সকাল। শহরজুড়ে তখন অফিসগামী মানুষের ভিড়। ভ্যানে, গাড়িতে, রিকশায়, হেঁটে স্কুল-কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়ারা যাচ্ছে হৈ-হুল্লোড় করতে করতে। রাস্তায় মৃদু যানজট। এই সময়ে একটি গাড়ি পুরান ঢাকার গেণ্ডারিয়া থেকে ছুটে আসে উত্তরা-ধানমণ্ডি-হাতিরঝিলের দিকে। গাড়িটি শখের। ভেতরে বসে ফেসবুকে, ভাইবারে ডুবে থাকেন। কখনো মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে নতুন নাটকের চিত্রনাট্য। ঘুম লেগে থাকে চোখে। কখনো মন ফুরফুরে, কখনো প্রবল বিরক্তিতে কুঁচকে আসে ভ্রু। এটি প্রায় প্রতিদিনকার দৃশ্য। পথের দূরত্ব আর গায়ে লাগে না এখন। অভ্যাস হয়ে গেছে। প্রায় প্রতিদিনই বলা হলো তার কারণ, এখন মাসের বেশির ভাগ দিনই শুটিং থাকে শখের। হয় নাটক, নয়তো বিজ্ঞাপনচিত্র, অথবা ফটোশুট। ক্লাসও থাকে। পড়ছেন শান্ত-মারিয়ামে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে। শখ তাই নিয়মিতই শহরের এ প্রান্ত-ও প্রান্তের যাত্রী। তাঁর নামের আগে-পরে নিয়মিত শব্দটি বড় বেমানান ঠেকত বছরখানেক আগেও। খুব নাকি শিডিউল ফাঁসাতেন! শখের বিরুদ্ধে এসব অভিযোগ প্রচলিত। 'হুম, আগে ছিল, এখন আর এসব অভিযোগ শুনবেন না। এখন আমি অনেক কিছুই বুঝতে শিখেছি, দায়িত্ব বেড়েছে, আন্তরিকতাও'-অভিযোগের বিপরীতে বললেন শখ। আগে তো যোগাযোগই করা যেত না তাঁর সঙ্গে! না ফোনে, না অনলাইনে! এখন শখকে পাওয়া যায়। নিয়ম করে সেটে আসেন। আগ্রহ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান। সবার সঙ্গে মন খুলে হাসেন। অভিনয়ের জন্য 'কষ্ট'ও করেন! সাম্প্রতিক উদাহরণই দেওয়া যাক। কনকনে শীত। এদিকে পরিচালক রেখেছেন বৃষ্টির দৃশ্য। এই শীতে বৃষ্টিতে ভিজতে হবে, সম্ভব? কিন্তু শখ সম্ভব করেছেন। কাঁপতে কাঁপতে কৃত্রিম বৃষ্টিতে ঘণ্টাদুয়েক ভিজেছেন। মেকআপ রুমে ঢুকেই ফেসবুকে। অভিনয়ের জন্য আর্টিস্টরা কত কষ্ট করেন-সেটা লিখলেন স্ট্যাটাসে। এমনই এক নাটকের শুটিংয়ে শখের সঙ্গে দেখা। তিনি শট দিচ্ছেন। খুব ব্যস্ত। যে লোকটা শখের গাড়ির ড্রাইভার, তিনি নিয়োগ পেয়েছেন বেশি দিন হয়নি। শুটিং, ক্যামেরা, শখের তারকাখ্যাতি-এসবের মধ্যে পড়ে বেচারা ভ্যাবাচ্যাকা খাচ্ছেন। তবে মজাও পাচ্ছেন। আগ্রহ নিয়ে তাকাচ্ছেন চারদিকে। একটু পরে শখ এলেন। গাড়ি থেকে কিছু একটা নিয়ে আবার চলেও গেলেন। যেতে যেতে বললেন, 'দাঁড়ান, সুখবর আছে।' এখন তো প্রায় দিনই শখের সুখবর! নতুন নাটক, পর পর কয়েকটা বিজ্ঞাপনচিত্র, চলচ্চিত্রের অফারও নাকি আসছে অনেক। কী সুখবর দেবেন শখ? চিন্তা দূরে রেখে শখ আসা পর্যন্ত অপেক্ষা করা যাক। ওহ্ আচ্ছা, সুখবরের তালিকায় একটা নাম তো বাদই পড়ে গেছে! নাচ-নাচের অনুষ্ঠান বিষয়ক কোনো সুখবর দেবেন নাকি! নাচ যে তাঁর কত প্রিয়! এমনকি একদিন এটাও বলেছিলেন, 'অভিনয় করতে আমার ভালো লাগে না। কিন্তু অনুরোধ ফেলতে পারি না। ভালো লাগে নাচ করতে। মাঝেমধ্যে হয়তো একটি-দুটি বিজ্ঞাপনের কাজ করলাম।' এ কথা থেকে শখ এখন খানিকটা সরে এসেছেন যদিও। প্রতিমাসেই কয়েকটা নতুন নাটক করছেন, তালিকায় ধারাবাহিকও আছে। সাগর জাহানের ধারাবাহিক 'মিলার বারান্দা' শুরু করেছেন। শখ এলেন কিছুক্ষণ পর। সুখবরটা দেবেন কি দেবেন না-ভাবনায় পড়ে গেলেন। শুধু এটুকু বললেন, 'নতুন ফিল্ম করছি। কথাবার্তা পাক্কা। এখনো নায়ক চূড়ান্ত হয়নি। পরিচালক বলে দিয়েছেন নায়ক চূড়ান্ত হলেই ঘোষণা দেবেন। আচ্ছা, আমি যে আবার ফিল্ম করতে রাজি হয়েছি এটাই তো বড় সুখবর!' বলেই হাসলেন। একটু পর বললেন, "শাকিবের বিপরীতে 'বলো না তুমি আমার' ও নিলয়ের বিপরীতে 'অল্প অল্প প্রেমের গল্প' মোটামুটি ভালো যাওয়ার পর আমার আত্মবিশ্বাস বেড়েছে। তৃতীয় ছবিটা শুরু করতে চাই এখনই।"