• ই-পেপার

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ, হবে নতুন ময়নাতদন্ত

কেন ভেঙেছিল করণ-জেনিফারের বিয়ে?

বিনোদন ডেস্ক
কেন ভেঙেছিল করণ-জেনিফারের বিয়ে?
সংগৃহীত ছবি

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেট। ২০১৪ সালে বলিউড অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী জীবন কাটিয়েছেন তিনি। অবশেষে দুবাইয়ের ব্যবসায়ী ইসমাইল উইলিয়ামকে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী।

বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ফের আলোচনায় এসেছে জেনিফারের পুরোনো দাম্পত্য জীবন ও করণ সিং গ্রোভারের সঙ্গে তার বিচ্ছেদের প্রসঙ্গ।

২০১২ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার উইংগেট। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায়, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদ তখন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে করণ ও জেনিফারের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অনস্ক্রিন জুটি হিসেবে জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনে সেই সম্পর্ক টেকেনি।

বিচ্ছেদের কয়েক বছর পর এক সাক্ষাৎকারে জেনিফার জানান, জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালেই তিনি করণকে বিয়ে করেন। তখন তার সিদ্ধান্ত নিয়ে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যেও আপত্তি ছিল।

তিনি বলেছিলেন, আমার মাথায় তখন নানা চিন্তা ঘুরত। অনেকেই আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, এমনকি আমার বাবা-মাও। কিন্তু আমি তখন কারও কথায় কান দিইনি।

তিনি আরও জানান, তখন তিনি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিয়ে সম্পর্কে পূর্ণ ধারণা ছাড়াই সংসার শুরু করেছিলেন।

সবচেয়ে আলোচিত মন্তব্যে তিনি বলেছিলেন, ‘আমি আসলে তখন শুধু গৃহবধূই হতে চাইতাম। কাজ না পেলেও আমার কোনো সমস্যা হতো না।’

তবে সেই সংসার বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, আমি খুবই ভেঙে পড়েছিলাম। নিজেকে হারিয়ে ফেলেছিলাম।

পরে ধীরে ধীরে অভিনয়ে ফিরে আসেন জেনিফার উইংগেট। অন্যদিকে করণ সিং গ্রোভার পরবর্তীতে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৬ সালে তারা বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

বর্তমানে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন জেনিফার উইংগেট। তার আসন্ন বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমনি পুরোনো সম্পর্ক নিয়েও চলছে আলোচনা।

কবে ফুটবে ‘গোলাপ’?

বিনোদন প্রতিবেদক
কবে ফুটবে ‘গোলাপ’?
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আশার খবর মিলেছে নিরব ও পরীমনি অভিনীত সিনেমা ‘গোলাপ’ নিয়ে। ঘোষণার পর একাধিক কারণে ছবিটির শুটিং বারবার পিছিয়ে গেলেও এবার সব জটিলতা কেটে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন দুই তারকা।

প্রায় দুই বছর ধরে ছবিটি নিয়ে তেমন কোনো অগ্রগতি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিরবের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর নতুন করে আলোচনায় আসে ‘গোলাপ’। ছবিটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে।

এ বিষয়ে নিরব বলেন, ‘নানা কারণে ছবিটি এখনো শুটিং ফ্লোরে গড়ায়নি। তবে এবার সব ঝামেলা চুকে গেছে। জুলাই থেকেই আমরা শুটিং করব। পরী যে ছবিটি পোস্ট করেছে, সেটা ঈদের আগে তোলা।’

May be an image of one or more people, beard and suit

তিনি আরো বলেন, ‘আমরা একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। এরপর আসলে ‘গোলাপ’ নিয়ে কথা বললাম। ছবিটি নিয়ে পরীরও দারুণ আগ্রহ। আশা করছি, দ্রুত শুটিং শেষ করে আমরা দর্শকের জন্য পর্দায় হাজির করব ছবিটি।’

জানা গেছে, ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে থ্রিলারধর্মী গল্পে নির্মিত হবে ‘গোলাপ’। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। ছবিটি পরিচালনা করবেন সামছুল হুদা।

প্রকাশ্যে ‘আলফা’র টিজার, অ্যাকশনে চমকে দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে ‘আলফা’র টিজার, অ্যাকশনে চমকে দিলেন আলিয়া
সংগৃহীত ছবি

