• ই-পেপার

এটা গোল উৎসবেরও বিশ্বকাপ

রদ্রির সোনালি মুকুট

রদ্রির সোনালি মুকুট
স্পেনের মধ্যমাঠের চালিকাশক্তি রদ্রিই জিতেছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বলের পুরস্কার

এক সারিতে বসা আর্সেন ওয়েঙ্গার, ইয়ুর্গেন ক্লিন্সম্যান, পাবলো সাবালেতা, জিলবার্তো সিলভা। ফাইনালের আগের দিন মেটলাইফ স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এদিনের আলোচনা ভিন্ন। খ্যাতিমান কোচ, খেলোয়াড়দের এই দলটি ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের হয়ে কাজ করছে। ওয়েঙ্গার তাদের প্রধান। বিশ্বকাপে প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ, দলগুলোর কৌশল, প্রবণতা নিয়ে টুর্নামেন্টজুড়ে বিস্তারিত কাজ করেছে এই গ্রুপ। তা নিয়েই সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনা করছিলেন ওয়েঙ্গার ও তাঁর সঙ্গীরা।

স্বাভাবিকভাবেই ফাইনালের দুই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ শুনতে চেয়েছেন সাংবাদিকরা। ওয়েঙ্গার এককথায় বলেছেন, ‘এই দুটি দলই টুর্নামেন্টে সবচেয়ে বেশি দলীয় চরিত্র প্রকাশ করতে পেরেছে। আর্জেন্টিনার ক্ষেত্রে মানসিকতাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, স্পেনের জন্য আবার টেকনিক্যাল দিকটা।’

স্টাডি গ্রুপের অন্যতম বিশ্লেষক টম গার্টনার পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাঁর ব্যাখ্যাও তুলে ধরছিলেন। এই গ্রুপ খেলোয়াড়দের নিয়ে ফিফা পাওয়ার র‌্যাংকিংও করেছে টুর্নামেন্টের শুরু থেকে। সেখানে দেখা যাচ্ছে, ‘আক্রমণ’-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি রেটিং নিয়ে ১ নম্বরে কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন তিনি। আর সুযোগ তৈরি বা সৃষ্টিশীলতা—সেখানে মেসিই ১ নম্বর, পরের অবস্থানে ফ্রেঞ্চ তারকা মাইকেল ওলিসে। তবে এ দুটি ক্যাটাগরি নয়, সংবাদ সম্মেলনে কৌতূহল তৈরি হলো রদ্রিকে নিয়ে। স্প্যানিশ মিডফিল্ডার রক্ষণের রেটিংয়ে সবার শীর্ষে। শুধু তা-ই নয়, রক্ষণে শীর্ষ তিনজনই স্পেনের। রদ্রির পর পেদ্রো পোরো ও পাউ কুবারসি। স্পেনের ফাইনালে উঠে আসার পেছনে রক্ষণের ভূমিকাটিও তাতে স্পষ্ট হয়। সাত ম্যাচে মাত্র ১ গোল হজম। আর মিডফিল্ডার হয়েও স্পেনের এই রক্ষণদৃঢ়তার নায়ক রদ্রি।

সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার জিলবার্তো সিলভার কাছে এর ব্যাখ্যা শুনতে চাওয়া হয়। সিলভা ফুটবল মাঠের এক নীরব সেনাপতিকেই তুলে আনেন, ‘রদ্রি টেকনিক্যালি অসাধারণ খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। তাঁর ম্যাচ পড়তে পারার ক্ষমতাও অন্যদের চেয়ে তাঁকে এগিয়ে রাখে। প্রতিপক্ষের স্ট্রাকচারের বিপরীতে কোনো পজিশন নিলে সেটিকে অকার্যকর করে দেওয়া যাবে, রদ্রি সেটি খুব ভালোই বোঝেন। সতীর্থরাও তাঁকে সাহায্য করেন, রদ্রি যখন বল পান, তাঁরা দ্রুত জায়গা নিয়ে পাসগুলো সফল করেন। আবার বল হারালে রদ্রি দ্রুত অন্যদের সঙ্গে মিলে নতুন ব্যূহ তৈরি করেন।’ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ‘ডিপ লায়িং প্লেমেকার’ হিসেবে ম্যাচ নিয়ন্ত্রণের অন্যতম সেরা উদাহরণ এই রদ্রি। সেমিফাইনালে মাইকেল ওলিসের সঙ্গে এমবাপ্পে, উসমান দেম্বেলেদের যোগসূত্র কেটে দিয়ে খেলাটাকে যিনি স্পেনের নিয়ন্ত্রণে রেখেছিলেন। আর্জেন্টিনার কার্যকারিতার সামনে গত রাতে ফাইনালে এই রদ্রিই তাই ছিলেন বড় চ্যালেঞ্জ। মেসির দল সেটি পেরিয়ে যেতে পেরেছে কি না বা কিভাবে পেরিয়েছে, এতক্ষণে নিশ্চয়ই তা জানাও হয়ে গেছে সবার। ফাইনালের আগ পর্যন্ত সবচেয়ে বেশি সফল পাসও এই রদ্রির। স্প্যানিশদের কাছে প্রতিপক্ষের বল হারানোর ঘটনাও এই বিশ্বকাপে সর্বোচ্চ। আর আক্রমণের ক্ষেত্রে স্প্যানিশ দুই ফুলব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরোর বড় ভূমিকাও উঠে এসেছে বিশ্লেষণে। ফাইনালের আগ পর্যন্ত কুকুরেয়ার দুটি অ্যাসিস্ট ও দুটি গোল ছিল পোরোর।

আর্জেন্টিনার ক্ষেত্রে বিশ্লেষণ ছিল আর্জেন্টিনা মাঝখান দিয়ে আক্রমণে উঠেছে সবচেয়ে বেশি, মাঝখান দিয়ে সবচেয়ে বেশি অ্যাটাকিং থার্ডে ঢোকার রেকর্ডও তাদের। প্রতিপক্ষের লো ব্লক ভাঙতে আবার দুই প্রান্ত ব্যবহারের বিষয়টিও উঠে এসেছে, সে ক্ষেত্রে রদ্রিগো দি পলের মুভমেন্ট যেভাবে মেসির জন্য জায়গা করে দিয়েছে, মেসি তা থেকে যেভাবে গোলের সুযোগ তৈরি করেছেন, সে বিষয়গুলোও ছিল। এই বিশ্বকাপে দলগুলোর ‘লো ব্লক’ প্রবণতা বাড়ার বিষয়টিও উল্লেখযোগ্য, তবে সেটি শুধু নেতিবাচক নয়, ইতিবাচক অর্থেও। সেমিফাইনালের চার দলই প্রয়োজনে এই লো ব্লকে গেছে এবং সেখান থেকে আক্রমণে ওঠার কৌশল নিয়েছে। যেটিকে ওয়েঙ্গার ব্যাখ্যা করেছেন ‘রেস্ট অ্যাটাক’ হিসেবে। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই ধরন ছিল স্পষ্ট। আবার এই লো ব্লক প্রবণতার কারণে এবারের আসরে বক্সের বাইরে থেকে শটের পরিমাণও বেড়েছে দ্বিগুণ। সুইজারল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেসের বক্সের বাইরে থেকে করা গোলটি তো কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপে আরো একটি প্রবণতা দেখানো হয়েছে। সেটি হলো হাইপ্রেসিংয়ে এক স্ট্রাইকারের বদলে দুই স্ট্রাইকারের ব্যবহার। ওয়েঙ্গার অবশ্য বলেছেন এ ক্ষেত্রে দ্বিতীয় স্ট্রাইকারকে মিডফিল্ডেও সাবলীল হতে হবে মার্টিন ওডেগার্ডের মতো, নইলে স্পেনের মতো দলের বিপক্ষে মাঝমাঠে খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে।

ফাইনালেও সেই মাঝমাঠেই ভুগেছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত মেসির সৃষ্টিশীলতা হার মেনেছে রদ্রির বিচক্ষণতার কাছে। আর্জেন্টিনাকে কাঁদিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে স্পেন।

