• ই-পেপার

আইসিসির বড় পদে তামিম ইকবাল

ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ কোটি টাকা ঋণ দিচ্ছে আইসিসি

ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ কোটি টাকা ঋণ দিচ্ছে আইসিসি
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: এএফপি

কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ক্রিকেট বিষয়ক একাধিক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে আইসিসি; যা বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি টাকা। 

সিডব্লিউআই বেশ কিছুদিন ধরে আইসিসির কাছে সহায়তা চেয়ে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সাবেক ক্রিকেটাররাও প্রকাশ্যে মত দিয়েছেন। 

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আগের বছরের ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার নিট মুনাফার বিপরীতে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার নিট লোকসান করেছে।

এদিকে, ২০২৬ অর্থচক্রে আরো ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার লোকসানের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আর্থিক ঘাটতি মোকাবিলায় আইসিসি কাছ থেকে ঋণ এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণসুবিধা নেওয়ার পরিকল্পনার কথা সিডব্লিউআই তাদের আর্থিক বিবরণীতেই উল্লেখ করেছিল। সেই পরিকল্পনাই এখন বাস্তবে রূপ নিতে চলেছে।

এর আগে ২০১২ সালে জিম্বাবুয়ের সঙ্গে আইসিসির বিশেষ আর্থিক সহায়তা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

পরবর্তীতে ২০২০ সালে করোনা মহামারির সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭ কোটি টাকা ঋণ নিয়েছিল সিডব্লিউআই। সেই ঋণ যথাসময়েই পরিশোধ করেছে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
অনুশীলনে মেসিরা। ছবি : রয়টার্স

সোনালি ট্রফিটা ধরে রাখার সুযোগ পেতে হলে আজ জিততেই হবে আর্জেন্টিনাকে। এর বিকল্প নেই। সেমিফাইনাল-ভাগ্যটা অবশ্য তাদের পক্ষেই আছে। ৫ বার শেষ চারে খেলে কখনো হার দেখতে হয়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এবার ষষ্ঠবারের মতো সেমিফাইনাল খেলবে। আটলান্টায় আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপজয়ীদের শক্তিমত্তা বিশ্লেষণ করেই আজ নিজেদের একাদশ সাজাতে চান কোচ লিওনেল স্কালোনি। ফাইনালে ওঠার ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

একাদশ পরিবর্তনের বিষয়ে ২০২২ বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষকে মাথায় রেখেই একাদশে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। তবে মাঠে সেরা দল নামানোই আমাদের মূল ভাবনা। ছেলেরাও দুর্দান্ত ছন্দে আছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দুটি পজিশনে পরিবর্তন আসতে পারে। রক্ষণে নাহুয়েল মলিনার জায়গায় দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়েল। আর মিডফিল্ডে রদ্রিগো ডি পলের জায়গায় নিকো গঞ্জালেস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। 

এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু বাংলাদেশের
বাংলাদেশের হয়ে ফিফটি করে ব্যবধান কমান ইয়াসির আলি। ছবি : ক্রিকইনফো

জয়ের জন্য ১৮ বলে প্রয়োজন ৪১ রান। হাতে ৪ উইকেট। বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন। সেটা আরো ভালোভাবে বোঝা গেল রিচার্ড এনগারাভার বলে বড় শট খেলতে গিয়ে ইয়াসির রাব্বির আউট হওয়াতে। ব্র্যাড ইভান্স ক্যাচ ধরতেই থেমে যায় তার ৫৪ রানের ইনিংসটি।

সঙ্গে বাংলাদেশের জয়ের পথও থেমে যায়। কেননা ওই ওভারেই আরেক স্বীকৃত ব্যাটার মোহাম্মদ সাইফউদ্দিনও আউট হন। পরে ইনিংস দ্রুতই গুটিয়ে যায়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৩৮ রানে অলআউট হয়। এতে করে ৩২ রানের ব্যবধানে সংক্ষিপ্ত সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশ। এর আগে অন্য সংস্করণে শুধু হার দিয়ে শুরু করেনি, জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজই খুইয়েছে।

বুলাওয়েতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ইয়াসিরের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। তবে ব্যক্তিগত ১৪ রানে অধিনায়ক হৃদয় আউট হতেই আবার ধাক্কা খায় বাংলাদেশ। 

দলীয় ৭৮ রানে রান আউট হয়ে বিপদ বাড়ান নুরুল হাসান সোহান (৩)। তবে ষষ্ঠ উইকেটে ৩৭ বলে ৫৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের আশা দেখাচ্ছিলেন ইয়াসির-শেখ মেহেদী। ব্যক্তিগত ১৯ রানে মেহেদী আউট হতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। ৮ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। প্রায় ৩ বছর খেলতে নেমে ৩ ছক্কা ও ২ চারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন ইয়াসির। প্রতিপক্ষের হয়ে ৪টি করে উইকেট নেন দুই পেসার এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। শেষ দিকে রায়ান বার্লের ৩০ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ১৯০.০০ স্ট্রাইকরেটে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স। বাংলাদেশের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন নাহিদ রানা।

