হাসপাতাল হলো এমন একটি স্থান, যেখানে মানবিকতা প্রয়োজন। এখানে মানুষের ভিড় শুধু অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে। আজকাল মানুষের আয়ের বড় অংশ চলে যায় চিকিৎসা খরচ মেটাতে। তাই হাসপাতালে সেবা নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমান পরিস্থিতি ঠিক তার উল্টো। প্রায় প্রতিটি হাসপাতাল একটি নির্দিষ্ট সিন্ডিকেটের দখলে। একজন রোগীকে অহেতুক পরীক্ষা দেওয়া এবং মৃত্যুর পরও লাশ রেখে কেবিন ও চিকিৎসা বিল বৃদ্ধি করার মতো গুরুতর অনিয়ম ঘটে হাসপাতালে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি লাশকে চিকিৎসার নামে তিন দিন পর্যন্ত আটকে রাখার খবর দেখা গেছে। এটি অবশ্যই অপরাধ। প্রশাসনিক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যদি একটি কার্যকর ফোর্স নিয়োগ করা হতো, তবে হয়তো এমন পরিস্থিতি কমে আসত। মানবতা যেখানে হেরে যায়, সেখানে শুধু পশুর অস্তিত্ব ছাড়া কিছুই থাকে না।
তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ, সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালে নজরদারি বাড়ানোর পাশাপাশি জরুরি অনুসন্ধান করুন।
আবদুর রশিদ
শিক্ষক, সাতকানিয়া, চট্টগ্রাম