 

স্টাডি গ্রুপের অন্যতম বিশ্লেষক টম গার্টনার পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাঁর ব্যাখ্যাও তুলে ধরছিলেন। এই গ্রুপ খেলোয়াড়দের নিয়ে ফিফা পাওয়ার র‌্যাংকিংও করেছে টুর্নামেন্টের শুরু থেকে। সেখানে দেখা যাচ্ছে, ‘আক্রমণ’-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি রেটিং নিয়ে ১ নম্বরে কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন তিনি। আর সুযোগ তৈরি বা সৃষ্টিশীলতা—সেখানে মেসিই ১ নম্বর।’

 

তোরেসের উদযাপন

ঘড়ির কাঁটায় ফাইনাল রোমাঞ্চ

ঘড়ির কাঁটায় ফাইনাল রোমাঞ্চ

মেটলাইফ স্টেডিয়ামে দর্শকের ঢল ফাইনাল শুরুর অনেক আগেই। সমাপনী অনুষ্ঠানে রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার ও ইতালিয়ান শিল্পী লরা পওসিনি পারফর্ম করেন। কিক অফের কিছু সময় আগে দুই দলের বিশ্বকাপজয়ী তারকা আর্জেন্টিনার মারিও কেম্পেস ও স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা মাঠে নেমে ভক্ত-সমর্থকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন। এরপর আসেন হলিউড তারকা টম ক্রুজ। প্রথমে স্পেনের জাতীয় সংগীত গাওয়া হয়, পরিবেশন করে একটি ব্যান্ড দল। আর্জেন্টিনার গায়িকা মারিয়া
বেসেরা পরিবেশন করেন দেশের জাতীয় সংগীত।

 

কিক অফ

নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পর মাঠে গড়ায় খেলা। লিওনেল মেসিকে দেখামাত্রই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত ভক্ত-সমর্থকরা। লামিন ইয়ামালকেও একইভাবে অভিবাদন জানায় লা রোজা ভক্তরা। বিশ্বকাপ ফাইনালের কিক অফ ঘোষণা করেন বক্সিং ও ইউএফসির ঘোষক মাইকেল বাফার। আর্জেন্টিনা বিশ্বকাপ ধরে রাখা এবং স্পেন ১৬ বছর পর শিরোপা ফিরে পাওয়ার লড়াইয়ে নামে। আর্জেন্টাইন অধিনায়ক মেসি ও স্পেনের অধিনায়ক রদ্রি লড়াইয়ে নামার আগে হাত মেলান পরস্পরের সঙ্গে।

 

৫ মিনিট

দুর্দান্ত একটি সেভ করেন এমিলিয়ানো মার্তিনেস। দানি ওলমোর বল থেকে গোলপোস্টের ডান প্রান্ত দিয়ে শট নেন ইয়ামাল।

 

৬ মিনিট

কাউন্টার অ্যাটাকে মেসির কাছ থেকে পাওয়া বল তৈরি করে বেশ বিপজ্জনক পরিস্থিতি। তবে উনাই সিমন গোলপোস্ট থেকে বেরিয়ে এসে ক্লিয়ার করেন দারুণভাবে।

 

১২ মিনিট

বাঁ প্রান্ত থেকে পাওয়া ক্রসে মিকেল ওয়াইরসাবাল এগিয়ে এলেও লিসান্দ্রো মার্তিনেস ক্লিয়ার করেন কর্নারের বিনিময়ে।

 

১৪ মিনিট

আর্জেন্টিনার রক্ষণ থেকে ক্লিয়ার করা কর্নার শট পৌঁছে স্পেনের সীমানায়। আর্জেন্টিনার প্রচেষ্টা নিষ্ফলা হয় স্পেনের রক্ষণভাগের দৃঢ়তায়।

 

১৬ মিনিট

স্পেনের সীমানায় বল দখলের লড়াইয়ে পড়ে যান মেসি, ফ্রিকিক বাইরে চলে গেলে গোল কিক পায় স্পেন।

