চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা কলেজের প্রধান ফটকের বাঁ পাশে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা কলেজ মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়। সে সময় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতি সপ্তাহে রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিক্যাল সেন্টারটি চালু থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠার প্রায় পাঁচ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। এখনো সেখানে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি এবং শিক্ষার্থীরা ঘোষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে।
ঢাকা কলেজে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী। জরুরি অসুস্থতা বা দুর্ঘটনার সময় একটি কার্যকর মেডিক্যাল সেন্টার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে এটি অচল থাকায় সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে।
ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি, অতি দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে মেডিক্যাল সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।
রাশেদুল ইসলাম
ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ




