দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র
(সকাল ৮টা)
কানাডা-বসনিয়া
(রাত ১টা)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের ওপর হামলা হয়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সংগঠক আলমগীর হাসান আবিদের ভাষ্য মতে, মাহদীর ওপর কয়েক দিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিলেন। মাহদী হাসান গত বুধবার তাঁর ওপর হামলা চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। এ সময় ছাত্রদলের কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করলে তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাঁকে ছাড় দেয়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি শ্বাসকষ্টে ভুগলে অক্সিজেন দেওয়া হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবিদুর রেজা বলেন, ‘আহত অবস্থায় মাহদী হাসানকে ভর্তি করা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।’
এ ঘটনায় গতকাল বিকেল ৫টায় জেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, মাহদীর অভিযোগ ভিত্তিহীন। তিনি ভাইরাল হওয়ার জন্য এসব করছেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠাই।’ ওসি বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহদী হাসান অভিযোগ করেছেন, ফেসবুকে তাঁর দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত বুধবার ছাত্রদলের কর্মীরা তাঁকে ধাওয়া করেন। পরিস্থিতি ‘বেগতিক’ দেখে তিনি হবিগঞ্জ সদর থানায় গিয়ে আশ্রয় নেন। ওই দিন দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। মাহদী হাসান ‘নিজের গুরুত্ব বাড়ানোর জন্য’ এবং ভাইরাল হওয়ার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। পুলিশও বলেছে, এ ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি তারা।
জানা গেছে, গত ২ জানুয়ারি মাহদী জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’—এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।
গতকাল গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে মাহদী জানান, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে তাঁকে লক্ষ্য করে এ ঘটনা ঘটে। বিষয়টি জেলা ছাত্রদলের কিছু নেতাকর্মী সহজভাবে নেননি।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়। তাই মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস রেগুলেশন অর্ডিন্যান্স ১৯৮২-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ওই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার আইনি সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ মে সকালে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ।
গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। একই দিন বিকেলে হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা ৭ জুন বিকেল ৫টার মধ্যে জানাতে বলা হয় নোটিশে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরো ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বুধবার বলেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছে, তা সন্তোষজনক নয়। এ ঘটনায় ২৮ মে মৃত নবজাতকদের একজনের বাবা বাদী হয়ে মামলা করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির রবিবার সাংবাদিকদের বলেছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়া হবে।
আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী ডা. শেখ মহিউদ্দিনকে সম্বোধন করে স্বাস্থ্য অধিদপ্তরের এক স্মারকে বলা হয়েছে, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো জবাব ও ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ১৯৮২ সালের দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্সের ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।
লাইসেন্স বাতিলের পর বর্তমানে চিকিৎসাধীন রোগীদের করণীয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, লাইসেন্সবিহীন হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা নেওয়া উচিত নয়। বর্তমানে যাঁরা সেখানে চিকিৎসাধীন, তাঁদের নিকটবর্তী উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। রোগীদের কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

নোয়াখালীতে নানার বাড়িতে বেড়াতে এসে মাদক ব্যবসায়ীদের হামলায় স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। যশোরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছেন সিএনজিচালক। কালের কণ্ঠের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর :
নোয়াখালী : নানার বাড়িতে বেড়াতে এসে সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই কিশোরসহ তিনজন।
বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান মাদক ব্যবসায়ী হারুনুর রশিদকে আটক করেছে পুলিশ।
নিহত আরাফাত হোসেন ফাহিম (১৫) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহান সাজুর ছেলে। সে পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল সকালে নিহত স্কুলছাত্রের মা পারভীন আক্তার সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন নোবেল জানান, দেবীসিংহপুর গ্রামের হাজেরা দিঘীর পেছনে হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের ও মমিনের নেতৃত্বে মাদকের ব্যবসা চলত। তাঁরা বুধবার রাতে মাদকের আসর বসালে আরাফাতসহ অন্যরা বাধা দিলে চলে যান। পরে রাত ৯টার দিকে বায়তুন আমান মসজিদসংলগ্ন এলাকায় আরাফাতসহ কয়েকজনের ওপর হারুনের নেতৃত্বে হামলা চালানো হয়।
হামলায় ফাহিমের বুকে ছুরিকাঘাত করা হয়, রিফাতের হাতের রগ কেটে দেওয়া হয় এবং সাকিবের ডান হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
যশোর : চৌগাছায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা (৩৫) ওই গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, বাবু ও সুমনসহ অজ্ঞাতপরিচয় আরো পাঁচ-ছয়জন দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাঁকে (স্ত্রীকে) একটি গাছের সঙ্গে বেঁধে রেখে স্বামীর ওপর এই হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (২৪) নামের এক সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। বুধবার রাতে চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েত উল্যাহ হেদুর ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ঘোষতল গ্রামের নূরুল আমিন ফানসী (২৫), তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮) এবং জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা গ্রামের জসিম উদ্দিন (৪৯)। এই তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি আরিফ হোছাইন।