রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তাতীরবর্তী বুড়িডাঙ্গী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংগঠটির গঙ্গাচড়া উপজেলা শাখা। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রাজিবপুরে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের খবরে—
গঙ্গাচড়া : পড়াশোনায় উৎসাহ দিতে উপজেলার বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিশুদের হাতে খাতা, পেনসিল ও রাবার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক আকাশ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিল। শিক্ষার্থী মোস্তাফিজার বলে, ‘বিভিন্ন সময় আমাদের খাতা, পেনসিলসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। এতে পড়াশোনার প্রতি আগ্রহ আরো বেড়েছে। আমরা নিয়মিত স্কুলে আসতে উৎসাহ পাই।’
সভাপতি আসাদুজ্জামান বলেন, তিস্তার চরাঞ্চলের অনেক শিশু সামাজিক ও অর্থনৈতিক নানা সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়ে। তাদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত রাখতেই বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, ‘শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখা বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।’
জাবিপ্রবি : বসুন্ধরা শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।
সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাসাবাড়ি, ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
রাজিবপুর : বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের মতো প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন শিবেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, রাজিবপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের আরিফ মাহমুদ, রাসেদুল, মাসুদ রানা, ওসমান, আশিক, মামুন, রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।