দীর্ঘ চার বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। দলে জায়গা পেয়েই ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে হন সিরিজ সেরা। তাতেই জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ডাক ডাক পান এই অলরাউন্ডার। ওয়ানডের মত টি-টোয়েন্টির প্রত্যাবর্তনও স্মরণীয় করে রাখতে চান মোসাদ্দেক। তিনি জানান, দলের প্রয়োজনে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় মোসাদ্দেক বলেন, ‘নিজের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। দলে ফেরার পর আমি ভালো খেলেছি এবং এখন আমাকে আরও ভালো খেলতে হবে। দলের প্রয়োজনে নিজের সেরাটা খেলতে হবে।’
টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পেলে দলের জন্য অবদান রাখতে চান মোসাদ্দেক উল্লেখ করে তিনি বলেন, ‘বুলাওয়ের কন্ডিশন হারারে থেকে বেশ আলাদা। বাতাস বেশি এবং পরিবেশও ভিন্ন। খেলার সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করার এবং দলের জয়ে অবদান রাখাই আমার প্রধান লক্ষ্য। ব্যক্তিগতভাবে দলের প্রয়োজনে যেকোনো ভূমিকাতেই আমি অবদান রাখতে চাই।’
আগামীকাল থেকে বুলাওয়েতে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এবারের জিম্বাবুয়ে সফর ভালোভাবে শেষ করতে চায় বাংলাদেশ। সফরের শুরুতে এক ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।