 

২৩ মিনিট

মার্ক কুকুরেয়ার ক্রস কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেয় আর্জেন্টিনার রক্ষণভাগ।

 

ঘড়ির কাঁটায় ফাইনাল রোমাঞ্চ

 

৩২ মিনিট

লেফট উইং থেকে অ্যালেক্স বায়েনার ক্রস ছোটো ডি-বক্সের ভেতর থেকে হেডে ক্লিয়ার করে আর্জেন্টিনার রক্ষণভাগ।

 

৩৯ মিনিট

ওয়াইরসাবালের বক্সের ভেতর থেকে নেওয়া কোনাকুনি শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো।

 

৪১ মিনিট

ওয়াইরসাবালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেস।

 

৪৪ মিনিট

লিসান্দ্রো মার্তিনেস পায়ে ব্যথা নিয়ে উঠে যান। পরিবর্তে নামেন নিকোলাস ওতামেন্দি।

 

দ্বিতীয়ার্ধ

বিশেষ সংগীত আয়োজনের কারণে মাঝবিরতি হয়েছে ২৭ মিনিটের। নিকো গঞ্জালেসের পরিবর্তে নামেন লিয়ান্দ্রো পারেদেস।

 

৫২ মিনিট

বদলি হিসেবে নেমে কিছু সময় পরেই ফাউল করে হলুদ কার্ড দেখেন পারেদেস।

 

৫৮ মিনিট

নাহুয়েল মলিনাকে তৃতীয় বদলি হিসেবে নামান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মন্তিয়েল উঠে যান মাঠ থেকে।

 

৬২ মিনিট

একই সঙ্গে দুটি বদলি নামায় স্পেন। ফেরান তোরেস ও পেদ্রি নামেন যথাক্রমে ওয়াইরসাবাল ও ফাবিয়ান রুইজের জায়গায়।

৬৪ মিনিট

২০ গজ দূর থেকে নেওয়া দানি ওলমোর জোরালো শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো। তবে তিনি ধরে রাখতে পারেননি বলটি, কর্নার পায় স্পেন।

 

৬৫ মিনিট

বায়েনার কর্নার থেকে বল পেয়ে ওলমোর গোলমুখে নেওয়া শট প্রতিহত হয়।

 

৬৭ মিনিট

ইয়ামালের আরেকটি কর্নার থেকে ফেরান তোরেসের হেড তালুবন্দি করেন এমিলিয়ানো। আরেকটি হাইড্রেশন ব্রেকে যায় দুই দল।

 

৭০ মিনিট

ক্রিশ্চিয়ান রোমেরোর পরিবর্তে আর্জেন্টিনার চতুর্থ বদলি হিসেবে নামেন ফাকুন্দো মেদিনা। পঞ্চম বদলি হিসেবে রদ্রিগো দি পলের জায়গায় আসেন জুলিয়ানো সিমিওনে।

 

৭৫ মিনিট

আরো দুটি বদলি স্পেনের, বায়েনা ও ওলমোর জায়গা নেন নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো।

 

৭৭ মিনিট

পেদ্রির কোনাকুনি শট এবারও ঠেকিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো। পরমুহূর্তেই পাউ কুবারসির শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন তিনি।

 

৮১ মিনিট

ইয়ামালের উঁচু করে নেওয়া কর্নার থেকে লাফিয়ে উঠে এমেরিক লাপোর্ত হেড নিলেও তা ঠিকভাবে সংযোগ ঘটাতে পারেননি, সহজেই তা গ্রিপে নেন এমিলিয়ানো।

 

৯০+৩ মিনিট

কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনসো ফের্নান্দেস এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

 

৯০+৮ মিনিট

বক্সের বাইরে থেকে ইয়ামালের নেওয়া দুর্দান্ত ফ্রিকিক বাজপাখির মতো উড়ে গিয়ে প্রতিহত করেন এমিলিয়ানো।

 

