে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন জেনিফার উইংগেট। তার আসন্ন বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি পুরোনো সম্পর্ক নিয়েও চলছে আলোচনা।