জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ সময় আগামী ৮ আগস্ট অনুষ্ঠেয় ‘এসডিজি স্থানীয়করণবিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেয়। আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘এসডিজি স্থানীয়করণবিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে আমন্ত্রণের জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান কায়সার কামাল। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, ‘বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।

