• ই-পেপার

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল

অপারেশন সিঁদুর

পরাজয় ঢাকতে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা—দাবি ইমরান খানের বোনের

অনলাইন ডেস্ক
পরাজয় ঢাকতে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা—দাবি ইমরান খানের বোনের
সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি দাবি করেছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও দেশটির সেনাবাহিনী জনগণের সামনে নিজেদের জয়ী হিসেবে তুলে ধরতে ‘বানানো গল্প’ প্রচার করেছে। তার এই মন্তব্যকে ঘিরে পাকিস্তানে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে- নরিন নিয়াজি দাবি করেছেন চার দিনব্যাপী ভারত-পাকিস্তান সংঘাত বাস্তবে তেমন ছিল না, যেমনটি পাকিস্তানের সেনাপ্রধান জনগণের সামনে তুলে ধরেছেন। তার ভাষ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি সফল সামরিক অভিযান এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা ও ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা করেছে।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তাকে তলব করে। সংস্থাটির পাঠানো নোটিশে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রচার করে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষ নিহত হন। ভারত এই হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে দায়ী করে।

এর জবাবে ৭ মে ভোরে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। ভারতের দাবি, ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। এরপর দুই দেশের মধ্যে কয়েক দিনের সামরিক সংঘাত শুরু হয়। ভারত দাবি করে, পাকিস্তানের হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা অভিযানে দেশটির একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানও ভারতের এসব দাবির অনেকগুলো অস্বীকার করে এবং নিজেদের সফলতার দাবি জানায়। পরে উভয় পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

এদিকে, ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালের সহিংস বিক্ষোভের ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার বিচারও চলমান রয়েছে।

সংস্কারে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন এয়ারফোর্স ওয়ান

অনলাইন ডেস্ক
সংস্কারে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন এয়ারফোর্স ওয়ান
সংগৃহীত ছবি

মাত্র ১৯ দিনের মাথায় সংস্কারকাজে পাঠানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বহরের নতুন বিমানটি। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। এর মাধ্যমে ভিন্ন উপায়ে নতুন বিমানটির নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতাই স্বীকার করে নেওয়া হলো।

এর আগে গত ১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হয় কাতারের দেওয়া উপহার বোয়িং ৭৪৭-৮ বিমানটি। গতবছর কাতার রাজপরিবার ৪০০ মিলিয়ন ডলার মূল্যের বিমানটি উপহার দিয়েছিল। আরো ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে ১০ মাস সংস্কারকাজের পর গত ১৯ জুন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে বিমানটি উদ্বোধন করতে গিয়ে উচ্ছ্বসিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ‘সবকিছুর ডিজাইন দারুণ করা হয়েছে। আমি বলব, এটি আমার রুচিমতো হয়েছে। বিমানটিকে এমন এক বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তরিত করা হয়েছে, যা আগে কেউ কখনো দেখেনি।’

গত ১ জুলাই ডোনাল্ড ট্রাম্প প্রথম নতুন এয়ারফোর্স ওয়ানে চড়ে নর্থ ডাকোটায় একটি জাদুঘর উদ্বোধন করতে যান। কিন্তু ১৯ দিনের মাথায় ট্রাম্পের উচ্ছ্বাস মিইয়ে গেল। বহরে যুক্ত হওয়ার ৮ দিনের মাথায় এয়ারফোর্স ওয়ানের বিমানটির নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা-বিতর্ক সৃষ্টি হয়। গত ৮ জুলাই ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারা থেকে ফেরার পথে হুট করে নতুন বিমানটি ফেলে এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে চড়ে বসেন ট্রাম্প। ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্র করছে, এমন আলোচনার মধ্যে ট্রাম্পের হঠাৎ বিমান বদল নতুন মাত্রা যুক্ত করে। পরদিন ৯ জুলাই নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, নতুন বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বেশ কিছু জরুরি নিরাপত্তা প্রযুক্তির ঘাটতি রয়েছে। ১০ জুলাই সিএনএন জানায়, তড়িঘড়ি সংস্কারের কারণে নতুন বিমানটিতে অনেক স্ট্যান্ডার্ড ফিচার বাদ পড়েছে।

তবে নিরাপত্তা ত্রুটির কারণে বিমান বদল হয়েছে, এমন দাবিকে পাত্তাই দেননি ডোনাল্ড ট্রাম্প। বরং বিমানের নিরাপত্তা ঘাটতি সংক্রান্ত সংবাদ পরিবেশন নিয়ে ট্রাম্প ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করেন। এই তথ্য কারা সাংবাদিকদের কাছে ফাঁস করেছে তা তদন্তে হোয়াইট হাউস বেশ জোরালো পদক্ষেপ নিয়েছে। চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেল ব্যক্তিগতভাবে এই তদন্তের সঙ্গে যুক্ত আছেন। হোয়াইট হাউজে কর্মকর্তাদের তাদের ব্যক্তিগত ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সমন পাঠানো হয়, নিউইয়র্ক টাইমসের ৪ সাংবাদিককেও।

এসব আলোচনা-বিতর্কের মধ্যেই বিমানটি সংস্কারকাজে পাঠানোর কথা জানালেন ট্রাম্প। রবিবার নিউজার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখে ফিরে আসার পর, বিমান থেকে নামার সময় ট্রাম্পকে নতুন বিমানটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হয়। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটির অনেক সক্ষমতা রয়েছে, তবে আমি যতটুকু জানি, আগামী এক মাসের মধ্যে তারা এটিকে সর্বোচ্চ আধুনিকায়নের জন্য পাঠাবে।’ তিনি বলেন, ‘তারা এটি পাঠাতে যাচ্ছে এবং এটিকে সর্বোচ্চ আধুনিকীকরণ করা হবে। এতে প্রায় ১ মাস সময় লাগবে।’

উল্লেখ্য, বোয়িং কম্পানি এয়ারফোর্স ওয়ান বহরের জন্য দুটি বিমান তৈরি করছে। ২০২৮ সালের মাঝামাঝি সময়ে বিমান দুটি মার্কিন বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। তবে হস্তান্তরের পর বিমান দুটি প্রেসিডেন্টের ব্যবহার উপযোগী করতে ২০২৯ সাল বা তারও বেশি সময় লেগে যেতে পারে। কিন্তু তর সইছিল না ডোনাল্ড ট্রাম্পের। পুরনো বিমানে অসন্তুষ্ট ট্রাম্পের রুচির সঙ্গে তাল মিলিয়ে তার পরামর্শেই সংস্কার করা হয় কাতারের রাজপরিবারের দেওয়া রাজকীয় বিমানটি। তবে তাড়াহুড়ো করতে গিয়েই সৃষ্টি হয়েছে সমস্যার। যে কারণে ১৯ দিনের মাথায় আবার সংস্কারে পাঠাতে হচ্ছে বিমানটিকে।

ওডেসা বন্দরে জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

অনলাইন ডেস্ক
ওডেসা বন্দরে জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত
সংগৃহীত ছবি

ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর এক ভারতীয় নাবিকের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

হামলার শিকার ‘এমভি গোল্ডেন লিও’ নামের জাহাজটিতে ভারতীয় ও সিরীয় নাগরিকসহ মোট ১৭ জন ক্রু ছিলেন। এর মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী ও ভুট্টাবোঝাই এই জাহাজটির মালিকানা মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ওশান গ্রেস শিপিং লিমিটেড’-এর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা মুক্ত নৌচলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।’ একই সঙ্গে ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস উদ্ধারকাজ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়।

ইউক্রেনীয় নৌবাহিনীর দাবি, রুশ বাহিনী জাহাজটি লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটিতে আগুন ধরে যায়। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও জাহাজটির ৯ জন ক্রু এবং ১ জন মেরিন পাইলট নিহত হন।

কৃষ্ণসাগরে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে ওডেসা বন্দর কর্তৃপক্ষ।

চলতি মাসে ওডেসা অঞ্চলে রুশ হামলায় এ পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই দিনে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ ৫ জন নিহত হন এবং ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় আরো ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দুই পক্ষের সংঘাত সম্প্রতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।

ইকামা নিয়ে সুখবর দিল সৌদি আরব

অনলাইন ডেস্ক
ইকামা নিয়ে সুখবর দিল সৌদি আরব
সংগৃহীত ছবি

গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ‘ইকামা’ নবায়নের ক্ষেত্রে এক যুগান্তকারী ও নমনীয় নিয়ম চালু করেছে সৌদি আরব।

নতুন এই নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা এখন থেকে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বনিম্ন ৩ মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। রবিবার (১৯ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

ওকাজ’ পত্রিকার তথ্য অনুযায়ী, এই নতুন ব্যবস্থার অধীনে নিয়োগকর্তারা গৃহকর্মী এবং সমমানের অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত কর্মীদের জন্য ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ বা ২৪ মাসের আবাসিক মেয়াদের যেকোনো একটি বেছে নিতে পারবেন। ‘আবসের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই পারমিটগুলো জারি বা নবায়ন করা যাবে।

এই পরিবর্তনের ফলে নিয়োগকর্তাদের একসঙ্গে দীর্ঘ মেয়াদের জন্য ফি পরিশোধ করতে হবে না। বরং তারা কেবল নির্বাচিত মেয়াদের জন্যই আবাসিক ফি পরিশোধের সুযোগ পাবেন। তিন মাস বা তিন মাসের গুণিতক হিসেবে জারি বা নবায়নকৃত ইকামার ফি মূলত ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করা যাবে।

এর আগে গৃহকর্মীদের ইকামার মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল।

পরিবার এবং গৃহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগকর্তাদের আরো বেশি নমনীয়তা প্রদান করার জন্যই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এটি সরকারি প্রক্রিয়াগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে সৌদি সরকারের গৃহীত অন্যতম পদক্ষেপ।

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল | কালের কণ্ঠ