• ই-পেপার

এবার এমবাপ্পেকে সিনেটরের হুমকি, ‘তোমার কোনো ধারণাই নেই আমি কে’

৩৯তম জন্মদিন পালন করা হলো না আফগান পেসার শাপুর জাদরানের

ক্রীড়া ডেস্ক
৩৯তম জন্মদিন পালন করা হলো না আফগান পেসার শাপুর জাদরানের
ছবি : রয়টার্স

বিরল এক রোগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লির এক হাসপাতালে মারা গেলেন আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ এবং সাবেক পেস বোলার শাপুর জাদরান। একদিন পরেই ৩৯ বছরে পর্দাপন করতেন আফগানদের এই তারকা পেসার।  

মঙ্গলবার (৭ জুলাই) স্যোশাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে এ তথ্য জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে আফগান ক্রিকেটে নেমে আসে এক শোকের ছায়া।

বিস্তারিত আসছে...

হলুদ সমুদ্রে নিশীথের সূর্য হালান্ড

নাজমুস সায়াদাত
হলুদ সমুদ্রে নিশীথের সূর্য হালান্ড
ম্যাচ জয়ের হাসিই কি ফ্রেমবন্দি করছেন হালান্ড। ছবি : রয়টার্স

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি। ডি বক্সের ঠিক বাইরে আন্দ্রেস শেলডেরাপের বাড়ানো বল ডান পায়ে রিসিভ করেন এক নরওয়েজিয়ান।

বাঁ পায়ে টোকা দিয়ে এগিয়ে নিয়েই জোরালো শট; ফিনিশিংয়ে বল খুঁজে পায় আপন ঠিকানা। ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের কফিনে শেষ পেরেক ঠুকে সোনালি চুলের বাঁধন খুলে দুই হাত ছড়িয়ে দেন আর্লিং হালান্ড। নেই পাগলাটে উদযাপন, যেন শুধু নিজের কাজটুকু শেষ করে জানিয়ে দেওয়া—আজকের দিনটা শুধুই আমার। গ্যালারির হলুদ সমুদ্রের পাথর নীরবতা ভেদ করে ‘ভাইকিং’ হালান্ড যেন তখন বিজয়ের নরওয়েজিয়ান পতাকাই গেঁথে ফেলেন মেটলাইফ স্টেডিয়ামে।

হালান্ড প্রতিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে লড়াই করেন, দৌড়ান আবার হারিয়েও যান। অনেক সময় মনে হয়, তিনি নেই। কিন্তু হালান্ড কখনো ম্যাচ থেকে হারিয়ে যান না, শুধু সুযোগের অপেক্ষায় থাকেন। ব্রাজিলের বিপক্ষেও প্রথমার্ধে মাত্র ১০ বার বলের ছোঁয়া পেয়েছেন তিনি; শুরুর একাদশে থাকা দুই দলের খেলোয়াড়দের মধ্যে যা সবচেয়ে কম।

ফলে প্রথম ৪৫ মিনিটে সাফল্যেরও মুখ দেখেনি নরওয়ে। ব্রাজিলের খেলোয়াড়রা হয়তো ভেবেছিলেন, হালান্ড বল না পেলেই কোনো বিপদ আর ডানা মেলবে না। অথচ বল নয়, হালান্ডের সবচেয়ে বড় অস্ত্র তো অপেক্ষা। যখনই সুযোগ পেয়েছেন, তখনই আঘাত হেনেছেন। হালান্ডের জোড়া আঘাতেই ভেঙে চুরমার ফুটবলের লাতিন দুর্গ।

সেটি ভাঙল কখন? ম্যাচের অন্তিমে। এমনিতেই নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। হালান্ড যেন সেই দেশের সার্থক প্রতিনিধি হয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলের ঝলকে স্তব্ধ করে দেন গোটা বিশ্বকে।