মাঠে বসে মেসির হ্যাটট্রিক দেখা অন্য রকম এক অনুভূতি

শুভেচ্ছা চক্রবর্তী
মাঠে বসে মেসির হ্যাটট্রিক দেখা অন্য রকম এক অনুভূতি
মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখার মুহূর্ত সারা জীবন হৃদয়ে আগলে রাখবেন শুভেচ্ছা চক্রবর্তী। সৌজন্য ছবি

১৩ জুলাই, ২০১৪—বিশ্বকাপ ফাইনাল।

আর্জেন্টিনা জার্মানির কাছে ফাইনালে পরাজিত হয়েছিল। ওই দিন রাতেই আমার ফ্লাইট। ফ্লাইট টু আমেরিকা। নিজের জন্মভূমি, বাবা, মা, প্রিয়তমা, বন্ধুদের রেখে নতুন একটা অজানা দেশে পাড়ি জমাচ্ছি। কিন্তু আমার মনে এগুলোর কোনো কষ্ট নেই, আমার মনে তখন একটাই কষ্ট, আর সেটা হলো আর্জেন্টিনার পরাজয়। পুরো ফ্লাইট আমার একটাই আক্ষেপ। সেই আমিই আজ সরাসরি মাঠে বসে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল দেখলাম।

আমি ১৯৯৮, ২০০২-এর হতাশা দেখেছি, ২০০৬-এর আক্ষেপ দেখেছি, ২০১০-এর ব্যর্থতা দেখেছি, ২০১৪-এর ফাইনালে হৃদয়ভাঙা দেখেছি, ২০১৮-এর কষ্ট দেখেছি। তার পরও দল ছাড়িনি। অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলত, আরজেতে না। বছরের পর বছর ধৈর্য ধরে, বিশ্বাস ধরে, ভালোবাসা ধরে একই দলের পাশে থেকেছি।

11


 
তারপর সময় অনেক গড়িয়েছে। এক যুগ পূর্ণ হলো আমার স্বপ্নের দেশ আমেরিকায়। এরই মধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল। আমেরিকা ২০২৬ বিশ্বকাপের আয়োজক এবং আমাদের খুব কাছের শহর কানসাস সিটিও একটা বিশ্বকাপের ভেন্যু। আমাকে আর রাখে কে। বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার প্রায় এক মাস আগেই কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলেছিলাম। অনেক হিসাব-নিকাশ করে সম্ভাব্য সব ব্র্যাকেট আর ম্যাচআপ বিশ্লেষণ করেছিলাম। তখন দেখলাম, কানসাস সিটির কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার পর্তুগালের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা আছে। মেসি বনাম রোনালদোকে একসঙ্গে মাঠে দেখার সুযোগ তো স্বপ্নের মতো! তাই সেই স্বপ্ন হাতছাড়া না করার জন্য একটু হিসাব করে ঝুঁকি নিয়েই টিকিট কিনে ফেললাম।

কিন্তু পর্তুগাল হতাশ করল। তারা কোয়ার্টার ফাইনালেই উঠতে পারল না। এরপর আশা করছিলাম আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া। কিন্তু কলম্বিয়াও সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল। অন্যদিকে আর্জেন্টিনাও মিসরের বিপক্ষে প্রায় বিদায়ের মুখে চলে গিয়েছিল। সেই ম্যাচ চলাকালীন আমার মনে হচ্ছিল, যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমার টিকিট বিক্রিও হবে না, পুরো টাকাটাই পানিতে যাবে। কিন্তু ঈশ্বর আর আর্জেন্টিনার পরিকল্পনা ছিল অন্য রকম। শেষ বাঁশি বাজা পর্যন্ত আমি আর্জেন্টিনার ওপর বিশ্বাস রেখেছিলাম, আশা ছাড়িনি। আর তারা সেই বিশ্বাসের মর্যাদা রেখেছে। দুর্দান্ত এক পারফরম্যান্সে মিসরকে হারিয়ে দিল আর্জেন্টিনা।

অবশেষে ঠিক হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। খারাপ কী! অন্তত আমার প্রিয় দল তো আছে। আর এর আগে কখনো সুইজারল্যান্ডের ম্যাচও সরাসরি দেখিনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার ৩টা খেলা দেখার সৌভাগ্য হয়েছে মাঠে বসে। প্রথম ম্যাচ আর্জেন্টিনা-আলজেরিয়া, কানসাস সিটিতে দেখে আসলাম সংগীতা, সায়েশা এবং সাত্ত্বিকসহ। মাঠে বসে মেসির হ্যাটট্রিক দেখা। এ এক অন্য অনুভূতি। দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনা-অস্ট্রিয়া, ডালাসে। ওই ম্যাচেও মেসির দুই গোল, দেখে আসলাম বন্ধু অরুপের সাথে। তৃতীয় ম্যাচ দেখতে গেলাম সরাসরি আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, নিজেদের শহর কানসাস সিটিতে।