অতিরিক্ত সময়

৯৬ মিনিট

একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেওয়া এমিলিয়ানোকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন নিকো উইলিয়ামস। তবে ফাউলের কারণে বাতিল হয় গোলটি।

 

৯৯ মিনিট

দুটি পরিবর্তন আনে স্পেন। মাঠে নামেন রদ্রির পরিবর্তে মার্তিন জুবিমেন্দি এবং লাপোর্তের বদলে এরিক গার্সিয়া।

 

১০২ মিনিট

এক মিনিট আগেই সুযোগ নষ্ট করেন ইয়ামাল। একটি পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে হুলিয়ান আলভারেসের পরিবর্তে নামেন মার্কোস সেনসি।

 

১০৩ মিনিটে

সৌভাগ্যক্রমে বেঁচে যায় আর্জেন্টিনা। গোলপোস্টের সামনে থেকে মিকেল মেরিনোর নেওয়া হেড চলে যায় সাইডবার ঘেঁষে বাইরে।

 

১০৬ মিনিট

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় স্পেন। পেদ্রো পোরোর ক্রস হেড করে নিকো উইলিয়ামস বাড়ান ফেরান তোরেসের কাছে। তোরেসের শট এমিলিয়ানোকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে।

 

১১৩ মিনিট

বল নিয়ে এগিয়ে গিয়ে তোরেস এমিলিয়ানোকে ফাঁকি দিয়ে আবারও লক্ষ্যভেদ করলেও অফসাইডে বাতিল হয় গোলটি।

 

১১৭ ও ১২০ মিনিট

মেসির শট মেরিনোর মুখে লেগে ফিরে যায় এবং তিন মিনিট পর আর্জেন্টিনার দারুণ একটি আক্রমণ থেকে রক্ষা পায় স্পেন।

 

১২০+২ মিনিট

মেসির কর্নার থেকে বক্সের ভেতর থেকে সিমিওনের নেওয়া ডান পায়ের শট ওপর দিয়ে চলে যায়।

 

চ্যাম্পিয়ন স্পেন

আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। শেষের বাঁশি বাজতেই উল্লাসে মাতে ১৬ বছর পর বিশ্বকাপ জেতা স্পেন।

ঘড়ির কাঁটায় ফাইনাল রোমাঞ্চ

 

ঘড়ির কাঁটায় ফাইনাল রোমাঞ্চ

শিক্ষাগুরুর হাতেই উঠল মর্যাদার ট্রফি

মামুন উর রশীদ
শিক্ষাগুরুর হাতেই উঠল মর্যাদার ট্রফি
লুইস দে লা ফুয়েন্তে

নিজের হাতে গড়ে তোলা শিষ্যদের নিয়ে অনেক কিছুই জিতেছিলেন তিনি। এবার সবচেয়ে বড় মর্যাদার অর্জনটাও যোগ হলো ক্যারিয়ারে। লুইস দে লা ফুয়েন্তে নিজের মতো করে রদ্রি, উনাই সিমন, মিকেল ওয়াইরসাবাল ও মিকেল মেরিনোদের গড়ে তুলেছিলেন যুব ফুটবল থেকেই। তাঁরা এবার গুরুকে উপহার দিলেন বিশ্বকাপ ট্রফি। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ ইউরো এবং ২০২৪ সালে সিনিয়রদের ইউরো জেতার পর এবার বিশ্বকাপ জেতার মর্যাদা অর্জন করেছেন ফুয়েন্তে। ৯ বছর আগে কোচিং শিষ্য হিসেবে থাকা আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনিকে হারিয়ে তিনিই এগিয়ে থাকলেন শিক্ষাগুরু হিসেবে।

শিষ্যদের যেভাবে তৈরি করেছেন সেটাই যেন এবার বিশ্বকাপে কার্যকরভাবে মাঠে করতে দেখেছেন ফুয়েন্তে। তাই ফাইনাল ম্যাচের আগে বেশ ভারমুক্তই ছিলেন তিনি। কারণ এই শিষ্যরা ‘অপরাজেয়’; সেই বিশ্বাসটা দৃঢ় হয়েছে তাঁর মনে। তাঁর অধীনে বর্তমান লা রোজার বেশ কয়েকজন খেলোয়াড়ই ছিলেন বয়সভিত্তিক ইউরোপিয়ান আসরগুলোয়। অনূর্ধ্ব-১৯, ২১

