• ই-পেপার

আইভীকে দেখতে যাওয়ার পর সিটি করপোরেশনের কর্মচারী চাকরিচ্যুত

দোহারে দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাতুড়িপেটা, আটক ২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহারে দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাতুড়িপেটা, আটক ২
সংগৃহীত ছবি

ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের কলেজ মার্কেটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন নামের এক ব্যবসায়ী দোকানে বসে কাজ করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে সামীর হোসেন (২২) ও জিহাদ হোসেন নামের দুই যুবক দোকানে প্রবেশ করে তাকে বাইরে যেতে বলে। তিনি অস্বীকৃতি জানালে তাকে টেনে-হিঁচড়ে দোকানের বাইরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বানাঘাটা এলাকা থেকে সামীর হোসেন ও জিহাদ হোসেনকে আটক করে।

আহত ব্যবসায়ী খোকনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।’

এদিকে স্থানীয়রা প্রকাশ্যে সংঘটিত এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদারের আহ্বান জানিয়েছেন।

ভৈরবে খেলা নিয়ে সংঘর্ষ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় খেলাধুলা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসন কাজ করছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ভৈরব স্টেশন এলাকায় খেলা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে রাত ৯টা ১০ মিনিটের দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্টেশন ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সহিংসতা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ভৈরব স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে দিচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, আমরা ভৈরব স্টেশনে এই মুহূর্তে কোনো ট্রেন নিচ্ছি না। স্টেশনের দুই পাশের আউটসাইডে ট্রেনগুলো আটকে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আবার ট্রেন চলাচল শুরু হবে।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের বেশ কয়েকটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টা পর্যন্ত নিম্নোক্ত ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে অবরুদ্ধ অবস্থায় আছে।

মহানগর গোধূলি (৭০৩) :  রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব স্টেশনের আউটসাইডে লাইনে দাঁড়িয়ে আছে।

পারাবত এক্সপ্রেস (৭১০) : রাত ৯টা ৩৩ মিনিট থেকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে অবস্থান করছে।

এগারোসিন্ধুর গোধূলি (৭৪৯) : রাত ৯টা ২২ মিনিট থেকে নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে আটকে আছে।

নরসিংদী কমিউটার : রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে দাঁড়িয়ে আছে।

কন্টেইনার ট্রেন (৬০)৬ : রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে আটকা পড়ে আছে।

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
সংগৃহীত ছবি

নোয়াখালীর কবিরহাট বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রতন দেবনাথ (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রতন দেবনাথ উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে। তিনি পেশায় পান দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রতন দেবনাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী মনিকা রানী দেবনাথ কবিরহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে আয়া হিসেবে কর্মরত। হাসপাতালের পাশেই পরিবারের সহযোগিতায় তিনি পান দোকান পরিচালনা করতেন।

দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের উত্তর পাশে রতন দেবনাথকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। পরে তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি হাসপাতাল ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনার পর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ১২টা ৫৯ মিনিটে ওই ব্যক্তি ভবনে প্রবেশ করেন। পরে ১টা ৯ মিনিটের দিকে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেছেন অথবা ছাদ থেকে লাফ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য শুক্রবার (৫ জুন) সকালে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু
সংগৃহীত ছবি

ঝিনাইদহ সদরে সাত বছরের এক শিশুকে মিষ্টি দেওয়ার প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বিকেল ৪টার দিকে উপজেলার চরখাজুর গ্রামের আবাসন প্রকল্পে ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। পরে তাকে আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা।

নিহত বিল্লাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার দেউনি গ্রামের বরকত আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের রিকশা চালাতেন এবং চরখাজুরা আবাসনে ঘর ভাড়া নিয়ে থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মিষ্টি দেওয়ার প্রলোভনে আবাসনের সাত বছরের এক শিশুকে নিজের ঘরে নিয়ে যায় অভিযুক্ত বিল্লাল। পরে তার ঘর থেকে শিশুটির চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। 

এসময় উত্তেজিত জনতা বিল্লালকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আসাদউজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘বিকেলে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে বিল্লাল হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।’ 

তিনি আরো বলেন, ‘বিকেল ওই ব্যক্তিকে আবাসন ও আশেপাশের উত্তেজিত লোকজন গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লাল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। মরাদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’