ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। শুভমান গিলের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে এক দিনের সিরিজে খেলবে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে চোট কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে দলে ফিরেছেন দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহও।
আগামী ১৪ জুলাই এজবাস্টনে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। বিসিসিআইয়ের নির্বাচন কমিটির ঘোষিত এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে উইকেটকিপার হিসেবে থাকছেন কেএল রাহুল ও ইশান কিষাণ। তবে ফিটনেসজনিত সমস্যার কারণে এই ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
বিসিসিআইয়ের এই দল ঘোষণার মধ্য দিয়ে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো আরো স্পষ্ট হয়ে উঠল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তরুণ গিলের ওপর ভরসা রেখেছে নির্বাচক কমিটি।
ঠিক তেমনই অভিজ্ঞদের ফিরিয়ে ভারসাম্য বজায় রাখা হয়েছে। সেই সাথে দলে জায়গা পেয়েছেন তরুণ উদীয়মান তারকারাও। দলে আছেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা ও গুরনুর ব্রার। ফলে পূর্ণ শক্তির দল ওডিআই দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের ওডিআই স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদী সিং, গুরনুর ব্রার।
এর পাশাপাশি বিসিসিআই জানিয়েছে, আইপিএল ২০২৬ চলাকালীন বাঁ পায়ে চোট পাওয়া স্পিনার বরুণ চক্রবর্তী আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। তিনি বর্তমানে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে সুস্থতার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।




