অনলাইন সিস্টেমের উন্নয়নের কাজ চলমান থাকায় সাময়িকভাবে স্থানীয় কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, অনলাইন বদলি ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের সময়ে অনলাইন বদলি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সেটিকে আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত স্থানীয় কমিটির মাধ্যমে অস্থায়ীভাবে শিক্ষক বদলি করা হবে। এই প্রক্রিয়ার বদলিতে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের রাখা হয়েছে।
হাওরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চল ও ক্যাচমেন্ট এলাকায় শিক্ষক সংকট বড় সমস্যা। এসব এলাকায় নিয়োগ দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক পাওয়া যায় না। ফলে অন্য এলাকা থেকে শিক্ষক দিতে হয়। তবে অনেক অঞ্চলে শিক্ষক নিয়োগ ও ধরে রাখা কঠিন হওয়ায় এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।