22

ম্যাচের দিন খুব ভোরেই যাত্রা শুরু করলাম। আমার শহর উইচিটা থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় ৩ ঘণ্টার ড্রাইভ। তাই একটানা গাড়ি চালিয়ে প্রথমে পৌঁছে গেলাম কানসাস সিটির ফিফা ফ্যান ফেস্টিভালে। সেখানে ছিল অসাধারণ উৎসবের আমেজ। চারদিকে হাজার হাজার ফুটবলপ্রেমী, নানা ধরনের ফ্যান অ্যাক্টিভিটি। সেখানে অল আমেরিকান ব্যান্ডের লাইভ কনসার্ট উপভোগ করলাম। বিশাল জায়ান্ট স্ক্রিনে ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচের প্রথমার্ধও দেখলাম।

এরপর মনে হলো, বহু প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ দেখার সময় হয়ে গেছে। তাই রওনা দিলাম স্টেডিয়ামের দিকে। যাত্রাপথে দেখা হলো আর্জেন্টিনা থেকে আগত কিছু আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে। ওরা আমার সাথে থাকা বাংলাদেশের পতাকা দেখে সহজেই চিনে ফেলল যে আমি বাংলাদেশি। আর্জেন্টাইনরা বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকা চিনে খুব ভালো। আমাকে বলল আমরা বাংলাদেশিরা নাকি অলমোস্ট আর্জেন্টাইন। আমাকে ধন্যবাদ দিল আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য এবং অনুরোধ করল আর্জেন্টিনা ভ্রমণের জন্য। তারপর ফিফা ফ্যান ফেস্টিভাল থেকে গেলাম সরাসরি স্টেডিয়ামে। স্টেডিয়ামের  ভিতরেই উইচিটা থেকে আসা বাংলাদেশের কয়েকজন পাগল আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে দেখা হয়ে গেল। পরিচয় হলো প্রশান্ত, শৈবাল, সুদীপ, অনীক, সারজিল, রেজা, নেহাল, সুমিতসহ আরো অনেকের সঙ্গে। মনে হচ্ছিল যেন কানসাস সিটিতেই ছোট্ট একটা বাংলাদেশ, আর আমরা সবাই একদল ভাই।

স্টেডিয়ামে আমার সিটের চারপাশে ছিল আর্জেন্টিনা থেকে আসা এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য আর্জেন্টিনা সমর্থক। পুরো স্টেডিয়ামটাই যেন নীল-সাদা সমুদ্র। তারা আমাকে একদম নিজেদের একজনের মতো আপন করে নিয়েছিল। আমাকে জড়িয়ে ধরেছিল, একসঙ্গে ছবি তুলেছিল। বাংলাদেশের মানুষ যে এত ভালোবাসা দিয়ে আর্জেন্টিনাকে সমর্থন করে, তার জন্য তারা বারবার ধন্যবাদ জানিয়েছে। এমনকি তারা বাংলাদেশ ভ্রমণ করার ইচ্ছার কথাও জানিয়েছে।

33

কোয়ার্টার ফাইনালের ম্যাচটা ছিল রোমাঞ্চে ভরা এক অসাধারণ থ্রিলার। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই আর্জেন্টিনা গোল করে বসে। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম যেন বিস্ফোরিত হলো আনন্দে। সবাই নাচছে, গান গাইছে, হাততালি দিচ্ছে। সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরাও সবাই মিলে গোল উদযাপন করলাম। পাশের আর্জেন্টাইন সমর্থকরা আমাকে জড়িয়ে ধরল।

কিছুক্ষণ পর সুইজারল্যান্ডও গোল শোধ করল। মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। এরপর রেফারি প্রথমে আর্জেন্টিনার এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন। ঠিক তখনই বড় স্ক্রিনে দেখানো হলো, ভিএআরে একটি ভুল ধরা পড়েছে। এরপর রেফারি লাল কার্ড বের করলেন। আমরা কেউই বুঝতে পারছিলাম না কী হচ্ছে। চারপাশের সব আর্জেন্টিনা সমর্থক ভীষণ দুশ্চিন্তায় ছিল। পরে জানা গেল, লাল কার্ডটা আসলে সুইজারল্যান্ডের একজন খেলোয়াড়কে দেখানো হয়েছে। তখন যেন সবাই আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-১ গোলে জয় পেল। পুরো স্টেডিয়াম আবার উৎসবে মেতে উঠল। আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ দেখে মনে হচ্ছিল এ আনন্দের কোনো শেষ নেই। আমার নিজের রাজ্যেই, নিজের চোখের সামনে, কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি এবং আমার প্রিয় দল আর্জেন্টিনাকে খেলতে দেখা—এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি। এই স্মৃতি আমি সারাজীবন হৃদয়ে আগলে রাখব।

লেখক : সিনিয়র ইঞ্জিনিয়ার, দ্য বোয়িং কম্পানি, যুক্তরাষ্ট্র