• ই-পেপার

কাউখালী প্রশাসন

অতিরিক্ত দায়িত্বে চলছে ৮ দপ্তর

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক। গত সোমবার অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতে ইসলামীর সদস্য পদ (রোকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে জেলা শাখার সেক্রেটারি হিসেবে এনামুল হককে নতুন দায়িত্ব দেওয়া হয়। জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

স্পিকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট, যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
স্পিকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট, যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেসবুকে জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলে যুবলীগের সাবেক এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পাশের গফরগাঁও উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম মো. আবু ইয়াহিয়া সুমন ৩৫)। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি আবদুল কদ্দুস মাখন নামে একটি ফেসবুক পেজ থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে নিয়ে কটূক্তিমূলক ও বিতর্কিত পোস্ট করা হয়, যেখানে স্পিকারকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়। যুবলীগ নেতা সুমন ওই পোস্টটি নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করে বেশ কয়েকজন ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে দেন।

 

পাউবোর খালে ইউপি সদস্যের ভবন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাউবোর খালে ইউপি সদস্যের ভবন

পাবনার ভাঙ্গুড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালে আরসিসি ভিত দিয়ে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদ এই ভবন নির্মাণ করছেন।

জানা যায়, ১৯৮৩-৮৪ অর্থবছরে সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে রাজশাহীর চারঘাট পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া গ্রামের মধ্য দিয়ে পাউবোর অধিভুক্ত জমি থেকে মাটি কেটে প্রায় দুই কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে পাউবোর জমিতে তৈরি হওয়া খাল ইজারা নিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এর মধ্যে হারুনুর রশিদ এই খালে ভবন নির্মাণ করে দখলে নিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হারুনুর রশিদ সম্প্রতি দোকানের পেছনের অংশ সম্প্রসারিত করতে আরসিসি ভিত দিয়ে নতুন করে পিলার নির্মাণকাজ শুরু করেছেন। 

ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, অনেকেই পাউবোর জায়গায় ভবন নির্মাণ করেছে। তাই আমিও ভবন সম্প্রসারণের কাজ শুরু করেছিলাম।

পাউবোর ভাঙ্গুড়া শাখার উপসহকারী প্রকৌশলী মাহাতাব উদ্দিন জানান, সরকারি সম্পত্তিতে এ ধরনের ভবন নির্মাণ করার সুযোগ নেই।

 

 

দৌলতপুর-শাহপুর সড়ক বেহাল

খুলনা অফিস
দৌলতপুর-শাহপুর সড়ক বেহাল

মহানগরী খুলনার দৌলতপুর মহসিন মোড় থেকে আড়ংঘাটা হয়ে আমভিটা শাহপুর আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। এর মধ্যে কমপক্ষে ১০ কিলোমিটার নিয়ে ভোগান্তিতে পড়েছে ১০ সহস্রাধিক মানুষ। সড়কের কোথাও কোথাও বিটুমিন ও পাথর উঠে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই ইজি বাইক, মাহেন্দ্র, পণ্যবোঝাই যানবাহন উল্টে যাচ্ছে। বিশেষ করে শাহপুর বাজার, থুকড়া মাদরাসা, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আমভিটা বাজার, খানজাহান আলী কৃষি কলেজের সামনে, শলুয়া বাজার, শলুয়া পূর্ণচন্দ্র বিদ্যালয়ের সামনে, বাইপাস সড়কের সামনে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, সংস্থাটি সড়কটি আধুনিক ও টেকসই প্রযুক্তিতে পুনর্নির্মাণের জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। চলতি মাসে ২৩ জুলাই আড়ংঘাটা রেলস্টেশন থেকে শাহপুর অংশ দরপত্র দাখিল শেষ হবে। আগামী সেপ্টেম্বরে মহসিন মোড় থেকে আড়ংঘাটা অংশ ও চলতি অর্থবছরের পুরো অংশের সংস্কার শেষ করার পরিকল্পনা রয়েছে।

কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ লক্ষ্মী রানী, সবিতা মণ্ডল জানান, রাস্তাটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ তাঁদের এলাকার মানুষ মাছ-সবজি, দুধ নিয়ে এই রাস্তা দিয়ে দৌলতপুর যান। তারা তো পথে বসে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খুলনা জেলার প্রধান প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার কালের কণ্ঠকে বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে সড়কটি সংস্কারে বিলম্ব হয়েছে। চলতি অর্থবছরে পুরো সড়কটির সংস্কারকাজ শেষ হবে আশা করছি।