• ই-পেপার

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি রোনালদো

ক্রীড়া ডেস্ক
মেসিকে ‘সর্বকালের সেরা’ বলেননি রোনালদো

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর নামে ছড়িয়ে পড়া একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে এবার সেই মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই।

সম্প্রতি ব্রাজিলের আরেক কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানান, তিনি কখনোই মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিস্ময়ও প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ 

এরপর হাস্যরসের সুরে পুরো ঘটনার ব্যাখ্যা দেন তিনি। রোনালদোর ভাষায়, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।’

তিনি আরও বলেন, *‘আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’

রোনালদোর নামে যে বক্তব্যটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, সেটি ছিল, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলেও অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, সাবেক ব্রাজিলিয়ান তারকা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি এবং প্রচারিত মন্তব্যগুলো তার নয়।

তবে মেসির প্রশংসা যে তিনি কখনোই করেননি, এমন নয়। একবার বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়কের সাফল্য প্রসঙ্গে রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’

পর্তুগালের গ্রুপ থেকে সবার আগে নকআউটে কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক
পর্তুগালের গ্রুপ থেকে সবার আগে নকআউটে কলম্বিয়া
ছবি : রয়টার্স

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে একমাত্র গোলটি করেন দানিয়েল মুনিওজ। এই জয়ে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করল লাতিন আমেরিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে ডিআর কঙ্গোকে চেপে ধরে কলম্বিয়া। তবে প্রথমার্ধে কলম্বিয়ান ফরোয়ার্ডদের সামনে বাধা হয়ে দাঁড়ান কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি। তার দুর্দান্ত সব সেভে প্রথমার্ধে জালের দেখা পায়নি কলম্বিয়া। পুরো ম্যাচে এমপাসি মোট ৮টি সেভ করেন, যার মধ্যে ৬টিই ছিল প্রথমার্ধে।

অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। দানিয়েল মুনিওজের একটি নিচু শট কঙ্গোর গোলকিপার এমপাসিকে পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। নড়ার সুযোগটুকুও পাননি কঙ্গো গোলরক্ষক। আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩–১ ব্যবধানের জয়েও একটি গোল করেছিলেন এই মুনিওজ।

এরপর কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ মাত্র দুই মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠালেও গোল পাননি। প্রথমবার বল জড়ানোর আগে কঙ্গোর ডিফেন্ডারকে ফাউল করায় এবং পরের বার অফসাইডের কারণে দুটি গোলই বাতিল করেন রেফারি।

এই গ্রুপে ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল। আর টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে মাঠ ছাড়ল কলম্বিয়া। 
 

আর্জেন্টাইন তারকা ইস্যুতে বিপদে পড়তে পারে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টাইন তারকা ইস্যুতে বিপদে পড়তে পারে বার্সেলোনা
হুলিয়ান আলবারেজ। ছবি : রয়টার্স

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ঘিরে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়তে পারে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদের দাবি, তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সঙ্গে অনুমতি ছাড়া যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি। এ অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে অ্যাতলেতিকো।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অ্যাতলেতিকো জানায়, ক্লাবের স্বার্থ রক্ষায় তারা বিষয়টি ফিফার কাছে উত্থাপন করবে। তাদের অভিযোগ, সংরক্ষিত চুক্তি মেয়াদের মধ্যে থাকা আলভারেজের সঙ্গে বার্সেলোনা আলোচনা চালিয়েছে, যা ফুটবলের নিয়মবিধির পরিপন্থী।

সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বার্সেলোনা আক্রমণভাগ শক্তিশালী করতে আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। তবে অ্যাতলেতিকোর দাবি, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।

২৬ বছর বয়সী আলভারেজ বর্তমানে অ্যাতলেতিকোর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, তার বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০৩০ সাল পর্যন্ত।

ফিফায় অভিযোগ গড়ালে বার্সেলোনার জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। পাশাপাশি আলভারেজকে ঘিরে সম্ভাব্য দলবদলও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এখন ফুটবল অঙ্গনের নজর ফিফার পরবর্তী পদক্ষেপের দিকে।

ভোরে মাঠে নামছে ব্রাজিল, টিভি-মোবাইলে কিভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক
ভোরে মাঠে নামছে ব্রাজিল, টিভি-মোবাইলে কিভাবে দেখবেন
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-স্কটল্যান্ডের খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা | কালের কণ্ঠ