ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন তানিয়া। কাজের দিক থেকে এই প্রতিযোগিতার অন্যদের তুলনায় এখন পর্যন্ত তিনিই আছেন এগিয়ে। ক্যারিয়ারে যুক্ত হয়েছে দুটি চলচ্চিত্র। প্রথম ছবি 'ঘাসফুল'। ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রকল্প বুটিকস সিনেমার আওতায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকরাম খান। ছবিতে তাঁর বিপরীতে আছেন কাজী আসিফ। এরপর তানিয়া যুক্ত হয়েছেন এস এম শাকিলের 'এ ডার্ক স্টোরি'তে। ছবিটি নির্মিত হয়েছে অমর জুটি জোসেফ-জুলির প্রেমকাহিনী অবলম্বনে। সেই হিসাবে ছবিটি নিয়ে একটু বেশিই আশাবাদী তানিয়া। 'এ ডার্ক স্টোরি'র শুটিং শেষ। তবে 'ঘাসফুল'-এর কয়েকটি গানের কাজ বাকি আছে এখনো। তানিয়া বললেন, 'অনেক আগে থেকেই চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নিজের যোগ্যতা দিয়ে বড় পর্দায় টিকে থাকতে চাই। এ ছবি দুটি সে ইচ্ছা পূরণ করবে বলে আমার বিশ্বাস।' 'ঘাসফুল'-এর শুটিং হয়েছে কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে। তানিয়ার জন্য সেটা অন্য রকম অভিজ্ঞতা। গত বছর তানিয়া আলোচিত হয়েছিলেন এশিয়ান ডুপ্লেক্স বিজ্ঞাপন দিয়ে। এই বিজ্ঞাপনে শাকিব খানের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এরপর সিটি ব্যাংকের পর পর ছয়টি বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন। এ ছাড়া আরো কিছু কম্পানির মডেল হয়ে টিভি পর্দায় নিয়মিত দেখা দিচ্ছেন তিনি। ফয়সাল খান রিপনের 'ঝুঁকির মধ্যে আছি', ফেরারী অমিতের 'পাগলা ঘোড়া', রায়হান খানের 'যদি না বলো' তানিয়া অভিনীত উল্লেখযোগ্য নাটক। সম্প্রতি তিনি অভিনয় করলেন রায়হান খানের 'ফেস' ধারাবাহিকে। টিভি নাটকে বেশি অভিনয় করলেও চলচ্চিত্রই তানিয়ার মূল লক্ষ্য। তিনি স্বপ্ন দেখেন বড় পর্দার নায়িকা হয়েই জয় করবেন এ দেশের কোটি দর্শকের মন। মুন্সীগঞ্জের মেয়ে তানিয়া। হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিবিএ পড়ছেন। বাবা তাঁর চাকরি সূত্রে অনেক বছর ধরেই প্রবাসে। দুই বোনের মধ্যে তানিয়া ছোট। বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। তানিয়া নাচ শিখছেন ছোটবেলা থেকেই। অভিনয়ে এসে সেই দক্ষতা কাজে লেগেছে। বললেন, 'চলচ্চিত্রে নাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমি তো সেটা জানি। তাই আশা করছি, দর্শকদের ভালো কিছুই দিতে পারব।'