বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয়ে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে দলের মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি থেকেও ফিট হয়ে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা। এতে ফুরফুরে মেজাজে রয়েছেন মেসিবাহিনী।
ডালাসে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে অনেক উৎফুল্ল দেখা গেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা ভিডিও এমনটি দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বারবিকিউ করার সময় নাচতে দেখা গেছে এমি মার্তিনেসকে। বাকিদের সঙ্গে মজাও করছেন তিনি।
জুলিয়ানো সিমিওনে ও এক্সেকুয়েল পালাসিওসকে বারবিকিউ খেতে দেখা গেছে। লাউতারো মার্তিনেস মোবাইলে কী যেন দেখাচ্ছিলেন সতীর্থদের।
কীভাবে একটা বারবিকিউ পার্টি আয়োজন করা হয়, সেটা দেখা গেছে ভিডিওতে। বড় টুর্নামেন্টে অংশ নিলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী এই বারবিকিউ পার্টি আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। রেকর্ডের বরপুত্র নামে পরিচিত মেসিকে হাতছানি দিচ্ছে অসংখ্য রেকর্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসেই খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে জর্ডান-অস্ট্রিয়া ম্যাচ।








