প্রাইমারী স্কুলশিক্ষকদের শিক্ষার প্রতি আরো মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, প্রাইমারী স্কুলশিক্ষকদেরকে যত্নবান হতে হবে। যাতে আমাদের সন্তানরা শিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রাইমারিতে আমরা ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করছি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন মাষ্টার্স পর্যন্ত মেয়েদেরকে উপবৃত্তিসহ অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। দেশের অর্ধেক হচ্ছে নারী, তাদের কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে।
শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ঝন্টু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।