ও ২৩ দলে বর্তমান অধিনায়ক রদ্রি, মেরিনো, সিমনরা খেলে এনেছেন সাফল্যও। সেই ধাপগুলো পেরিয়ে ফুয়েন্তে হয়েছেন জাতীয় দলের কোচ। সব মিলিয়ে শিষ্যদের সঙ্গে তাঁর সম্পর্কটা ১৩ বছরেরও বেশি।

নিজের মতো তৈরি করে এবং নিজের চোখে লাগা খেলোয়াড়দের নিয়ে দল গোছানোর কারণেই বড় টুর্নামেন্টেও আসছে সাফল্য। ২০২২ সালে লা রোজার কোচ হিসেবে যোগ দেওয়ার পরের বছরই ফুয়েন্তে স্পেনকে জিতিয়েছেন উয়েফা নেশনস লিগ। ২০২৪ সালে তাঁর শিষ্যরা জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এবার সবচেয়ে বড় গৌরবটাও ছিনিয়ে আনলেন রদ্রি-ইয়ামালরা। ২০১০ সালের পর আবার বিশ্বকাপ জিতেছে স্পেন।

বর্তমান দলটির সাফল্য পাওয়ার পেছনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকার বিষয়ে ফুয়েন্তে আগেই জানিয়েছিলেন, ‘আমরা প্রায় চার বছর আগে একটি ধারণা বা পরিকল্পনা নিয়ে পথচলা শুরু করেছিলাম এবং আমরা সেই পরিকল্পনার প্রতি বিশ্বস্ত থেকেছি। এ সবই আমাদের এখানে নিয়ে এসেছে আজ।’

দিনের পর দিন ফুয়েন্তের শিষ্যরা প্রতিশ্রুতি, পারস্পরিক সংহতি, উদারতা এবং প্রতিভা প্রদর্শন করেছেন। কঠিন সময়েও ম্যাচ জেতার পরিস্থিতি তৈরির সক্ষমতা অর্জন করেছেন তাঁরা। সুশৃঙ্খল খেলা উপহার দিয়ে ফাইনালের মতো বড় উত্তেজনা ও স্নায়ুচাপের ম্যাচও তাই জিতে নিয়েছেন লা রোজারা। পুরো আসরেই রক্ষণভাগ ও মাঝমাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন ফুয়েন্তের শিষ্যরা।

৬৫ বছর বয়সী এই কোচ প্রতিপক্ষ হিসেবে আলবিসেলেস্তেদেরই চেয়েছিলেন ফাইনালে। তিনি আসলে পুরনো বন্ধুত্ব এবং ৯ বছর আগে লা রোজাদের কোচিং একাডেমিতে শিষ্য হয়ে আসা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সম্পর্কে তাঁর জানা। আর চেনা শত্রুকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা তৈরি সহজতর। শিক্ষাগুরু হিসেবে তিনিই যে এগিয়ে, সেটাই যেন আরেকবার স্কালোনিকে হারিয়ে বিশ্ববাসীকে মনে করিয়ে দিলেন ফুয়েন্তে।

 

অমলিন মেসি

রানা শেখ
অমলিন মেসি
এবার আর সোনালি ট্রফিটা ছোঁয়া হলো না মহাতারকা লিওনেল মেসির। ছবি : রয়টার্স

গত রাতে বিশ্বকাপের ফাইনালে সেপনের কাছে হেরে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। টানা দুই বিশ্বকাপ জয়ের যে কীর্তি ১৯৩৪ ও ১৯৩৮ সালের ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর আর কোনো দল ছুঁতে পারেনি, সেই অভিজাত ক্লাবে নাম লেখানোর স্বপ্নও অপূর্ণ থেকে গেল। কিন্তু ট্রফি হারানোর রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই—লিওনেল মেসি।

