সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে দিল্লি হাইকোর্টের উদ্বেগ
গাজা সিটিতে ইসরায়েলি হামলা

ইতালিতে নির্বাচনী সংস্কার বিল পাস

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জোট সরকারের পেশ করা একটি বিতর্কিত নির্বাচনী সংস্কার বিল পাস হয়েছে। তবে বিরোধী দলগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে ২০২৭ সালের পরবর্তী নির্বাচনে মেলোনির ক্ষমতা ধরে রাখার একটি অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। প্রস্তাবিত এই সংস্কারে বর্তমান আসন পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে একটি পূর্ণাঙ্গ আনুপাতিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। নতুন নিয়মে কোনো রাজনৈতিক জোট যদি ৪২ শতাংশের বেশি ভোট পায়, তবে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য বিশেষ বোনাস আসন পাবে। এই শর্ত পূরণ করা জোট নিম্নকক্ষে অতিরিক্ত ৭০টি এবং সিনেটে অতিরিক্ত ৩৫টি আসন পাবে। তবে ক্ষমতার অপব্যবহার রোধে কোনো জোটের মোট আসন সংখ্যা যথাক্রমে ২২০ এবং ১১৩-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
সূত্র : রয়টার্স
এতিমখানায় অগ্নিকাণ্ড শিশুসহ ১১ জনের মৃত্যু

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে রাষ্ট্র পরিচালিত একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা ও স্থানীয় সংবাদমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মোহাম্মাদিয়া এলাকার চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন নামের ওই এতিমখানায় আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে আসছিল। সিভিল প্রটেকশন এজেন্সির উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ছাড়া আরো সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র : আল জাজিরা
ভূগর্ভস্থ টানেলে বাজিমাত জাপানের

মাত্র ঘণ্টাখানেক টানা বর্ষণেই বিশ্বের অনেক দেশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন স্থবির হয়ে পড়ে। অথচ পাঁচটি প্রধান নদী অববাহিকা এবং শতাধিক নদীবেষ্টিত জাপানের টোকিও শহর বড় বড় টাইফুন বা সামুদ্রিক ঝড়ও অনায়াসে সামলে নেয়। তবে প্রকৃতি প্রদত্ত কোনো জাদুমন্ত্র বলে নয়, দূরদর্শী পরিকল্পনার কারণেই এটা সম্ভব হয়েছে।
টোকিও শহরের জলাবদ্ধতা দূর করতে জাপান সরকার এক অভাবনীয় প্রযুক্তিগত সমাধান বেছে নিয়েছিল। শহরটিকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে ১৯৯২ সালে শুরু হয় বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ পানি নিষ্কাশনব্যবস্থা ‘মেট্রোপলিটন এরিয়া আউটার আন্ডারগ্রাউন্ড ডিসচার্জ চ্যানেলের’ (এমএওইউডিসি) নির্মাণকাজ। দীর্ঘ ১৩ বছর ধরে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকৌশল বিস্ময়টি ২০০৬ সালে পুরোপুরি চালু হওয়ার পর ওই অঞ্চলের বন্যা ও ভারি বর্ষণের কারণে জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি প্রায় ৯০ শতাংশ কমিয়ে এনেছে।
মাটির নিচে প্রায় ৭০ মিটার গভীর পাঁচটি বিশাল কূপ এবং ৬.৩ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের সমন্বয়ে এই পুরো ব্যবস্থাটি কাজ করে। শহরের নদীগুলোর অতিরিক্ত পানি এই সুড়ঙ্গ দিয়ে এসে একটি বিশাল প্রেশার-রেগুলেটিং ট্যাংকে জমা হয়। ট্যাংকগুলো দেখতে গ্রিক মন্দিরের মতো হওয়ায় একে ‘প্যান্থিয়ন’ বলা হয়।
৫০০ টন ওজনের ৫৯টি কংক্রিটের স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা এই চেম্বারটি ১০০টি অলিম্পিক সুইমিং পুলের সমান পানি ধারণ করতে পারে। পরে শক্তিশালী পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে ২০০ কিউবিক মিটার পানি নিরাপদ দূরত্বে এডো নদীতে নিষ্কাশন করা হয়।
টোকিওর এই সফল মডেল জলমগ্ন শহরগুলোর জন্য এক অনন্য অনুপ্রেরণা হতে পারে। সূত্র : বিবিসি, ভিএনএক্সপ্রেস
