রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে ৯৬৮ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। পদগুলো ১৩ থেকে ২০তম গ্রেডের। পদভেদে যোগ্যতা অষ্টম শ্রেণি (জেএসসি) থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস। চূড়ান্তভাবে নির্বাচিতদের জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে ৪ জুন বিকেল ৫টার মধ্যে। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক (২৯৯টি), সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (১৭৩টি) ও জারিকারক (১৩০টি) পদে। জারিকারক (গ্রেড ১৯) ও অফিস সহায়ক (গ্রেড ১৯) পদ দুটিতে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমান। তাই পরীক্ষার প্রশ্নপত্রের মান একই রকমের হতে পারে। এই দুই পদে এসএসসি পর্যায়ের বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তু পড়লেই পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। আর সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরে (গ্রেড ১৪) আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক বা সমমান। এই পদে প্রস্তুতি নিতে হবে এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের বই থেকে।
জারিকারক ও অফিস সহায়ক পদের প্রস্তুতি
বাংলা : বাংলা ব্যাকরণ, বানান শুদ্ধ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এককথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, বাক্য সংশোধন, শুদ্ধ-অশুদ্ধ, প্রবাদ-প্রবচন, সাহিত্যিক এবং তাঁদের রচনা।
ইংরেজি : Parts of Speech, Tense, Voice Change, Narration, Right Form of Verb, Preposition, Article, Synonym, Antonym, Spelling, Sentence Correction, Translation, Vocabulary, Idioms and Phrases.
গণিত : যোগ-বিয়োগ, গুণ-ভাগ, ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-সমানুপাত, গড়, বয়স, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, দূরত্ব ও গতি, সরল সমীকরণ, সংখ্যা, এলসিএম-জিসিএম।
সাধারণ জ্ঞান : বাংলাদেশবিষয়ক—বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভৌগোলিক পরিচিতি, চলতি ঘটনা, খেলাধুলা, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক—জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ইতিহাস, বিভিন্ন দেশের মুদ্রা-রাজধানী, সাম্প্রতিক বিশ্ব ঘটনা, গুরুত্বপূর্ণ চুক্তি, ভূগোল, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক পুরস্কার।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি
জারিকারক ও অফিস সহায়ক পদের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরের পদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একই টপিকের ওপর প্রশ্নের মান সহজ বা কঠিন হতে পারে পদভেদে। এসব বিষয়সহ অতিরিক্ত আরো কিছু বিষয়ে প্রস্তুতি নিতে হবে।
কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি : কম্পিউটারের মৌলিক ধারণা, হার্ডওয়্যার-সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণা, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, কম্পিউটারের (উইন্ডোজ অপারেটিং সিস্টেম) দরকারি বিভিন্ন কাজ সম্পর্কে খুঁটিনাটি ধারণা, ইন্টারনেট ও ই-মেইল, কি-বোর্ড শর্টকাট, নির্দিষ্ট টাইপিং স্পিড (বাংলা ও ইংরেজি), বেসিক নেটওয়ার্কিং ও অন্যান্য প্রযুক্তি জ্ঞান।
সাম্প্রতিক বিষয়াবলি : জাতীয় বাজেট, নির্বাচন, নতুন সরকারি প্রকল্প, আন্তর্জাতিক সংঘাত, খেলাধুলা, প্রযুক্তি, পুরস্কার, অর্থনৈতিক সূচক, গুরুত্বপূর্ণ নিয়োগ ও পদত্যাগ।
দায়িত্ব
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরের দায়িত্ব—দাপ্তরিক পত্র, নোটশিট, স্মারক, অফিস আদেশ, ফাইল ব্যবস্থাপনা, সরকারি অফিস পদ্ধতি, ই-নথি তৈরি, রিপোর্ট লেখা ও দাপ্তরিক আদেশ পালন। এ ছাড়া টাইপিং ও শর্টহ্যান্ডের কাজ করতে হবে। যেমন—বাংলা ও ইংরেজি টাইপ, বিজয়/অভ্র কি-বোর্ড ব্যবহার, শর্টহ্যান্ড চিহ্ন, ডিকটেশন, ট্রান্সক্রিপশন ও অফিস ডকুমেন্ট টাইপ।
দরকারি তথ্য
প্রার্থীর বয়স ১ মে ২০২৬ তারিখ অনুযায়ী হতে হবে ১৮ থেকে ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সাঁটলিপিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
লিখিত পরীক্ষায় এবং কম্পিউটারবিষয়ক ব্যাবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে তাঁর সব সনদপত্রের মূল কপি দেখাতে হবে। অনলাইনে দাখিল করা অ্যাপ্লিকেশন ফরমের প্রিন্ট কপিসহ দরকারি সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপিও দাখিল করতে হবে।
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় ‘ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট’ অংশে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সব চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো অসত্য বিবরণ, তথ্য বা দাখিল করা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে এবং পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পরও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। চাকরি পাওয়ার পরও যেকোনো পর্যায়ে তাঁর সনদপত্র বা প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের যাবতীয় বিদ্যমান বিধি-বিধান/আদেশ এবং প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে অনুসরণ করা হবে। বিস্তারিত—
https://bjsc.gov.bd
♦ চাকরি আছে ডেস্ক
পদের তালিকা
সাঁটলিপিকার
পদসংখ্যা : ৬২
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
স্টেনোগ্রাফার
পদসংখ্যা : ২০
বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ১৭৩
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৭৮
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
বেঞ্চ সহকারী (ডিজে)
পদসংখ্যা : ১১
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)
পদসংখ্যা : ৬৯
বেতন স্কেল : ৯,৩০০-২২,১০০ টাকা (গ্রেড ১৬)
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ১২
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
গাড়িচালক (ডিজে)
পদসংখ্যা : ১২
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
গাড়িচালক (সিজেএম/সিএমএম)
পদসংখ্যা: ৮
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
জারিকারক
পদসংখ্যা : ১৩০
বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)
অফিস সহায়ক
পদসংখ্যা : ২৯৯
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
নিরাপত্তা প্রহরী (ডিজে)
পদসংখ্যা : ২৬
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
নিরাপত্তা প্রহরী (সিজেএম/সিএমএম)
পদসংখ্যা : ৬৮
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)