• ই-পেপার

শিরোপা জিতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কাঁদলেন ব্রাজিল তারকা

ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ
ছবি : মীর ফরিদ

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশ এখন নতুন উচ্চতায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল আট নম্বরে। মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর তারা উঠে আসে ছয়ে। আর সিলেটে দ্বিতীয় টেস্টেও জয়ের পর আরো এক ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে বাংলাদেশ।

২০২৫-২৭ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি জয়, একটি হার ও একটি ড্র করেছে তারা। এতে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৫৮.৩৩।

অন্যদিকে ভারত ৯ টেস্টে চার জয়, চার হার ও একটি ড্র নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট শতাংশ এখন ৪৮.১৫।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এরপরই বাংলাদেশের অবস্থান।

আগামী ৬ জুন থেকে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট। এই ম্যাচের রেজাল্ট পর্যন্ত আপাতত ভারতের উপরেই থাকছে বাংলাদেশ। 

সাম্প্রতিক পারফরম্যান্সে ব্যাটিং, বোলিং ও দলীয় আত্মবিশ্বাস, সব দিক থেকেই উন্নতির ছাপ দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।

এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ। পরবর্তী সিরিজগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আরো শক্ত অবস্থানে যেতে পারে বাংলাদেশ।

সিলেটে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক
সিলেটে ইতিহাস গড়া টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
ছবি : মীর ফরিদ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা।

এই সিরিজ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশও করল বাংলাদেশ।

এছাড়া এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট ছয়ে রয়েছে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও বিশ্বমঞ্চে আরো বড় সাফল্য অর্জন করবে বাংলাদেশ দল।

এ সময় খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারেক রহমান।

৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে দল ঘোষণা করল ব্রাজিলের প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক
৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে দল ঘোষণা করল ব্রাজিলের প্রতিপক্ষ

দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ স্টিভ ক্লার্ক। 

স্কটল্যান্ডের কোচ হিসেবে এটি ক্লার্কের তৃতীয় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করা ফুটবলারদেরই এবার দলে রাখা হয়েছে।

দলে অভিজ্ঞতার ছাপ রেখেছেন ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেগ গর্ডন। ক্লাব ফুটবলে নিয়মিত না খেললেও জায়গা পেয়েছেন তিনি। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলারের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ২০১৮ সালে সর্বোচ্চ ৪৫ বছর বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে মিশরের গোলরক্ষক ইসাম আল হাদারির। 

রক্ষণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। এ ছাড়া দলে রয়েছেন কিয়েরান টিয়ার্নি, অ্যান্থনি রালস্টন ও ডম হায়াম।

মিডফিল্ডে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন নাপোলিতে খেলা স্কট ম্যাকটমিনে। তার সঙ্গে আছেন জন ম্যাকগিন ও কেনি ম্যাকলিন।

আগামী ১৪ জুন বোস্টনে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো।

স্কটল্যান্ডের বিশ্বকাপদল

গোলকিপার: ক্রেগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি।

ডিফেন্ডার: গ্র্যান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, অ্যারন হিকি, ডম হায়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সাউটার, কিয়েরান টিয়ার্নি।

মিডফিল্ডার: রায়ান ক্রিস্টি, ফিন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গ্যানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে।

ফরোয়ার্ড: চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, রস স্টুয়ার্ট। 

উইম্বলডন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

ক্রীড়া ডেস্ক
উইম্বলডন থেকেও ছিটকে গেলেন আলকারাজ
ফাইল ছবি : রয়টার্স

দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের উইম্বলডন খেলা হচ্ছে না। কবজির চোটের কারণে এবারের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা। 

গত মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডেই ডান কবজিতে চোট পান বিশ্ব র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা এই টেনিস তারকা। এরপর পুনরুদ্ধারের জন্য ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ান তিনি। রোলাঁ গারোঁতে তিনি ছিলেন টানা দুইবারের শিরোপাধারী।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আলকারাজ বলেন, ‘আমার সেরে ওঠা ভালোভাবে এগোচ্ছে এবং আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো প্রতিযোগিতায় ফেরার মতো প্রস্তুত নই। এ কারণেই কুইন্স এবং উইম্বলডনের ঘাসের কোর্ট থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই দুটি টুর্নামেন্ট আমার জন্য ভীষণ বিশেষ। খেলতে না পারাটা খুব কষ্ট দিচ্ছে। যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য আমরা কাজ চালিয়ে যাব।’

গত বছর উইম্বলডনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিলেন আলকারাজ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির ইয়ানিক সিনারের কাছে হেরে যান তিনি।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিলেন আলকারাজ। এরপর ২০২৬ মৌসুমে আরো বড় সাফল্যের আশা ছিল তার। কিন্তু চোটের কারণে এখন পুরো ঘাসের কোর্ট মৌসুমের পাশাপাশি ক্লে কোর্টের বড় অংশও মিস করতে হচ্ছে তাকে।

উইম্বলডনের আগে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল আলকারাজের। সেখানে তিনি দুইবারের চ্যাম্পিয়নও। কিন্তু শেষ পর্যন্ত আর কোর্টে নামা হচ্ছে না তার।

এই অনুপস্থিতিতে র‌্যাংকিংয়ে আরো পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে আলকারাজের সামনে। গত মাসে তাকে সরিয়ে বিশ্বের এক নম্বর হয়েছেন ইতালির ইয়ানিক সিনার। টানা ছয়টি মাস্টার্স ১০০০ শিরোপা জেতা সিনার গত কয়েক সপ্তাহ ধরেই দুর্দান্ত ছন্দে আছেন।

পুরুষদের সর্বশেষ নয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ভাগাভাগি করেছেন আলকারাজ ও সিনার। এর মধ্যে পাঁচটি জিতেছেন স্প্যানিশ তারকা। তবে উইম্বলডনে আলকারাজ না থাকায় এবার শিরোপার দৌড়ে বড় সুবিধা পাচ্ছেন সিনার। যদিও ইতালিয়ান তারকাও জানিয়েছেন, ক্লান্তিকর কয়েক মাস কাটানোর পর উইম্বলডনের আগে আর কোনো ঘাসের কোর্ট টুর্নামেন্ট খেলবেন না তিনি।

টেনিসে কবজির চোটকে সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হিসেবে ধরা হয়। সঠিকভাবে পরিচর্যা না করলে ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলতে পারে। এ কারণেই ভবিষ্যতের কথা ভেবে ঝুঁকি নিতে চাননি আলকারাজ।

এপ্রিল মাসে লরিয়াস অ্যাওয়ার্ডসে তিনি বলেছিলেন, ‘আমার সামনে এখনো অনেক দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। রোলাঁ গারোঁ খেলতে জোর করলে ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারত।’

এর আগে কবজির চোটেই ক্যারিয়ার থেমে যায় সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমের। একই সমস্যায় দীর্ঘ সময় ভুগেছেন ২০০৯ ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পোর্তোও।