• ই-পেপার

ইরান যুদ্ধে নিহত ৪ সেনার নাম তালিকা থেকে সরাল পেন্টাগন

ট্রাম্পের শুল্ক উত্তেজনার মাঝেই চালু হচ্ছে কানাডা-যুক্তরাষ্ট্রের নতুন সেতু ‘গোর্ডি হাউ’

অনলাইন ডেস্ক
ট্রাম্পের শুল্ক উত্তেজনার মাঝেই চালু হচ্ছে কানাডা-যুক্তরাষ্ট্রের নতুন সেতু ‘গোর্ডি হাউ’
ছবি : রয়টার্স

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজ করতে নির্মিত ‘গোর্ডি হাউ’ আন্তর্জাতিক সেতুতে সোমবার (২৭ জুন) থেকে যান চলাচল শুরু হচ্ছে। নতুন এই সেতুটি দুই দেশের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের উইন্ডসরে ফিতা কেটে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে চলা বহু-বিলিয়ন ডলারের এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেতুটির নাম রাখা হয়েছে কানাডার কিংবদন্তি হকি খেলোয়াড় গোর্ডি হাউ-এর নামে। 

তিনি ‘মিস্টার হকি’ নামে পরিচিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট রেড উইংস দলের হয়ে খেলেছেন। মার্কিন পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, কানাডার ৭০ শতাংশের বেশি রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়। এ কারণে ডেট্রয়েট সীমান্ত দুই দেশের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ।

এতোদিন বড় বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য প্রায় ১০০ বছর ধরে অ্যাম্বাসেডর ব্রিজই ছিল একমাত্র পথ। ব্যবসায়ীদের আশা, নতুন ছয় লেনের গোর্ডি হাউ সেতু পণ্য পরিবহন আরো দ্রুত ও কম খরচে সম্ভব করবে। ১.৫ মাইল (প্রায় ২.৪ কিলোমিটার) দীর্ঘ এই সেতুর সর্বোচ্চ অংশ নদী থেকে ১৫১ ফুট (৪৬ মিটার) উঁচু। কয়েক সপ্তাহের মধ্যে বৈধ পরিচয়পত্রধারী পথচারী ও সাইকেল আরোহীরাও বিনামূল্যে সেতুটি ব্যবহার করতে পারবেন।

২০১৮ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও কোভিড-১৯ মহামারীর কারণে কাজ শেষ হতে কয়েক বছর বেশি সময় লাগে। কানাডা প্রায় ৬.৪ বিলিয়ন ডলার ব্যয়ে সেতুটি নির্মাণ করেছে। দুই দেশের সাম্প্রতিক এক চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর কানাডা টোল আয়ের একটি অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করবে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর পর অন্টারিওতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও মিশিগানের প্রতিনিধিদের আমন্ত্রণ বাতিল করা হয়।

ভারতেও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের দাবি

কালের কণ্ঠ ডেস্ক
ভারতেও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের দাবি

ভারতেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার দাবি উঠেছে। চলতি সপ্তাহে ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে ফ্রান্সের পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। ফরাসি সংসদের উভয় কক্ষে আইনপ্রণেতারা এই আইনের পক্ষে ভোট দেওয়ার পর, ফ্রান্সই ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল। নতুন এই আইনে শিক্ষার্থীদের স্কুলের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সের এই আইনের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন ভারতীয় বহুজাতিক প্রযুক্তি কম্পানি জোহোরসহ প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও শ্রীধর ভেম্বু। ভারতেও এ ধরনের নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, যেন ছোট বাচ্চারা মোবাইল স্ক্রিনের বন্দিদশা থেকে বেরিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারে।

ভেম্বু বলেন, ‘ভারতেরও উচিত ছোট বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা। আমি বিশ্বাস করি, ছোট বাচ্চাদের বই পড়া উচিত, রোদের নিচে মাটিতে খেলাধুলা করা উচিত এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা উচিত!’

তবে ভেম্বুর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কিছু ব্যবহারকারী তার সঙ্গে একমত পোষণ করেছেন, আবার অনেকে বলেছেন, নাগরিকদের ব্যক্তিগত জীবনে সরকারের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। তবে ভেম্বুর এই দাবি নিয়ে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর ও তার ছেলে ঈশান থারুরের মধ্যে এক মজার বিতর্ক হয়েছে।