এমন মঞ্চে মেসির নাম নতুন কিছু নয়। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ফুটবলকে এমনভাবে শাসন করেছেন যে সর্বকালের সেরা কে—এই বিতর্কে তাঁর নামই উচ্চারিত হয় সবার আগে। মতভেদ থাকতে পারে, কিন্তু একটি বিষয়ে দ্বিমতের সুযোগ নেই, ফুটবল ইতিহাসে তাঁর মতো পূর্ণাঙ্গ ও ধারাবাহিক ফুটবলার খুব কমই এসেছে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালটি ছিল ইতিহাস লেখার আরেকটি সুযোগ। দুইবার বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ার সম্ভাবনা, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছোঁয়ার হাতছানি—সবই ছিল সামনে। কিন্তু শেষ পর্যন্ত ট্রফিটা আর হাতে ওঠেনি। বরং এমন এক রাতে দেখা গেল অন্য এক মেসিকে। যে মেসি টুর্নামেন্টজুড়ে ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা, ফাইনালের ১২০ মিনিটে তাঁকে যেন খুঁজে পাওয়া গেল না।

১০৬ মিনিটে ফেরান তোরেসের শট যখন আর্জেন্টিনার জাল কাঁপাল, তখন ভেঙে পড়ে পুরো দল। আর সেই মুহূর্তে হতাশায় মুখ লুকাতে দেখা যায় মেসিকে। তাঁর চোখে-মুখে ছিল অবিশ্বাস আর অপূর্ণতার যন্ত্রণা। পুরো টুর্নামেন্টে যিনি একের পর এক জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন, প্রয়োজনের সময় দলকে টেনে তুলেছেন, সেই মেসি ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে নিজের সেরা ছন্দের ধারে-কাছেও ছিলেন না। ফুটবল কখনো

কখনো এমনই নিষ্ঠুর—যে খেলোয়াড় পুরো যাত্রার আলো হয়ে থাকেন, শেষ মঞ্চে তাঁর কাছ থেকেই আলোটা হারিয়ে যেতে পারে।

তবু ৩৯ বছর বয়সেও তিনি যেন সময়কে হার মানিয়েছেন। আট ম্যাচে আট গোল, অসংখ্য জাদুকরী মুহূর্ত, প্রয়োজনের সময় গোল, আবার কখনো নিখুঁত অ্যাসিস্ট—পুরো টুর্নামেন্টেই আর্জেন্টিনার হৃদস্পন্দন ছিলেন একজনই। ফাইনালের একটি রাত তাঁর সেই অসাধারণ যাত্রাকে মুছে দিতে পারেনি। কারণ ১০ বছর আগে দৃশ্যপট ছিল সম্পূর্ণ উল্টো। ২০১৬ সালের সেই অন্ধকার রাত। মেটলাইফ স্টেডিয়ামে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর কান্নাভেজা চোখে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন মেসি। মনে হয়েছিল, অপূর্ণতার ভার নিয়েই শেষ হয়ে গেল আর্জেন্টাইন অধ্যায়। কিন্তু কিংবদন্তিরা হয়তো এভাবেই ফিরে আসেন। কয়েক মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলালেন। এরপর একে একে জিতলেন কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিনালিসিমা। অসম্পূর্ণ গল্পটিকে পরিণত করলেন পূর্ণতার মহাকাব্যে। আর এবার মেটলাইফে আরেকটি ফাইনাল হার যেন আবারও সেই পুরনো প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে—এটাই কি তাঁর শেষ বিশ্বকাপ?

স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগে তা মনে করেন না। তাঁর বিশ্বাস, ‘মেসির মধ্যে এখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আনন্দ অটুট। তাঁর মধ্যে এখনো সেই আবেগ আছে। তিনি এখনো খেলাটা উপভোগ করেন। তাই আমি মনে করি না, এটাই তাঁর শেষ’,— বলেছেন বালাগে। কথাটি অমূলকও নয়। ১২০ মিনিটের ম্যাচ শেষ করেও মেসিকে ক্লান্ত মনে হয় না। তিনি আগের মতো হয়তো আর দৌড়ান না, কিন্তু ফুটবল কখনোই শুধু দৌড়ের খেলা ছিল না। কখন হাঁটতে হবে, কখন গতি বাড়াতে হবে, কখন একটি পাসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হবে—এসবের শিল্পে এখনো তিনি অতুলনীয়। তাই চার বছর পরের ২০৩০ বিশ্বকাপের কথাও উঠে আসছে। পরের বিশ্বকাপের মূল আয়োজন হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। তবে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলোর একটি হবে আর্জেন্টিনার মাটিতে। যদি মেসি তখনো খেলেন, বয়স হবে ৪৩। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার হওয়ার রেকর্ড গড়ার পাশাপাশি নিজের দেশের দর্শকদের সামনে আরেকবার বিশ্বকাপ খেলার সুযোগ—এমন প্রলোভন কি সহজে এড়িয়ে যাওয়া যায়? মজার ব্যাপার হলো, ২০২২ বিশ্বকাপের ফাইনালের আগেও মেসি বলেছিলেন, সেটিই হবে তাঁর শেষ বিশ্বকাপ ম্যাচ। চার বছর পর তিনি নিজেই সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করেছেন। তাই এবার যদি আবার বিদায়ের কথা বলেন, তবু হয়তো কেউ আর নিশ্চিতভাবে বিশ্বাস করবে না।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও যেন সেই অনুভূতিই প্রকাশ করেছিলেন ফাইনালের আগে সংবাদ সম্মেলনে। মেসির অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘তিনি ইতিহাস। তিনি কিংবদন্তি। ৩৯ বছর বয়সে তাঁকে বিশ্বকাপের আরেকটি ফাইনালে খেলতে দেখা অবিশ্বাস্য। ডিয়েগো ম্যারাডোনাকে আমরা শুধু স্মরণ করতে পারি। কিন্তু মেসি এখনো আমাদের সঙ্গে আছেন। তাই তাঁকে যত দিন সম্ভব উপভোগ করা উচিত।’ এই বিশ্বকাপেও মেসি রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ফাইনাল দিয়ে তাঁর বিশ্বকাপে ম্যাচসংখ্যা দাঁড়াল ৩৪। বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি অ্যাসিস্ট, টানা ১১ ম্যাচে গোল বা অ্যাসিস্ট, টানা ৯ ম্যাচে গোল—এমন অসংখ্য কীর্তি তাঁর ঝুলিতে। কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে খেললেন তিনটি বিশ্বকাপ ফাইনালেও। কিন্তু হয়তো পরিসংখ্যানই মেসির সবচেয়ে বড় পরিচয় নয়। তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি বারবার অসম্ভবকে সম্ভব করেছেন। ২০১৬ সালে যাঁকে সবাই হারিয়ে গেছেন ভেবেছিল, তিনিই পরে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প।

তাই মেটলাইফের এই ফাইনাল হয়তো আরেকটি অপূর্ণতার স্মৃতি হয়ে থাকবে। ১০৬ মিনিটের সেই গোল, মেসির হতাশ মুখ, চোখের সামনে হাতছাড়া হওয়া ট্রফি—সবই থেকে যাবে বেদনাদায়ক ছবির মতো। কিন্তু ইতিহাস বলছে, লিওনেল মেসির গল্পে কোনো পরাজয়ই শেষ অধ্যায় হয়ে থাকেনি। প্রতিবারই তিনি ফিরে এসেছেন নতুন এক বিস্ময় নিয়ে। তাই এবারও যদি বিদায়ের কথা বলেন, তবু ফুটবল বিশ্ব নিশ্চিত বিশ্বাস করবে না। কারণ লিওনেল মেসির গল্পে ফুলস্টপ নেই। প্রতিটি সমাপ্তির পরও থেকে যায় নতুন একটি বাক্য শুরু হওয়ার সম্ভাবনা।