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন ‘আলফা’র টিজার প্রকাশ পেয়েছে। টিজারে প্রথমবারের মতো এক দুর্ধর্ষ নারী ঘাতকের চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে। অ্যাকশন, রহস্য ও আবেগের মিশেলে তৈরি এই ঝলক ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

শিব রাওয়াইল পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমায় আলিয়া এমন এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে ছোটবেলা থেকেই একজন দক্ষ ঘাতক হিসেবে গড়ে তোলা হয়। 

টিজারে দেখা যায়, তার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। মেয়ের ১৮তম জন্মদিনেই তিনি তাকে প্রথম হত্যার দায়িত্ব দেন, আর সেখান থেকেই শুরু হয় তার বিপজ্জনক যাত্রা।

টিজারে আরও উঠে এসেছে ‘আলফা’ নামের একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচির কথা, যেখানে ভবিষ্যৎ ভারতীয় যোদ্ধাদের তৈরি করা হয়। বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে আলিয়ার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে।

May be an image of text

‘আলফা’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুরও। সিনেমার আরেক প্রধান চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই সেই চরিত্রের পরিচয়ও প্রকাশ করা হবে।

সিনেমাটি সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলফা একটি খাঁটি পপকর্ন এন্টারটেইনার, যা সিনেমার পর্দায় নারীদের নেতৃত্বে নির্মিত এক অভূতপূর্ব অ্যাকশন ফিল্মের মাধ্যমে দুই মেয়ের আলফা মনোভাবের উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে।’

প্রথমে সিনেমাটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা ছিল। পরে ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় মুক্তির তারিখ পরিবর্তন করে ১৭ এপ্রিল ২০২৬ নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত এটি আগামী ৩ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যাত্রা শুরু হয় ২০১২ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘টাইগার ৩’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘ওয়ার ২’-এর মাধ্যমে এই ইউনিভার্স আরও বিস্তৃত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আলিয়া ভাটের ‘আলফা’, যেখানে নারী-কেন্দ্রিক অ্যাকশন গল্পই মূল আকর্ষণ।
 

বিতর্কের জেরে ছেঁটে ফেলা হলো জাহ্নবীর সেই আবেদনময়ী দৃশ্য

বিনোদন ডেস্ক
বিতর্কের জেরে ছেঁটে ফেলা হলো জাহ্নবীর সেই আবেদনময়ী দৃশ্য
সংগৃহীত ছবি

মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পেডি’। বিশেষ করে জাহ্নবী কাপুরকে ঘিরে কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দর্শক ও নারী অধিকারকর্মীদের আপত্তির পর অবশেষে সেই দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বুচি বাবু সানা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানান, জাহ্নবীর চরিত্র ‘আচিয়ামা’ গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে অনেকেই এটিকে অপ্রয়োজনীয় হিসেবে ব্যাখ্যা করেছেন। 

তাঁর দাবি, মূল চরিত্র পেডির ব্যক্তিত্ব ও মানসিক বিকাশ তুলে ধরতেই এই চরিত্রের প্রয়োজন ছিল।

নিজের ভুল স্বীকার করে বুচি বাবু সানা বলেন, ‘এই প্রক্রিয়ায় কয়েকটি শট বিভ্রান্তিকর হয়ে যায়, আমরা তা সংশোধনের ব্যবস্থা করেছি এবং সেগুলো সরিয়ে ফেলেছি।’

বিতর্কিত দৃশ্যগুলোর একটিতে জাহ্নবী কাপুরকে পরিচয় করানোর সময় ক্যামেরার উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়। এ ছাড়া আরেকটি দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র পেডি আচিয়ামাকে তার সম্মতি ছাড়া চুম্বন করছে। এই দৃশ্য নিয়েও দর্শকদের একাংশ আপত্তি জানান।

এ বিষয়ে পরিচালক বলেন, পাহাড়ঘেরা প্রত্যন্ত গ্রামের এক রুক্ষ স্বভাবের মানুষ হিসেবে পেডির চরিত্রকে তুলে ধরার উদ্দেশ্যেই এমন দৃশ্য রাখা হয়েছিল। 

তাঁর মতে, চরিত্রটি ভালোবাসা প্রকাশের ভিন্ন কোনো উপায় জানে না—এই বিষয়টিই দেখানোর চেষ্টা করা হয়েছিল।

আশির দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘পেডি’। প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি এই সিনেমায় রাম চরণ ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মা।

গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর বিতর্কে জড়ালেও বক্স অফিসে সিনেমাটি উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। তবে সমালোচনার পর নির্মাতার এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।