• ই-পেপার

নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছি, স্বীকার করলেন ট্রাম্প

হাদি হত্যাকাণ্ডে ‘বিতর্কিত মন্তব্য’ : মমতার বিরুদ্ধে এফআইআর

অনলাইন ডেস্ক
হাদি হত্যাকাণ্ডে ‘বিতর্কিত মন্তব্য’ : মমতার বিরুদ্ধে এফআইআর
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য’র জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ (এফআইআর) করা হয়েছে। ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

ভারতের টিভিনাইনবাংলার এক প্রতিবেদনে জানা যায়, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগ, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হওয়া ওসমান হাদির হত্যায় অভিযুক্তরা গত জানুয়ারিতে মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গত ২ জুনের এক সভায় মমতা নাম উল্লেখ না করলেও সেই প্রসঙ্গ তুলে ইঙ্গিত করেন, বাংলাদেশে খুন হলেও কারা জড়িত তিনি জানেন। নাম জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণেই রিঙ্কি শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত ২ জুন পশ্চিবঙ্গে এক সভায় অমিত শাহের নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তা হলো—ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এটা পুলিশের কৃতিত্ব।’

মমতা আরো বলেন, ‘এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে বলেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজকে সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার। তথ্যভাণ্ডার।’

তবে দেশের স্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে সেই নামগুলো এখনই প্রকাশ করছেন না বলে জানান মমতা।

তিনি বলেন, ‘এত দিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টার মামলা করেছিলেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

২০২৩ সাল থেকে গাজায় ৯,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ: আল-দামির

অনলাইন ডেস্ক
২০২৩ সাল থেকে গাজায় ৯,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ: আল-দামির
ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানের পর এখন পর্যন্ত ৯৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গাজাভিত্তিক মানবাধিকার সংগঠন 'আল-দামির' এক প্রতিবেদনে জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় ৪৭০০ জন নারী ও শিশু। সংগঠনটির দাবি, চলমান যুদ্ধ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে হাজারো মানুষের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮১০০ মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ সীমিত হওয়ায় তাদের অনেকের ভাগ্য এখনো অজানা।

এ ছাড়া গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশ থেকে আরো প্রায় ২৫০ ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে আল-দামির। তাদের অবস্থান সম্পর্কেও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সংগঠনটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর গাজা থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার সময় ইসরায়েলি সামরিক তল্লাশি চৌকিতে ৮০০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছিল। তবে তাদের কোথায় রাখা হয়েছে বা বর্তমানে তারা কী অবস্থায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করা প্রায় ৩৫০ জন মানুষের ভাগ্যও এখনো অজানা রয়ে গেছে।

আল-দামির বলেছে, চলমান যুদ্ধের কারণে এটি গাজার সবচেয়ে জটিল এবং বেদনাদায়ক মানবিক সংকটগুলোর একটিতে পরিণত হয়েছে। সংগঠনটির মতে, জোরপূর্বক মানুষকে গুম করা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের শামিল।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা বলেছে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে নিখোঁজ ও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে একটি জিনগত তথ্যভান্ডার বা ডিএনএ ডাটাবেজ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে আল-দামির।


 

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির ‘পাইলট জোন’ নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির ‘পাইলট জোন’ নিয়ে ধোঁয়াশা
ছবি: ইপিএ

লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি ‘পাইলট জোন’ বা পরীক্ষামূলক অঞ্চল নির্ধারণে সমঝোতা হয়েছে। তবে এসব অঞ্চল কীভাবে পরিচালিত হবে এবং সেখানে কার্যক্রম কোন পদ্ধতিতে এগোবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে দুই দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যে একাধিক কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকগুলোতেই পাইলট জোনের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

জানা গেছে, এমন কিছু এলাকা বেছে নেওয়া হবে যেগুলোকে পর্যাপ্ত নিরাপদ বলে বিবেচনা করা হবে। একই সঙ্গে নিশ্চিত করা হবে যে, ওই অঞ্চলগুলোতে হিজবুল্লাহর কোনো ধরনের উপস্থিতি বা কার্যক্রম থাকবে না।

পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সহায়তায় এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে লেবাননের সেনাবাহিনী এসব এলাকায় দায়িত্ব গ্রহণ করবে। কোন সময় এবং কীভাবে সেনাবাহিনী ওই অঞ্চলগুলোতে প্রবেশ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে লেবাননের সামরিক কর্তৃপক্ষ।

তবে পুরো প্রক্রিয়াটি কোন সময়সীমার মধ্যে সম্পন্ন হবে, কিংবা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা কী হবে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো সময়সূচি প্রকাশ করেনি।

উল্লেখ্য যে, 'পাইলট জোন' বলতে সাধারণত এমন একটি পরীক্ষামূলক বা সীমিত এলাকা বোঝায়, যেখানে কোনো নতুন পরিকল্পনা, চুক্তি, নীতি বা নিরাপত্তা ব্যবস্থা প্রথমে ছোট পরিসরে বাস্তবায়ন করে দেখা হয়। এটি সফল হলে পরে আরো বড় এলাকায় বা পুরো অঞ্চলে তা সম্প্রসারণ করা হয়।

সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি!

অনলাইন ডেস্ক
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি!
সংগৃহীত ছবি

মুহূর্তের মধ্যে কার ভাগ্য কোন দিকে মোড় নেয় তা বলা যায় না! আর এ ভাগ্য পরিবর্তন বদলে দিতে পারে মানুষের জীবনও। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামের যুবক আনারুল হক।

সকালে লটারির টিকিট কেটে দুপুরেই প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এই যুবক। এই খবরে আনন্দে ভাসছে গোটা গ্রাম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের তথ্য মতে, আনারুল বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ মিটারের বিল রিডিং সংগ্রহের কাজ করেন। সাধারণ পরিবারের সন্তান আনারুলের বাবা চা-বাগানের শ্রমিক। সংসারের নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি মাঝে মধ্যেই শখে লটারির টিকিট কাটতেন।

জানা গেছে, বুধবার সকালে তিনি বারঘরিয়ার একটি লটারি কাউন্টার থেকে নাগাল্যান্ড স্টেট লটারির একটি টিকিট কিনেছিলেন। পরে ফলাফল প্রকাশিত হলে কাউন্টার মালিক তপন সরকার তাকে জানান, তার টিকিটে এক কোটি টাকার প্রথম পুরস্কার পাওয়া গেছে। সুখবরটি পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন আনারুল।

মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর থেকেই তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের সদস্যদের মুখেও ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। বাবা-মা, আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামের মানুষ সবাই তার এই সাফল্যে উচ্ছ্বাসিত। আনারুলের এ সাফল্যে নতুন স্বপ্ন দেখছে তার পরিবারও।