এমন একটি কথা প্রচলিত আছে যে স্ট্রাইকাররা ৮০ মিনিট নিজেকে হারিয়ে খুঁজলেও শেষ ১০ মিনিটের জাদুতে পুরো ম্যাচের চিত্র বদলে দিতে জানেন। ব্রাজিল ম্যাচের হালান্ড এর জীবন্ত প্রতিচ্ছবি। মাঠের ঘড়িতে তখন ৭৮ মিনিট। গ্যালারিতে তখনো ঢাক বাজাচ্ছে ব্রাজিল সমর্থকরা। হলুদ জার্সির ঢেউয়ে মনে হচ্ছে, ম্যাচটা যেন ধীরে ধীরে তাদের দিকেই হেলে পড়ছে। নরওয়ে শুধু লড়াই করে যাচ্ছে, বলের দখলে ঢের এগিয়ে থাকলেও আক্রমণ হাতে গোনা। অথচ হালান্ড তখনো নিশ্চুপ। অবশেষে সুযোগ আসে, মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে কেড়ে নেন সব আলো, যার প্রথমটি ছিল সময়জ্ঞান, শক্তি আর হেডিং দক্ষতার এক অসাধারণ প্রদর্শনী। আর দ্বিতীয়টি ছিল নিখাদ নিষ্ঠুরতা, ডি বক্সের বাইরে থেকে তাঁর বজ্রগতির শট ভেঙে দিয়েছে সাম্বা সাম্রাজ্যের মূল ফটক। তাতেই অস্তমিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন।

ব্রাজিলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিশীথ সূর্যের দেশের প্রতিনিধিরা। তাই তো ম্যাচ শেষে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন এটিকে দেশের ফুটবল ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ দিন’ বলে আখ্যা দিয়েছেন। আর হালান্ড বলেছেন, ‘এটি নরওয়ের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য দিনগুলোর একটি।’ ব্রাজিলকে হারানো শুধু একটি স্কোরলাইন নয়, এটি একটি নতুন ফুটবল শক্তির জন্মের রাতও, যে রাতে অসলোর রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ, রাজপ্রাসাদের চত্বরে লেগেছিল উৎসবের রং। যে রং ছুঁয়ে গেছে স্বয়ং ক্রাউন প্রিন্সকেও। তাই তো গলায় লাল স্কার্ফ জড়িয়ে মধ্যরাতে হাত নেড়েছেন রাজপ্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে, যেন দুটি গোল, স্বপ্নের জয় এবং একটি জাতির উল্লাস মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক ফুটবল উপাখ্যান। আর সেই উপাখ্যানের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা রয়েছে একটি নাম—আর্লিং হালান্ড।

সামনে আরো বড় চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে নরওয়ের অপেক্ষায় শক্তিশালী ইংল্যান্ড। তবে ব্রাজিলকে হারানোর পর প্রিয় শিষ্যের কাঁধে চড়ে নিশ্চয়ই ইংলিশ বাধাও পেরোতে চাইবেন স্টালে সোলবাকেন।

সালাহদের বিপক্ষে মেসিদের একাদশ কেমন হতে পারে

ক্রীড়া ডেস্ক
সালাহদের বিপক্ষে মেসিদের একাদশ কেমন হতে পারে
মিশরের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে মেসিরা। ছবি : রয়টার্স

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। তাতে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন জিইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে পা হড়কালেই স্বপ্ন গুঁড়িয়ে যেতে পারে।

নকআউটের ম্যাচ হওয়ায় আশা বাঁচিয়ে রাখার একটাই সুযোগ। আজ তেমনি এক বাঁচা-মরার ম্যাচে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ মিসর। ফিফা র‌্যাংকিংয়ের ২৯ নম্বর দলটিও বেশ ছন্দে আছে।

দীর্ঘ ১৮ বছর পর আজ আটলান্টায় দুইদল মুখোমুখি হবে। সর্বশেষ ও নিজেদের দেখা হওয়া একমাত্র ম্যাচটি ২০০৮ সালে খেলেছে তারা। প্রীতি ম্যাচটিতে ২-০ ব্যবধানে জিতেছিল বর্তমানে র‌্যাংকিংয়ের চূড়ায় থাকা আর্জেন্টিনা।

 

তাই স্বাভাবিকভাবে বিশ্বকাপে প্রথমবার দেখা হচ্ছে আর্জেন্টিনা-মিসরের। বিপরীতে দুই দলের দুই তারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহও প্রথমবার মুখোমুখি হচ্ছেন। ক্লাব পর্যায়ে একে-অপরের দেখা অনেকবার হলেও জাতীয় দলের হয়ে কখনো হয়নি। 