শ্রীধর ভেম্বুর দাবি প্রসঙ্গে ঈশান থারুর তার এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘আমি একমত যে ছোট বাচ্চাদের মোটেও সোশ্যাল মিডিয়ায় থাকা উচিত নয়। তবে অন্য কিছু করার আগে ভারতের উচিত হোয়াটসঅ্যাপে বুমারদের নিষিদ্ধ করা।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও আমেরিকায় জন্মহার অনেক বেড়ে গিয়েছিল। ইতিহাসে একে বলা হয়, ‘বেবি বুম’। তাই ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে বেবি বুমার বা সংক্ষেপে বুমার বলা হয়। তবে ভারতে ‘বুমার’ শব্দটি ব্যবহার অবজ্ঞা করতে ব্যবহার করা হয়। পুরনো ও সেকেলে চিন্তা-ভাবনা, প্রযুক্তি সম্পর্কে ধারণা না রাখা মানুষদের তরুণ প্রজন্ম ‘বুমার’ বলে। ঈশান তার স্ট্যাটাসে তেমন ইঙ্গিতই দিয়েছিলেন। তবে ঢিল মারতে গিয়ে জোরালো পাটকেল খেয়েছেন ঈশান, তা-ও বাবার কাছ থেকে। বিভিন্ন ইস্যুতে সরব থাকা ও তীক্ষ্ণ রসবোধের জন্য খ্যাত শশী থারুর ছেলের স্ট্যাটাসটি শেয়ার করেছেন। সঙ্গে ভারতের উচ্চ জন্মহারের ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘হে আমার পুত্র, আমাদের প্রজনন হারের ধারা বিবেচনা করলে, পশ্চিমাদের মতো নয়; বরং ভারতীয়দের প্রতিটি প্রজন্মই, যার মধ্যে তোমার প্রজন্মও অন্তর্ভুক্ত; বেবি বুমার হওয়ার যোগ্যতা রাখে!’

বাবা-ছেলের এই মজার বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মজার আলোচনা হচ্ছে। অনেকেই বাবার হাতে ঘায়েল হওয়ায় ঈশানের প্রতি সহানুভূতি জানিয়েছেন।

পশ্চিম তীরে ২ দিনে শতাধিক ফিলিস্তিনি আটক

অনলাইন ডেস্ক
পশ্চিম তীরে ২ দিনে শতাধিক ফিলিস্তিনি আটক
ছবি : ভিডিও থেকে নেওয়া।

ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা সামিদুন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত দুই দিনে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে।

সংস্থাটির দাবি, সাম্প্রতিক সহিংস ঘটনার পর ইসরায়েলের চালানো ব্যাপক অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। অভিযানগুলো মূলত নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকায় পরিচালিত হয়। এ সময় সেনারা বাড়িঘরে তল্লাশি চালায়, সম্পত্তির ক্ষতি করে এবং আটক ব্যক্তিদের খোলা জায়গায় জিজ্ঞাসাবাদের সময় মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

সামিদুন আরো জানায়, কয়েকটি অভিযানে সামরিক বাহিনীর সুরক্ষায় থাকা সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও অংশ নেন। সংস্থাটি এই অভিযানকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সম্মিলিত শাস্তি ও প্রতিশোধমূলক ব্যবস্থা’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের সুরক্ষায় জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

ডিআর কঙ্গোতে ইবোলা আক্রান্ত ৩২০০, মৃত্যু বেড়ে ১৪০৫

অনলাইন ডেস্ক
ডিআর কঙ্গোতে ইবোলা আক্রান্ত ৩২০০, মৃত্যু বেড়ে ১৪০৫
ছবি : রয়টার্স

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ২০০ জনে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত এক হাজার ৪০৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার প্রকাশিত এ তথ্য অনুযায়ী, দেশটির ১৭তম ইবোলা প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। মাত্র ১০ দিনে নতুন করে প্রায় এক হাজারজন আক্রান্ত হয়েছেন।

গত ১৫ মে এই প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এটি ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও ধরন, যার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশ উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে শনাক্ত হয়েছে। এই প্রদেশের সীমান্ত দক্ষিণ সুদান ও উগান্ডার সঙ্গে যুক্ত। বর্তমানে ভাইরাসটি পাঁচটি প্রদেশে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে দুটি নতুন প্রদেশও রয়েছে।

জাতিসংঘের মানবিক বিমানসেবা (ইউএনএইচএএস) জানিয়েছে, দুর্গম এলাকায় চিকিৎসক ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে পরীক্ষাগারে নমুনা পাঠিয়ে সংক্রমণ শনাক্তের কাজও চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

কর্তৃপক্ষ বলছে, উন্নত পরীক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থার কারণে আরো বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। তবে স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের কারণে কিছু হাসপাতালে রোগ মোকাবেলার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রাদুর্ভাব আরো কয়েক মাস স্থায়ী হতে পারে।

ইবোলা সংক্রমিত ব্যক্তির শরীরের তরলের সংস্পর্শে ছড়ায় এবং এটি মারাত্মক রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে। গত ৫০ বছরে আফ্রিকায় এ ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, বুন্ডিবুগিও ধরনের বিরুদ্ধে কার্যকর টিকা ও চিকিৎসা উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করছেন।