• ই-পেপার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্পেন তারকা

ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশ এখন নতুন উচ্চতায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল আট নম্বরে। মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে আসে ছয়ে। আর সিলেটে দ্বিতীয় টেস্টেও জয়ের পর আরো এক ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে বাংলাদেশ।

২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার ও একটি ড্র করেছে তারা। এতে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৫৮.৩৩।

অন্যদিকে ভারত ৯ টেস্টে চার জয়, চার হার ও একটি ড্র নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট শতাংশ এখন ৪৮.১৫।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশের অবস্থান।

আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট। এই ম্যাচের রেজাল্ট পর্যন্ত আপাতত ভারতের উপরেই থাকছে বাংলাদেশ। 

সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যাটিং, বোলিং ও দলীয় আত্মবিশ্বাস, সব দিক থেকেই উন্নতির ছাপ দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ। পরবর্তী সিরিজগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরো শক্ত অবস্থানে যেতে পারে বাংলাদেশ।

সিলেটে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক
সিলেটে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
ছবি : মীর ফরিদ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা।

এই সিরিজ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করল বাংলাদেশ।

এছাড়া এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট ছয়ে রয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও বিশ্বমঞ্চে আরো বড় সাফল্য অর্জন করবে বাংলাদেশ দল।

এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারেক রহমান।

৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে দল ঘোষণা করল ব্রাজিলের প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক
৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে দল ঘোষণা করল ব্রাজিলের প্রতিপক্ষ

দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ স্টিভ ক্লার্ক। 

স্কটল্যান্ডের কোচ হিসেবে এটি ক্লার্কের তৃতীয় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করা ফুটবলারদেরই এবার দলে রাখা হয়েছে।

দলে অভিজ্ঞতার ছাপ রেখেছেন ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেগ গর্ডন। ক্লাব ফুটবলে নিয়মিত না খেললেও জায়গা পেয়েছেন তিনি। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলারের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ২০১৮ সালে সর্বোচ্চ ৪৫ বছর বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে মিশরের গোলরক্ষক ইসাম আল হাদারির। 

রক্ষণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। এ ছাড়া দলে রয়েছেন কিয়েরান টিয়ার্নি, অ্যান্থনি রালস্টন ও ডম হায়াম।

মিডফিল্ডে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন নাপোলিতে খেলা স্কট ম্যাকটমিনে। তার সঙ্গে আছেন জন ম্যাকগিন ও কেনি ম্যাকলিন।

আগামী ১৪ জুন বোস্টনে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো।

স্কটল্যান্ডের বিশ্বকাপদল

গোলকিপার: ক্রেগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি।

ডিফেন্ডার: গ্র্যান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, অ্যারন হিকি, ডম হায়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সাউটার, কিয়েরান টিয়ার্নি।

মিডফিল্ডার: রায়ান ক্রিস্টি, ফিন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গ্যানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে।

ফরোয়ার্ড: চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, রস স্টুয়ার্ট। 

শিরোপা জিতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কাঁদলেন ব্রাজিল তারকা

ক্রীড়া ডেস্ক
শিরোপা জিতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কাঁদলেন ব্রাজিল তারকা

২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্সেনাল জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা। আর সেই ঐতিহাসিক মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের সঙ্গে ড্র করতেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের শিরোপা। এরপর সতীর্থদের সঙ্গে উদযাপনের মাঝেই ভিডিও কলে স্ত্রীকে ফোন করেন গ্যাব্রিয়েল। কথা বলতে বলতেই চোখে জল চলে আসে ব্রাজিলিয়ান এই তারকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আবেগাপ্লুত গ্যাব্রিয়েল স্ত্রীকে এই বিশেষ মুহূর্ত দেখাচ্ছেন। দীর্ঘ অপেক্ষার পর শিরোপা জয়ের আনন্দ যেন ধরে রাখতে পারছিলেন না তিনি।

পুরো মৌসুমে আর্সেনালের রক্ষণভাগে অন্যতম ভরসার নাম ছিলেন গ্যাব্রিয়েল। তার দৃঢ় পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে আর্সেনালের শিরোপা জয়ে।

২০০৩-০৪ মৌসুমের পর এই প্রথম আবারও ইংল্যান্ডের সেরা হলো আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার অধীনে কয়েক মৌসুমের হতাশা কাটিয়ে অবশেষে স্বপ্ন পূরণ করল লন্ডনের ক্লাবটি।

আর সেই ঐতিহাসিক রাতে গ্যাব্রিয়েলের চোখের জল যেন বলে দিল, এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি আবেগ, অপেক্ষা আর স্বপ্নপূরণের গল্প।