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আজ আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন আসতে পারে। কেপ ভার্দের বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ আজ বেঞ্চ গরম করতে পারেন। তাদের পরিবর্তে নিকোলাস তাগলিয়াফিকো, নিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে একাদশে নামাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার দুই ক্রীড়া সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে এমনটিই জানিয়েছে।

ইতিমধ্যে নাকি মিশরের বিপক্ষে একাদশ ঠিকও করেছেন স্কালোনি। তবে কারা নামছেন তা জানাননি তিনি। সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে আপনারা যা আলোচনা করছেন, মোটামুটি সঠিক পথেই আছেন।’

আর্জেন্টিনার সম্ভাবন্য একাদশ—

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

লড়াইটা মেসি-সালাহরও

ক্রীড়া প্রতিবেদক
লড়াইটা মেসি-সালাহরও
দলের বাইরে লড়াইটা মেসি-সালাহরও। ছবি : রয়টার্স

লিওনেল মেসি ও মোহামেদ সালাহ। একজন বিশ্ব ফুটবলের মহাতারকা, আরেকজন মিসরের ‘কিং’ হিসেবে পরিচিত। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজনও তিনি। আজ আটলান্টায় আর্জেন্টিনা-মিসরের শেষ ষোলোর লড়াই, তাই মেসি বনাম সালাহর দ্বৈরথও।

শেষ ষোলোর বৈতরণী পার হতে দুই দলই তাকিয়ে থাকবে নিজেদের সবচেয়ে বড় তারকার দিকে। দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় চলছে বলে ধরে নেওয়া হচ্ছে।

৩৯ বছর বয়সী মেসি সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলছেন। অন্যদিকে ৩৪ বছর বয়সী সালাহরও এটি শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েও আলোচনা চলছে। ফলে দুজনের জন্যই এই লড়াইয়ের আবেগ অন্যরকম।

তবে দুজন দাঁড়িয়ে আছেন দুই ভিন্ন বাস্তবতায়। মেসির আর্জেন্টিনার লক্ষ্য বিশ্বকাপের শিরোপা ধরে রাখা। আর সালাহর মিসরের স্বপ্ন ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য অর্জন। এই মুহূর্তে দলকে সেই পথে আরো এক ধাপ এগিয়ে নিতে পারাটাই হবে তার সবচেয়ে বড় অর্জন। জাতীয় দলের জার্সিতে অর্জনের বিচারে অবশ্য মেসি যোজন-যোজন এগিয়ে।

বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমাসহ সব বড় ট্রফিই আছে তার ঝুলিতে। অন্যদিকে সালাহর ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা নেই। দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেও রানার্সআপ হতে হয়েছে তার দলকে। তবে দেশের ফুটবলের সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনিই। মিসরের প্রতিটি আক্রমণের কেন্দ্রবিন্দু সালাহ। তাকে ঘিরেই প্রতিপক্ষের রক্ষণভাগের পরিকল্পনা।

দুই তারকার খেলার ধরনও ভিন্ন। মেসি খেলেন যেন সময়কে থামিয়ে দিয়ে। নিখুঁত পাস, হঠাৎ গতি বদল আর এক মুহূর্তের জাদুতে ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। অন্যদিকে সালাহর শক্তি গতি, ধারালো কাট-ইন আর গোলের ক্ষুধা। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ডে পরিণত করেছে। এই ম্যাচে কাগজে-কলমে এগিয়ে অবশ্যই আর্জেন্টিনা। অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচে খেলার অভ্যাস—সব দিক থেকেই বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে। কিন্তু নক আউটে এক মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। সেই মুহূর্তের অপেক্ষায় থাকবেন সালাহ। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে মেসি ও সালাহর এমন দ্বৈরথ হয়তো আর কখনো দেখা যাবে না। তাই শেষ ষোলোর এই ম্যাচটি শুধু দুই দলের টিকে থাকার লড়াই নয়, সমসাময়িক ফুটবলের দুই তারকার আরেকটি স্মরণীয় অধ্যায়ের অপেক্ষাও।