নরসিংদীর রায়পুরায় খালে দল বেঁধে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে মাদরাসার ছয় শিক্ষার্থী। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে দুই ভাই-বোনের এবং মহেশপুরে পুকুরে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের খবরে—
নরসিংদী : গতকাল বৃহস্পতিবার রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় বাড়িতে ফিরে একটি খালে দল বেঁধে গোসল করছিল মাদরাসার ছয় শিক্ষার্থী। দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে মৃত্যু হয় চার শিক্ষার্থীর। তারা হলো শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)। নিহত চারজন ওই ইউনিয়নের বড়কান্দা এলাকার বাসিন্দা এবং স্থানীয় গাউছিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল। চিকিৎসক ডা. আশরাফুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে তারা মারা যায়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, নিহতের প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে এবং সরকারি অ্যাম্বুলেন্সে লাশ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে গতকাল দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার বেগুন ক্ষেত দেখে বাড়ি ফেরার পথে ছোট ভাই মাহমুদুল অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বড় বোন শরীফা। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।
ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে আরিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিসান শ্রীপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে।