• ই-পেপার

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার আবার শুরু

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

কালের কণ্ঠ ডেস্ক
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দীর্ঘ ২৩ বছরের উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসনের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনার এই উপস্থিতি শুরু হয়েছিল। মঙ্গলবার ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের মনে হয়, সেখানে আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। সূত্র : আল জাজিরা

মমতার শিবির ছাড়লেন মদন মিত্র

কালের কণ্ঠ ডেস্ক
মমতার শিবির ছাড়লেন মদন মিত্র

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়েছেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী ও আস্থাভাজন বলে পরিচিত নেতা মদন মিত্র। গতকাল বুধবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে আসা এই বিধায়ক জানিয়েছেন, তিনি মমতার দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের মধ্যে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য এরই মধ্যে শিবির বদলিয়েছেন। সূত্র : বিবিসি

 

বাংলাদেশি বিয়ে করা নিয়ে চীনের সতর্কবার্তা

কালের কণ্ঠ ডেস্ক
বাংলাদেশি বিয়ে করা নিয়ে চীনের সতর্কবার্তা

অবৈধ ম্যাচমেকিং বা দালালদের মাধ্যমে বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দূতাবাস জানায়, কোনো চীনা নাগরিক দালাল বা এজেন্সির মাধ্যমে বাংলাদেশে স্ত্রী খুঁজতে গেলে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন।

দূতাবাস জানিয়েছে, চীনা নাগরিকদের জড়িয়ে আন্তর্জাতিক বিয়ের ক্ষেত্রে প্রতারণার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চীনা পুরুষরা বিদেশি স্ত্রী পাওয়ার আশায় মোটা অঙ্কের টাকা দেওয়ার পর কনে নিখোঁজ হয়ে যান। আবার কিছু ক্ষেত্রে নারীদের অপহরণ করে জোরপূর্বক চীনা পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এর আগে ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান ও নেপালেও এ ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছিল। চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের তথ্য মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মানবপাচার ও প্রতারণামূলক ম্যাচমেকিংয়ের সঙ্গে জড়িত এক হাজার ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেমোক্র্যাটরা আটকে দিয়েছেন ট্রাম্পের প্রতিরক্ষা বিল

কালের কণ্ঠ ডেস্ক
ডেমোক্র্যাটরা আটকে দিয়েছেন ট্রাম্পের প্রতিরক্ষা বিল

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা বার্ষিক প্রতিরক্ষানীতি বিষয়ক একটি বিল নিয়ে বিতর্ক শুরু করার একটি প্রস্তাব (এনডিএএ) আটকে দিয়েছেন। তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালানো ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আরো বৃদ্ধি করার প্রস্তাবেরও বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা। গত মঙ্গলবার সিনেটে বার্ষিক প্রতিরক্ষানীতি বিষয়ক বিল নিয়ে বিতর্ক শুরু করতে উত্থাপিত প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে প্রস্তাবটি ৫০-৪৬ ভোটে খারিজ হয়ে যায়। এর মধ্য দিয়ে কংগ্রেসে পাস হওয়ার আশায় থাকা অল্প কয়েকটি বিলের মধ্যে একটি বিরলভাবে ধাক্কা খেল।

বার্ষিক এই প্রতিরক্ষানীতি বিষয়ক বিলের মাধ্যমে ট্রাম্পের প্রস্তাবিত এক লাখ ১৫ হাজার কোটি ডলারের সামরিক বাজেটের বড় একটি অংশ অনুমোদনের কথা ছিল। তবে ১০০ সদস্যের সিনেটে বিতর্ক শুরু করতে প্রস্তাবটির পক্ষে অন্তত ৬০ ভোটের প্রয়োজন ছিল।

ডেমোক্র্যাটদের যুক্তি হলো, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরো জোরদার করছেন, তখন কংগ্রেসের এই বিল নিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়। দলের অনেক সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরো বৃদ্ধির বিরোধিতা করেছেন। পাশাপাশি পেন্টাগনের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বাজেট নিয়েও তাঁরা আপত্তি জানান। সিনেটে ভোটাভুটির আগে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার দলীয় সদস্যদের বিলটির বিরোধিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এটি ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেবে।

কংগ্রেসের বাইরেও নাগরিক স্বাধীনতা, পররাষ্ট্রনীতি ও যুদ্ধবিরোধী ১৪টি সংগঠনের একটি জোট বিলটির বিরোধিতা করেছে। ট্রাম্পের চালানো ইরান যুদ্ধকে অননুমোদিত উল্লেখ করে তারা বলেছে, এই যুদ্ধে অর্থায়ন বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বার্ষিক প্রতিরক্ষানীতি বিষয়ক বিলটি এগিয়ে নেওয়া উচিত নয়। ক্রিস ভ্যান হলেন, বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, এড মার্কি, জেফ মার্কলি, পিটার ওয়েলচসহ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর গত সপ্তাহে সহকর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন। সেখানে তাঁরা সহকর্মীদের প্রতি আহ্বান জানান, বিতর্কের সুযোগ না দিয়ে যেন ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) এগিয়ে নেওয়া না হয়। সূত্র : সিএনএন