নওগাঁর ধামইরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রী মনিরা বেগমকে (২৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার মাসুদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
নিহতের বোন মহসিনা বেগম বলেন, ‘আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। সোমবার ভোররাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন।’
তিনি আরো বলেন, ‘আমি আমার বোনকে নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য এলে আমার দুলাভাই আমার বোনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাদের মধ্যে বেশ কিছু দিন থেকে সংসার জীবনে কলহ চলছিল।’
ধামইরহাট থানার ওসি মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’





