• ই-পেপার

কেন অধিনায়কত্ব ছেড়েছিলেন, মুখ খুললেন কোহলি

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন নাজমুল

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন নাজমুল
নাজমুল হোসেন শান্ত। ছবি : মীর ফরিদ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দলের বদলে যাওয়া মানসিকতা ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে, উন্নতি করতে হলে পরিবর্তন আনা জরুরি ছিল, আর সেই পরিবর্তনের ফলই এখন পাচ্ছে দল।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘সব কৃতিত্ব খেলোয়াড়দের। তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। আমরা কিছু জিনিস বদলানোর চেষ্টা করেছি। বিশ্ব ক্রিকেটে যদি কিছু গড়তে চান, তাহলে পরিবর্তন আনতেই হবে। আশা করি আমরা এভাবেই খেলতে থাকব।’

বাংলাদেশের প্রস্তুতি ও উইকেট নিয়েও সন্তুষ্ট অধিনায়ক। তিনি বলেন, ‘প্রস্তুতির দিক থেকে আমরা অসাধারণ ছিলাম। এই ধরনের কন্ডিশনে সেটা অনেক সাহায্য করেছে। আমাদের পেসাররা গরম আবহাওয়া ও ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছে। এটা এমন একটি জায়গা, যেখানে আমরা উন্নতি করতে চেয়েছিলাম।’

ব্যাটিং নিয়েও আশাবাদী শান্ত। তার মতে, এখন দলের ব্যাটারদের মধ্যে বড় জুটি গড়ে উঠছে এবং নিচের সারির ব্যাটাররাও অবদান রাখছেন। তিনি বলেন, ‘আগে আমরা অনেক দ্রুত উইকেট হারাতাম। কিন্তু এখন দারুণ কিছু পার্টনারশিপ হচ্ছে। টেইলএন্ডাররাও রান করছে। এগুলোই আমরা উন্নত করতে চেয়েছিলাম।’

বিদেশের মাটিতে ভালো করার লক্ষ্যও সামনে রেখেছেন শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে বিদেশের সিরিজগুলো আরো গুরুত্বপূর্ণ। গত চক্রে আমরা বাইরে কিছু ভালো ক্রিকেট খেলেছি। তবে এবার আরো কঠিন সফর আছে। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। যদি আমরা পেসার ও স্পিনারদের নিয়ে এভাবেই ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে বিদেশেও ভালো করার সুযোগ থাকবে।’

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্পেন তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্পেন তারকা

বিশ্বকাপকে সামনে রেখে বড় ধাক্কা খেল স্পেন। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফেরমিন লোপেজ। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্পেন। 

রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোট পান এই মিডফিল্ডার। পরে পরীক্ষায় দেখা যায়, তার ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ে ফ্র্যাকচার হয়েছে।

বার্সেলোনা জানিয়েছে, খুব দ্রুত অস্ত্রোপচার করা হবে লোপেজের। তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত কয়েক মাস সময় লাগে। ফলে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

২৩ বছর বয়সী লোপেজ গত দুই মৌসুমে বার্সেলোনার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন তিনি।

জাতীয় দলেও নিয়মিত সুযোগ পেতে শুরু করেছিলেন এই তরুণ তারকা। স্পেনের হয়ে ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। তাই বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার সম্ভাবনাও ছিল বেশ জোরালো।

আগামী ২৫ মে লুইস দে লা ফুয়েন্তে স্পেনের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন। তবে তার আগেই লোপেজের ছিটকে যাওয়া স্পেনের জন্য বড় ক্ষতি। 

ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশ এখন নতুন উচ্চতায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল আট নম্বরে। মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে আসে ছয়ে। আর সিলেটে দ্বিতীয় টেস্টেও জয়ের পর আরো এক ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে বাংলাদেশ।

২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার ও একটি ড্র করেছে তারা। এতে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৫৮.৩৩।

অন্যদিকে ভারত ৯ টেস্টে চার জয়, চার হার ও একটি ড্র নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট শতাংশ এখন ৪৮.১৫।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশের অবস্থান।

আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট। এই ম্যাচের রেজাল্ট পর্যন্ত আপাতত ভারতের উপরেই থাকছে বাংলাদেশ। 

সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যাটিং, বোলিং ও দলীয় আত্মবিশ্বাস, সব দিক থেকেই উন্নতির ছাপ দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ। পরবর্তী সিরিজগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরো শক্ত অবস্থানে যেতে পারে বাংলাদেশ।

সিলেটে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক
সিলেটে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
ছবি : মীর ফরিদ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা।

এই সিরিজ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করল বাংলাদেশ।

এছাড়া এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট ছয়ে রয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও বিশ্বমঞ্চে আরো বড় সাফল্য অর্জন করবে বাংলাদেশ দল।

এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারেক রহমান।